আধুনিক আমেরিকান সাহিত্যের বিতর্কিত ও বর্ণাঢ্য ঔপন্যাসিক, নাট্যকার ও প্রবন্ধকার গোর ভিডাল ৩১ জুলাই ২০১২ প্রয়াত হয়েছেন। এডমন্ড উইলসনের পর স্বীকৃত ‘দ্য বেস্ট অল-রাউন্ড আমেরিকান ম্যান অব লেটার্স’-এর মৃত্যুতে পশ্চিমের সাহিত্য ও সংস্কৃতির জগৎ একজন নির্ভরযোগ্য অভিভাবককে হারিয়েছে।গোর ভিডাল তাঁর এবং তাঁর পরবর্তী প্রজন্মকে বলে গেছেন, ‘কিছু লিখুন, এমনকি তা যদি আপনার সুইসাইড নোটও হয়।’ ‘এ কালের বরেণ্য ব্যক্তিরা নিজের ভাষণও লিখতে পারেন না। প্রমাণ আছে, এমনকি তাঁরা পড়তেও পারেন না।’ কিংবা ‘আমেরিকা কোনো যুদ্ধে জেতেনি, ১০০ কোটি মুসলমানকে শত্রুতে পরিণত করতে পেরেছে।’ইউজিন লুথার গোর ভিডালের জন্ম ৩ অক্টোবর ১৯২৫, নিউইয়র্কে। মাতামহ প্রখ্যাত সিনেটর টমাস গোর, বাবা লুথার ভিডাল, বিমান প্রশিক্ষক মা নিনা গোর ব্রডওয়ে নাট্যমঞ্চের এক্সট্রা অভিনেত্রী। স্নাতক ডিগ্রি নিয়ে দ্বিতীয় মহাযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন। লিখতে শুরু করেন পাঁচ-ছয় বছর বয়স থেকেই। প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯ বছর বয়সে।অনেকেরই অজানা ছিল হলিউডের সাড়া জাগানো ছবি বেন হুর-এর চিত্রনাট্যকার গোর ভিডাল। কিন্তু ছবির ক্রেডিট লাইনে তাঁর নামও নেই।তিনি রাজনৈতিক পরিবেশে ওয়াশিংটনে বেড়ে ওঠেন। অন্ধ হয়ে যাওয়া সিনেটর গোরকে রাজ্যের সব লেখা পড়ে শোনানো তাঁর শৈশবের অন্যতম প্রধান কাজ হয়ে ওঠে। তিনিও একসময় ডেমোক্র্যাট হিসেবে রাজনীতিতে সক্রিয় হন, নির্বাচন করেন এবং পরাজিত হন। দুর্মুখ গোর ভিডালের গালাগাল থেকে এমনকি তাঁর নিজের দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জন এফ কেনেডিও রেহাই পাননি। প্রেসিডেন্ট বুশকে গণ্ডমূর্খ বলেছেন। প্রেসিডেন্ট রুজভেল্টকে বলেছেন যুদ্ধবাজ। দ্বিতীয় মহাযুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নৃশংসতার জন্য দায়ী করেছেন নিজ দেশের সরকারকে। নাইন-ইলেভেনের মতো ঘটনা আমেরিকার প্ররোচনাতেই ঘটেছে।তিনি বলেছেন, আমেরিকা পচে যাচ্ছে, বারাক ওবামা এটাকে রক্ষা করতে পারবে—এমন দুরাশা করবেন না।গোর ভিডাল ব্যক্তিগত জীবনে বিপরীত ও সম উভগামী। তাঁর যৌনাচরণ নিয়ে গণমাধ্যম বেশ সরব থাকত। নায়িকা জোয়ান উডওয়ার্ড তাঁর স্ত্রী ছিলেন, আবার হাওয়ার্ড অস্টেন ছিলেন তাঁর দীর্ঘসময়ের পার্টনার।তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে: উইলিওয়া, দ্য সিটি অ্যান্ড দ্য পিলার, দ্য সিজন অব কমফোর্ট, এ মার্চ ফর দ্য কিং; ডার্ক গ্রিন, ব্রাইট রেড; দ্য জাজমেন্ট অব প্যারিস, জুলিয়ান, ওয়াশিংটন ডিসি, টু সিস্টার্স, এইটিন সেভেন্টি সিক্স, বার, মাইরন, ক্রিয়েশন, এম্পায়ার ও হলিউড। তিনি বেশ কটি নাটক ও নন-ফিকশন গ্রন্থ রচনা করেছেন। হলিউডখ্যাত বেন হুর, সাডেনলি লাস্ট সামার, দ্য বেস্ট ম্যান, ইজ প্যারিস বার্নিং, ক্যালিগুলা ও বিলি দ্য কিড চলচ্চিত্রের তিনিই চিত্রনাট্যকার। প্যারিস রিভিও-তে (৫০তম সংখ্যা, ১৯৭৪) প্রকাশিত জেরাল্ড ক্লার্কের দীর্ঘ সাক্ষাৎকারে নির্বাচিত অংশ অনুবাদের মাধ্যমে প্রয়াত গোর ভিডালের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। প্রশ্ন: প্রথম কবে থেকে লিখতে শুরু করেন?গোর ভিডাল: পাঁচ-ছয় বছর বয়সে আমি যখন পড়তে শিখি আমার মনে হয়, লিখছি তখন থেকেই। লিখিনি এমন কোনো সময়ের কথা আমি আসলে মনেই করতে পারছি না। প্রশ্ন: প্রথম উপন্যাস লেখা শুরু করেন কবে?গোর ভিডাল: তখন আমার বয়স সাত। আমার দেখা একটি রহস্য চলচ্চিত্রের ওপর ভিত্তি করে একটি উপন্যাস। তাতে ‘ব্লু রুম’ কিংবা ‘হোটেল’ (স্টিফেন ক্রেনের নয়) জাতীয় কিছু ছিল। আমার বয়স যখন ১৪ থেকে ১৯, আমি এ সময়ে ছয়টি উপন্যাস শুরু করেছি এবং সবগুলো পরিত্যাগ করেছি।প্রশ্ন: আপনার উপন্যাসগুলো কত দূর লিখেছিলেন?গোর ভিডাল: বেশির ভাগেরই কয়েকটি অধ্যায় মাত্র, (আমার প্রথম প্রকাশিত উপন্যাস) উইলিওয়া লেখার আগে কেবল একটি উপন্যাসের অর্ধেক পর্যন্ত এগোতে পেরেছিলাম। প্রশ্ন: উইলিওয়া ১৯ বছর বয়সে লিখলেন। উপন্যাসটি প্রকাশিত হলো, তারপর এক এক করে আরও তিনটা উপন্যাস লিখে ফেললেন।গোর ভিডাল: হ্যাঁ, প্রতি পাঁচ মিনিটেই তা একবার করে মনে হতো। আমার অর্থ-বিত্তের যে গল্প প্রচলিত, বাস্তবতা হচ্ছে তখন আমার কোনো অর্থই ছিল না। যেহেতু আমি প্রকাশকের দেওয়া আগাম টাকায় জীবনধারণ করতাম, প্রতিবছর বই প্রকাশ করা আমার জন্য জরুরি হয়ে পড়েছিল। প্রতিবছর আমার বই বাজারে আসুক, আমি অবশ্যই তা চাইতাম। তখন কোনো যন্ত্রণা অনুভব করিনি, এখন পেছনে তাকিয়ে লেখাগুলো দেখলে আমি সেই যন্ত্রণাটি শনাক্ত করতে পারি। সে সময়কার উপন্যাসগুলোর কৃশতার কারণ আমি চাপের মধ্যে কাজ করেছি। যা-ই হোক, পেছন ফিরে আমি অনেক উপন্যাসের পুনর্লিখন করেছি। এগুলো এখনো অসাধারণ কিছু হয়ে ওঠেনি, তবে আগের চেয়ে ভালো হয়েছে।প্রশ্ন: আপনি একবার বলেছেন, ভালো বই কিংবা যথার্থ বইয়ের একটি পরীক্ষা আছে। লেখক যদি কোনো রকম বিব্রত না হয়ে তাঁর বইটি পড়ে যেতে পারেন, তাহলে তা উত্তীর্ণ। আপনি যখন আপনার পুরোনো বইগুলো পড়েন, কেমন বোধ করেন?