জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি মঈনুস সুলতানপ্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী প্রথমা প্রকাশন দাম: ৩৩০ টাকাআফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ জিম্বাবুয়ে যখন প্রচণ্ড মুদ্রাস্ফীতি ও স্বৈরশাসনের জাঁতাকলে বিধ্বস্ত, ‘চূড়ান্ত অসুখী’ তকমা এঁটে তাকে পার করতে হচ্ছে এক ভয়ংকর ক্রান্তিকাল, ঠিক সে রকম সময়ে একজন ভিনদেশি পর্যটকের চোখে দেখা ছোট ছোট খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি বইটি। আফ্রিকার অন্যান্য দেশের মতো এখানেও আমরা লক্ষ করি নানা তন্ত্রমন্ত্র আর তুকতাকের লোকসংস্কৃতি। ১৮০০ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ব্রিটিশ উপনিবেশের অধীনে দক্ষিণ রোডেশিয়া নামে পরিচিত ছিল দেশটি। ১৯৬৫ সালে সেখানকার শ্বেতাঙ্গরা রোডেশিয়াকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেও যুক্তরাজ্য এটিকে স্বীকৃতি দেয়নি। এরপর ১৯৮০ সালে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জনগণ দেশটি স্বাধীন করে এবং রবার্ট মুগাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত, লেখক মঈনুস সুলতান যে সময়টাতে বিভিন্ন উপলক্ষে জিম্বাবুয়েতে গিয়েছেন এবং বেশ কিছুদিনের (ছয় সপ্তাহ থেকে দুই মাস) জন্য সেখানে অবস্থান করছেন, তখনো ক্ষমতায় সেই মুগাবে। দীর্ঘ স্বৈরশাসনের কারণে জনজীবন তখন নারকীয় হয়ে উঠেছে। এইডসে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, মুদ্রাস্ফীতির কারণে কয়েক মিলিয়ন জিম ডলারেও পাওয়া যাচ্ছে না একবেলা খাওয়ার মতো খাদ্য।প্রচলিত ভ্রমণকাহিনির মতো না লিখে লেখক ভিন্ন ভিন্ন শিরোনামে ভাগ করে এর বিভিন্ন সময়ের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বইটিতে। ফলে, পাঠক এখানে যেকোনো অধ্যায় আলাদাভাবেও পাঠ করতে পারেন। বিচিত্র মানুষ ও পরিস্থিতির সরস বর্ণনায় বইটি উপভোগ্য হয়ে উঠেছে। জিম্বাবুয়ের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য দেশের লোকজন, যাদের সঙ্গে লেখককে কাজের প্রয়োজনে দীর্ঘ সময় কাটাতে হয়েছে, তাদের অনেকেই স্থায়ী চরিত্র হয়ে আসন গেড়ে বসবে পাঠকের মনে। জিম্বাবুয়েতে কৃষ্ণাঙ্গ শাসন জোরদার হলে বহু শ্বেতাঙ্গকে তাদের জায়গাসম্পত্তি থেকে উৎখাত করা হয়। সে রকম একজন শ্বেতাঙ্গ চাষির পোড়ো বাংলোয় লেখকের দেখা হয় বিলাতের মেয়ে, খানিকটা খ্যাপা প্রকৃতির ব্লুসমের সঙ্গে, যে তার ছেলের লেখাপড়া, ছবি আঁকা ও ভরণপোষণের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং এক হীরার চোরাকারবারির যৌন লালসা থেকে আত্মরক্ষা করে নিজেরই আঁকা আত্মপ্রতিকৃতি বিক্রি করছে চড়া দামে। সবকিছু ছাপিয়ে ব্লুসমের মাতৃত্ব চিরন্তন হয়ে ওঠে লেখকের বর্ণনায়। জিম্বাবুয়ের রাজধানী হারারে শহরের বুক ক্যাফেটি সমগ্র দক্ষিণ আফ্রিকার শিল্পী-সাহিত্যিকদের জন্য সেন্সরমুক্ত অঞ্চল হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে