কিংবদন্তির রাজকীয় সফর-ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সফরের সময় পাগলা ঘাটে মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী ভেরোনিকাকে স্বাগত জানান তৎকালীন এয়ার কমোডোর মইনুল ইসলাম। সৌজন্যে: ওয়াকার এ খান
বাংলাদেশ সফরের সময় পাগলা ঘাটে মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী ভেরোনিকাকে স্বাগত জানান তৎকালীন এয়ার কমোডোর মইনুল ইসলাম। সৌজন্যে: ওয়াকার এ খান

১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর বাংলাদেশে সফর ছিল বিপুল সাড়াজাগানো এক ঘটনা। তাঁকে সংবর্ধিত করার জন্য উত্তাল রাজধানী ঢাকাসহ সারা দেশ। মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয় গ্রন্থে মুহাম্মদ লুৎফুল হকের বর্ণনায় উঠে এসেছে সেই চাঞ্চল্য, ‘১৮ ফেব্রুয়ারি ঢাকায় অন্য রকম দিনের সূত্রপাত হলো। মনে হচ্ছিল সব রাস্তাই মিশেছে তেজগাঁও বিমানবন্দরে। সকাল থেকে মোহাম্মদ আলীর ভক্ত ও অনুরাগীরা জমায়েত হতে থাকেন তেজগাঁও বিমানবন্দরে। উদ্দেশ্য, মোহাম্মদ আলীকে বাংলাদেশে বরণ করে নেওয়া এবং একনজর দেখা। সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, হিমেল বাতাস বইছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে প্রিয় আলীকে দেখার জন্য বিমানবন্দরে ও রাষ্ট্রীয় অতিথিশালা “পদ্মা” পর্যন্ত তাঁর গমনপথে দাঁড়িয়ে আছেন পাঁচ থেকে পঁচাত্তর বয়সী শতসহস্র আলীভক্ত। যাঁরা অভ্যর্থনার জন্য বিমানবন্দরে বা রাস্তায় আসতে পারেননি, তাঁরা বসে আছেন রেডিও আর টেলিভিশনের সামনে।’

বস্তুত আলীর সফরের ধরনটাই ছিল ‘এলাম, দেখলাম, জয় করলাম’ গোছের। সত্যিই তো, তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রাখছেন, তখন ‘বক্সিং রিংয়ের ভেতরে ও বাইরে কিংবদন্তি তিনি। প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উপস্থিত থাকছেন। এ বিষয়ে বাংলাদেশও কোনো ব্যতিক্রম নয়। এখানেও তিনি সমান জনপ্রিয় এবং তাঁকে নিয়ে সর্বস্তরের মানুষ সমানভাবে আগ্রহী।’ বইয়ের লেখক এ কথাও জানাতে ভোলেননি যে, ‘১৯৬৭ সালের এপ্রিল মাসে আমেরিকার সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানালে মুষ্টিযোদ্ধা আলীকে নিষিদ্ধ করা হয় এবং তাঁর শিরোপা কেড়ে নেওয়া হয়। তিনি তাঁর নৈতিক অবস্থানে অনড় থাকেন এবং আইনের আশ্রয় নেন। আলীর জয় হয়, জয় হয় সত্যের। ১৯৭০ সালের ২৬ অক্টোবর আলী পুনরায় মুষ্টিযুদ্ধের রিংয়ে ফিরে আসেন। এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠ, কালো মানুষের প্রতিনিধি আর ইসলাম ধর্মের একনিষ্ঠ ভক্ত।’ এসবই বহুল প্রচারিত বিবরণ এবং বাংলাদেশের মানুষের কাছে অজানা নয়। ফলে বাংলাদেশে তিনি যখন সফরে আসছেন, তখন আলোড়ন সৃষ্টি না হয়ে পারে না।

মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়
মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়
মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়
মুহাম্মদ লুৎফুল হক
প্রচ্ছদ: অশোক কর্মকার
 প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
 প্রকাশকাল: জুন ২০১৬
 ১২৮ পৃষ্ঠা
 দাম: ২৫০ টাকা।

মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়-এর মাধ্যমে লুৎফুল হক আলীর বাংলাদেশে আগমন, তাঁর সাড়ম্বরে সংবর্ধিত হওয়া, নৌবিহার, তাঁকে বাংলাদেশের সাম্মানিক নাগরিকত্ব দেওয়া ও আমেরিকার বাংলাদেশের শিকাগো শহরে সাম্মানিক কনস্যুলার জেনারেল নিয়োগ করা, বাংলাদেশের পাসপোর্ট দেওয়া, চট্টগ্রামে নাগরিক সংবর্ধনা, সেখানকার উল্লেখযোগ্য দুটি স্থান ও সিলেট সফরের বর্ণনা যেভাবে তুলে ধরেছেন, এক কথায় তা অনন্য। পাশাপাশি তিনি একটি তথ্যচিত্রেও অভিনয় করেন। শুধু তা-ই নয়, কীভাবে আলীর মুষ্টিযোদ্ধা জীবনের সূচনা, রোম অলিম্পিকে তাঁর অংশগ্রহণ, অপেশাদার থেকে পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ, প্রতিদ্বন্দ্বীদের একের পর এক হারানোর পরিসংখ্যানবহুল বিবরণও এ বইকে ভিন্ন মাত্রা দিয়েছে। প্রয়োজনে বিভিন্ন অধ্যায়ে বিবৃত তথ্যের অনুকূলে ব্যবহার করেছেন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সারাংশ। সর্বোপরি তুলে ধরেছেন বাংলাদেশ সফরে এসে মোহাম্মদ আলীর অভিভূত হওয়ার হার্দিক প্রতিক্রিয়া। বাংলাদেশের জনগণের কাছ থেকে যে নিবিড় ভালোবাসা, সম্মান ও আতিথেয়তা পেয়েছেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশে আসার আগে এ দেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা শুনেছি। একটা “নেগেটিভ ইমপ্রেশন” আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু এ দেশে এসে দেখলাম, যা শুনেছি তা ভুল। আমি একটি “পজেটিভ আইডিয়া” নিয়ে এ দেশ থেকে ফিরে যাব। বাংলাদেশ ও তার জনগণের ভালোবাসায় আমি অভিভূত। স্মৃতির মণিকোঠায় তা চিরজাগ্রত থাকবে। আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি। আমন্ত্রণ পেয়ে বহু দেশ ও অনুষ্ঠানে গিয়েছি। এ দেশের জনগণের মতো এত অতিথিপরায়ণ ও বন্ধুবৎসল কোথাও দেখিনি। আমার ধারণা ছিল না, বাংলাদেশে আমার এত অনুরাগী ও ভক্ত রয়েছে।’
এ বইয়ের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সন্নিবেশে লুৎফুল হক সত্যিই কৃতিত্বের দাবিদার। তাঁর কঠোর পরিশ্রমের স্বাক্ষর বিধৃত এর পরতে পরতে। এবং তা প্রকাশিত হয়েছে মোহাম্মদ আলীর মৃত্যুর মাত্র কদিনের ব্যবধানে। বইয়ের শেষে সংযোজিত তিনটি পরিশিষ্ট এ বইয়ের ঔজ্জ্বল্য বাড়িয়েছে।

নাগরিক সংবর্ধনায় বক্তৃতা দিচ্ছেন মোহাম্মদ আলী
নাগরিক সংবর্ধনায় বক্তৃতা দিচ্ছেন মোহাম্মদ আলী