
চেনা মানুষের মুখ—আনিসুজ্জামান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: ২০১৩
১৯২ পৃষ্ঠা
দাম: ৩২০ টাকা
আমাদের সমাজ, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে একদা যাঁরা কোনো না কোনোভাবে রেখাপাত করেছিলেন, রেখেছিলেন তাঁদের আপনাপন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান, এ বইয়ে স্থান পেয়েছে লিঙ্গনির্বিশেষে তেমনই ২৮ জন ব্যক্তিত্বের আখ্যান। লেখক আনিসুজ্জামান বলেছেন, ব্যক্তিগতভাবে তাঁদের সবাইকে তিনি চিনতেন। ‘তবু এ বই তাঁদের সান্নিধ্যের বিবরণ নয়, আবার নিরবচ্ছিন্নভাবে সকলের কৃতির বিবরণও এতে নেই।’ তার পরও কালের ব্যবধানে যাঁদের আমরা ভুলতে বসেছি, বিস্মৃতির অতলে যাঁদের কৃতি ও কৃতিত্ব লীন হতে চলেছে, এ বইয়ে তাঁদের জীবনগত ‘আলেখ্য নির্মাণের’ যে প্রয়াস ড. আনিসুজ্জামান চালিয়েছেন, তার বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা, আমাদের সমাজের এই এত দূর অবধি আসা, নানা সংকট ও বিপন্নতা সত্ত্বেও তার যে অগ্রসরমানতা, আলোকাভিসারী হওয়া—প্রায় প্রতিটি ক্ষেত্রে—এ বইয়ে স্থান করে নেওয়া ২৮ জন ব্যক্তিত্বের রয়েছে পর্যায়ক্রমিক অবদান।
লেখাগুলো সাজানো হয়েছে আলোচিত ব্যক্তিত্বদের জন্মসালের ক্রমানুসারে। ফলে প্রথমেই আমরা পাই মওলানা মোহাম্মদ আকরম খাঁকে। তাঁর সম্পর্কে লেখা এই সংক্ষিপ্ত জীবনালেখ্যটিতে উঠে এসেছে তাঁর নানা কালপর্বের নানা তৎপরতার বিবরণ। পশ্চাৎপদ বাঙালি মুসলমান সমাজে বিংশ শতকের প্রথম দশক থেকে তাঁর যে কর্মযজ্ঞের সূচনা, নানা উত্থানপতনের ভেতর দিয়ে তা শেষ হয় ওই শতকেরই ছয়ের দশকের শেষপাদে তাঁর মৃত্যুর ভেতর দিয়ে। আকরম খাঁর জীবনের মূল্যায়ন করতে গিয়ে প্রায় উপসংহার টানার মতো করে লেখক বলেছেন, ‘প্রাচীনপন্থীদের তুলনায় মওলানা আকরম খাঁর ভূমিকা ছিল প্রগতিশীল; আর আধুনিকদের তুলনায় তিনি ছিলেন রক্ষণশীল।’ আবদুল গফুর সিদ্দিকী, আবুল ফজল, মুহম্মদ হবীবুল্লাহ বাহার, কাজী মোহাম্মদ ইদ্রিস, শামসুর নাহার মাহমুদ, মোহাম্মদ মোদাব্বের ও ডাক্তার মন্মথনাথ নন্দীর যে জীবনালেখ্য আনিসুজ্জামান রচনা করেন, সেগুলোর সূত্রেও আলোচিত ব্যক্তিত্বদের জীবনের এমন সব দিকের সন্ধান পাই, মন ও মননকে তা রীতিমতো শুধু আলোকিতই নয়, আলোড়িতও করে। আলোচিত প্রতিটি ব্যক্তিত্বের কর্মযজ্ঞ তাঁদের কালগত পরিসরে নানা প্রতিকূলতা সত্ত্বেও ছিল মিশনারিসুলভ।
এ বইয়ের আরও কয়েকটি আলেখ্যের উল্লেখ না করলেই নয়। মধুর ক্যানটিনের মালিক শহীদ মধুসূদন দে সম্পর্কে তাঁর লেখাটি সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী। মধুদা সম্পর্কে তাঁর বিবরণটি কী অনুপম, যেখানে তিনি বলেন, ‘কেবল খাবার পরিবেশন করে নয়, কেবল বাকিতে খাওয়ার সুযোগ দিয়ে নয়, টগবগে তরুণদের মিলনক্ষেত্র রচনা করে, তাদের চিন্তাবিনিময়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, মধু তাদের আত্মবিকাশের সুযোগ করে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের এবং বৃহত্তর সমাজের রক্ষণশীলতা উপেক্ষা করে ছাত্রীরাও কদাচিৎ সমবেত হয়েছে মধুর দোকানে, তাঁদের আঁচলে উড়েছে বিদ্রোহের জয়ধ্বজা।’
এ বইয়ের সবচেয়ে বড় রচনা জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সম্পর্কে। ২৪ পৃষ্ঠার এ লেখাটি থেকে এই শিক্ষাবিদের জীবনের এমন অজানা অনেক দিক জানা যাবে, অন্য আর কারও লেখায় যা অনুপস্থিত। একজন পণ্ডিত মানুষের সারল্যই যে তাঁর জীবনের সার, ‘আব্দুর রাজ্জাক’ শিরোনামের উপাখ্যানে তা ধরা আছে নানা ঘটনার ভেতর দিয়ে।
একইভাবে তিনি যখন লেখেন রণেশ দাশগুপ্ত, মাহমুদ নূরুল হুদা, আখতার ইমাম, এ আর মল্লিক, আহমদুল কবির, আনোয়ারা বাহার চৌধুরী, মুজাফ্ফর আহমদ চৌধুরী, খান সারওয়ার মুরশিদ, রোকনুজ্জামান খান, সৈয়দ নাজমুদ্দীন হাশেম, সন্তোষ গুপ্ত, মাহবুব উল আলম চৌধুরী, শহীদ শহীদুল্লা কায়সার, হাসান হাফিজুর রহমান, শহীদ গিয়াসউদ্দিন আহমদ, আবু জাফর ওবায়দুল্লাহ, নাজমা জেসমিন চৌধুরী ও সেলিনা বাহার জামান সম্পর্কে, প্রতিটি লেখায় ফুটে ওঠে আলোচ্য ব্যক্তির আসল চিত্র ও চরিত্র। বেশির ভাগ লেখা স্ক্রেচধর্মী হলেও চিত্তাকর্ষক। মানুষটিকে নিজের জানার বাইরে গিয়ে কিছুই বলেননি বা লেখেননি তিনি। একজন সৎ লেখকের চরিত্রটি এভাবেই রক্ষা করেছেন ড. আনিসুজ্জামান।