
১৯৫৩ সাল। মুর্তজা বশীর তখন ছাত্র। সে সময় কেমন ছবি আঁকতেন তিনি? জলরঙে আঁকা বশীরের একটি ভূচিত্রে আছে এই প্রশ্নের উত্তর। ‘গ্যালারি কায়া’র যুগপূর্তি উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে শোভা পেয়েছিল মুর্তজা বশীরের এই ছবিটি।
গ্যালারি কাজ করে শিল্পের সামাজিকায়নের নিমিত্তে, আবার শিল্পীর জীবিকার একটি মাধ্যমও গ্যালারি। চারুকলার ক্ষেত্রে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ইতিহাস নেহাত স্বল্পদৈর্ঘ্য নয়; যদি ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করি, তবে একে যথেষ্ট দীর্ঘই বলতে হয়। কিন্তু গ্যালারি এবং চারুশিল্পের বিপণনের ব্যাপারটি এখনো প্রাথমিক স্তরেই রয়ে গেছে। এর মধ্যে কেউ কেউ এগিয়ে এসেছেন বাজার তৈরি ও বিপণনকে সক্রিয় করার কাজে। এঁদের মধ্যে কিছু আছেন নিজেই শিল্পী, আবার কেউ শিল্পপ্রেমী। বস্তুত আমাদের শিল্পের বিপণন ও সামাজিকায়নের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগই পালন করছে প্রধান ভূমিকা। আর এসব বেসরকারি উদ্যোগের মধ্যে ‘গ্যালরি কায়া’ একটি পরিচিত নাম। সম্প্রতি এই গ্যালারির যুগপূর্তি হলো। আর সে উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করে একটি প্রদর্শনীর।
প্রদর্শনীর অধিকাংশ কাজই গ্যালারি কায়ার নিজস্ব সংগ্রহ থেকে প্রদর্শিত, আর কিছু এসেছে ব্যক্তিগত সংগ্রহ থেকে।
যাঁদের ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে তাঁরা হলেন এস এম সুলতান, মুর্তজা বশীর, রশীদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, আমিনুল ইসলাম, আবদুস সাত্তার, মোহাম্মদ কিবরিয়া, দেবদাস চক্রবর্তী, হামিদুজ্জামান খান, হাশেম খান, হাসি চক্রবর্তী, সমরজিৎ রায় চৌধুরী, আবদুস শাকুর শাহ, চন্দ্রশেখর দে, আশরাফুল হাসান, কালিদাশ কর্মকার, কামাল উদ্দিন, কাজি রাব্বি, কে এম এ কাইয়ুম, মাহমুদুল হক, মাসুদা কাজি, মোহাম্মদ ইকবাল, মনিরুল ইসলাম, নগরবাশি বর্মণ, রফিকুন নবী, রণজিৎ দাস, রতন মজুমদার, শম্ভু আচার্য আর শিশির ভট্টাচার্য্য।
এস এম সুলতানের রেখাবিহীন জলরং আমাদের কাছে একটু কম পরিচিত। কারণ জীবনের শেষ ভাগে তাঁর জলরং ছিল রেখাপ্রধান। এখানে ১৯৮০ সালের একটি জলরং আছে, যাতে আমরা রেখার উপস্থিতি পাই না।