তখন। সেখানকার এক জনপ্রিয় কবি জুলিয়াস চিনগোনোর একটি বই ছাপাখানায় আটক করা হলে সে এক ব্যতিক্রমী বিপ্লবী ঘটনা ঘটায়। বুক ক্যাফেতে তার সেই হাতে লেখা পাণ্ডুলিপি ছিঁড়ে বিক্রির ঘোষণা দিলে পনেরো মিনিটের মধ্যেই নানা দামে বিক্রি হয়ে যায় বিচ্ছিন্ন সেই সব পৃষ্ঠা। হারারেতে নিযুক্ত নাইজেরিয়ান রাষ্ট্রদূতের কন্যা টোপে আবেলোভিকে পাওয়া যায় প্লাজা হোটেলের পানশালায়। প্রায় সারাক্ষণ ড্রাগসে ডুবে থাকা মেয়েটি স্থানীয় আড্ডাগুলোর অন্যতম মুখরোচক প্রসঙ্গ। মেয়েটি আসলে উচ্ছৃঙ্খলতার আড়ালে তার বেদনাকে ভুলে থাকতে চায়। ১২ বছর বয়স থেকেই সে তার বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়। পরে একসময় টোপে আবেলোভি বুঝতে পারে যে, ওই রাষ্ট্রদূত আসলে তার বাবা নয়।সরকারি নিষেধাজ্ঞা আর স্বৈরশাসনে একটি জাতি কত নির্মমভাবে জর্জরিত হতে পারে, তারই বর্ণনা রয়েছে বইটিতে। নিরপেক্ষ সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া, আন্তর্জাতিক সংবাদকর্মীদের আটক, স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়াসহ নানা অসুবিধার মধ্যে থেকেও সেখানকার প্রগতিশীল মানুষ থেমে থাকেনি। সরকারি বাহিনী ও মুগাবের পার্টির লোকদের চোখ এড়িয়ে অনেকটা গেরিলা কায়দায় সভা-সমাবেশ করেছে তারা। সাধারণের দুর্ভোগের নির্মোহ বয়ানের সঙ্গে তাদের জীবনযাপনের সার্বক্ষণিক লড়াইয়ের প্রবণতা অঙ্গাঙ্গিভাবে জড়িত করে দেখিয়েছেন লেখক। ক্রমাগত অভাবের ফলে কখনো কখনো তারা হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত। লেখকের বর্ণনায় জিম্বাবুয়ে বা তার জনসাধারণকে দূরের বলে মনে হয় না। আর্থসামাজিক কারণেই হয়তো বিভিন্ন দিক থেকে বাংলাদেশের সঙ্গে বেশ মিল দেখা যায় আফ্রিকার এই দেশের। লেখকের ভ্রমণসঙ্গী ক্রিস্টিনা ঘটনাক্রমে সেখানে সরকার-সমর্থক ছিনতাইকারীদের কবলে পড়ে। সরকারবিরোধী পার্টির লেখকদের ফান্ডিং করার কারণেই সম্ভবত তার ওপর এই নির্যাতন নেমে আসে। নির্জন পার্কে তাকে তুলে নিয়ে গিয়ে ছিনিয়ে নেওয়া হয় ল্যাপটপ, সেলফোন আর বেশ কিছু ইউরো।এ বইয়ের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হলো সালানিনি মাজাইরানা। জিম্বাবুয়ের তখনকার সময়কে বোঝার জন্য চরিত্রটি অপরিহার্য। অর্থনৈতিক মন্দার সময়ে এইডস ও ক্যানসারে আক্রান্ত মেয়েটি স্কুলে চাকরির পাশাপাশি শৌখিন কলগার্ল হিসেবে কাজ করে তার পরিবারকে সহায়তা করে। মৃত্যুর দুয়ারে দাঁড়ানো এই চরিত্রের মধ্যে জীবনীশক্তির প্রাচুর্য লক্ষণীয়। ২৩ শতাংশ এইডসে আক্রান্ত জিম্বাবুয়ের লোকদের জীবনযুদ্ধের একটি রূপরেখা আমরা সালানিনির পরিবারের গল্পটির ভেতরেই পেয়ে যাই। বিচিত্র অভিজ্ঞতা আর তখনকার গৃহযুদ্ধের পটভূমিকায় লেখক জিম্বাবুয়ের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেন, তার ভেতর দিয়ে আফ্রিকার ওই অঞ্চলের মানুষের প্রবণতা, তাদের দুঃখ-কষ্ট ও সংগ্রামের রূপরেখা আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে।