কালো শুক্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার অনুপস্থিতি জন্ম দেয় নিরলের এই প্রান্তর,
সেখানে আমার হাত থেকে বেড়েছে গুচ্ছ ঘাস,
ছায়ায় সান্নিধ্যে লোকে লোকে এমন জন্মান্তর,
বিলোল স্রোতের নীড়ে অব্যাকুল চোখের বিলাস।
দেখি নিবিড় সাধনায় ভেজে সময়লীলার শেকড়।
আয়না ও প্রতিফলিতের গভীরে তটজুড়ে বালুরাশি
হরণ করে অযুত কথা,
বাজে তরঙ্গ।
আঁচড়হীন নিকষমূর্তি ঘিরে কেবলই দানা বাঁধতে থাকে শূন্য।
বিচ্ছুরণ থেকে জড়তার বিকাশ যাত্রায়, তামার গহন শিরাময় ছোটে কালো শুক্র—
আমার সম্ভ্রম।
সংহত আমার ওবেলিস্কের ধমনিতে আছে দুহাতে ওড়ানো অঙ্গারের স্মৃতি।