বাংলাদেশের চিত্রকলার এক উজ্জ্বল নক্ষত্র রশীদ চৌধুরী। আমাদের দুর্ভাগ্য তাঁকে নিয়ে তেমন কাজ যেমন হয়নি, তেমনি তাঁর কাজের মধ্যে লোকজ উপাদানের আধুনিকায়নের যে ধারণাটি ছিল তার কোনো জোরালো উত্তরসূরিও জন্মায়নি। প্রদর্শনীতে এই শিল্পীর কিছু বিরল কাজের সংগ্রহ দেখতে পাই আমরা। দেবদাস চক্রবর্তীর ‘সরল’ অভিব্যক্তির ড্রয়িং ও বিমূর্ত তেলরং আজও মনে আছে কারও কারও; বেশির ভাগই হয়তো ভুলে গেছি। এই গুণী শিল্পীকেও মনে করিয়ে দিয়েছে প্রদর্শনীটি।
হাসি চক্রবর্তীকেও তো ভুলে গেছি আমরা। গত শতকের নব্বইয়ের দশকে নিজস্ব একটা রোমান্টিক শৈলী সৃষ্টি করে হারিয়ে গেছেন তিনি স্মৃতির অতলে। তাঁর ছাত্রজীবনের একটা ছবি আছে প্রদর্শনীতে, যেখানে তিনি এঁকেছেন সতীর্থ রতন মজুমদারকে। কালিদাস কর্মকার কি লোকজ পটচিত্রের করণ-কৌশলে কাজ করেছেন কখনো? তাঁর একটি ছবি ধারণ করে আছে সেই স্বাক্ষর, পাশাপাশি মসৃণ বুনট আর ভিন্ন বর্ণবিন্যাসে তাঁর কাজ কেমন রূপ ধারণ করে, সেটিও পাওয়া যায় এই ছবিতে।
প্রদর্শনীতে আছে সমরজিৎ রায় চৌধুরীর কয়েকটি ছবি। তাঁর ‘বালির সমুদ্র তটে’ শিরোনামের ছবিটি শিল্পর নতুন একটি রূপের বর্ণনা করেছে। একই সঙ্গে আছে অন্য শিল্পীদের মনোহর ছবিগুলোও। যেমন রতন মজুমদারের ‘প্লেজার’ শীর্ষক ছবিটি। আর শিশির ভট্টাচার্য্যের ছবিতে পাওয়া গেল ব্যতিক্রমী মাধ্যমে ভিন্নমাপের মুনশিয়ানা। একই প্রদর্শনীতে শম্ভুনাথ আচার্য উপস্থিত ঐতিহ্যের উপাদানকে কিঞ্চিৎ নবায়ন করে।
রণজিৎ দাসের ‘কোস্টাল লাইন এজ আই ডেপার্ট’ কি শিল্পের নতুন খাতার পথকে ইঙ্গিত করেছে? এ রকম নানা প্রশ্নের মধ্যে রোমাঞ্চকর এক দৃশ্যপট সৃষ্টি করেছে প্রদর্শনীটি।
আশির দশকে মোহাম্মদ কিবরিয়া তাঁর ছাপচিত্রে আনেন ভিন্ন ব্যঞ্জনা। তারই নমুনা আছে কিবরিয়ার ছবিটিতে। ‘সামিত’ শীর্ষক ছবিতে রং নিয়ে নানা নিরীক্ষা করেছেন হামিদুজ্জামান খান।
এবার আসি অপেক্ষাকৃত নবীনদের দিকে। পরাবাস্তবধর্মী কাজের জন্য পরিচিত আশরাফুল হাসান। তাঁর সাম্প্রতিক কাজের নমুনা রয়েছে প্রদর্শনীতে।
কামাল উদ্দিন ছবি এঁকেছেন মেয়েশিশুদের নিয়ে। তাঁর রচনা ও বর্ণনা সমকালীন। ছবির মধ্যে এমন কিছু উপাদান আছে, যা ধারণ করে এই মুহূর্তের প্রবণতাকে।
১৪ থেকে ২৮ মে পর্যন্ত চলা প্রদর্শনীটি মনে করিয়েছে অনেক কিছু। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে আমাদের: আমিনুল ইসলাম, দেবদাস চক্রবর্তী ও হাসি চক্রবর্তীর ছবিগুলো নিয়ে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে প্রদর্শনীর আয়োজন কি করতে পারি না আমরা? আমরা কি পারি না একটি রশীদ চৌধুরীর কাজগুলো নিয়ে সংগ্রহশালা গড়ে তুলতে?