গোর ভিডাল: কখনো কখনো অন্যগুলোর চেয়ে কম বিব্রতকর। যখন আমার উপন্যাস উইলিওয়া আবার পড়তে যাই, এর ভাষার শীতলতায় বিস্মিত হই। এতে বাড়াবাড়ি কিছু নেই। সেই তরুণ লেখকের সামান্য বিষয়ের ওপর যে নিয়ন্ত্রণ, তা আমাকে মুগ্ধ করে। অন্যদিকে আমার আরেকটি বই ইন অ্যা ইয়েলো উড চিরদিনের জন্য অবহেলিতই রয়ে গেছে। এটিকে পুনর্লিখন করতে পারিনি। কারণ, এটা এত বাজে হয়েছে যে পুনরায় পড়তেও পারিনি।প্রশ্ন: আপনি কি আপনার সমকালীন লেখকদের রচনা পড়েন? তাঁদের নতুন প্রকাশিত বই?গোর ভিডাল: সমকালীনদের ব্যাপারে আমি উন্মত্তের মতো আগ্রহী নই। ইংরেজি ভাষায় একমাত্র জীবিত লেখক, যাঁকে আমি পুরোপুরি প্রশংসা করি, তিনি উইলিয়াম গোল্ডিং (এই সাক্ষাৎকারটি ১৯৭৪ সালে নেওয়া। উইলিয়াম গোল্ডিং মারা যান ১৯৯৩ সালে।) শেষের দিকে আমি অনেক ইতালীয় ও ফরাসি লেখকের লেখা পড়তে শুরু করি। বিশেষ করে ইতালো কালভিনো আমার প্রিয়।প্রশ্ন: আপনি তো অনেক ভালো ভালো লেখককে চেনেন। লেখকদের ব্যক্তিগভাবে চিনলে তাঁদের কাছ থেকে বিশেষ কিছু পাওয়ার আছে কি? গোর ভিডাল: আমি তা মনে করি না। যখন আমি তরুণ ছিলাম, আমার পছন্দের বড় লেখকদের সঙ্গে দেখা করতে চেয়েছি। আমি আদ্রে জিদ, ই এম ফর্স্টার, জাঁ কঁকতো, জর্জ স্টাইনার সঙ্গে দেখা করেছি। আমি টমাস মানকে আমার একটি বই পাঠিয়েছি। ভুল বানানে আমার নাম লিখে তিনি একটি সবিনয় জবাব দিয়েছিলেন। তাঁদের দিকে তাকিয়ে কোনো কিছু ‘শেখার’ প্রত্যাশা আমি করিনি। এটা বরং হাতে হাত রাখার মতো ব্যাপার—অতীতের সঙ্গে একটি সম্পর্ক। অধিকাংশ আমেরিকান লেখকের চেয়ে অতীত সম্পর্কে সম্ভবত আমি বেশি সচেতন, আমাকে প্রবোধ দেওয়ার জন্য মৃতদের বেশি দরকার। প্রশ্ন: আপনি কি লেখকদের সঙ্গ উপভোগ করেন? হেনরি জেমস একবার বলেছিলেন, অন্য লেখকদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে নাথানেইল হথর্ন প্রতিবন্ধী। গোর ভিডাল: হ্যাঁ, আমি অন্য লেখকদের সান্নিধ্য পছন্দ করি। ক্রিস্টোফার ইশারউড, টেনেসি উইলিয়ামস এবং পল বাউলেস আমার বন্ধু। অন্য লেখকদের না চেনার সঙ্গে হথর্নের নৈঃসঙ্গতার কী সম্পর্ক—হেনরি জেমস কী বলেছেন, আমি নিশ্চিত নই। আমার মনে হয়, জেমস বলতে চেয়েছেন, আমেরিকান প্রেক্ষাপট সাংস্কৃতিকভাবে এতটাই হালকা যে কেউ যদি আপনার সঙ্গে কথা না বলে, সেখানে বুদ্ধিবৃত্তিক বিকাশ কঠিন হয়ে পড়ে। অনেক আমেরিকান লেখকের ‘আত্মজ্ঞানবাদী’ রচনায় এটা উঠে এসেছে। তাঁরা মনে করেন পৃথিবীতে একমাত্র তাঁরাই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করেন, যেমন মার্ক টোয়েন। প্রশ্ন: আপনি দ্বিতীয় মহাযুদ্ধ থেকে উঠে এসেছেন। আপনার আগের প্রজন্মের লেখকদের সম্পর্কে কী ভাবেন—যেমন ধরুন হেমিংওয়ে?গোর ভিডাল: আমি তাঁকে অপছন্দ করি। কিন্তু আমি নিশ্চয়ই একসময় যখন তরুণ ছিলাম, আমাদের অনেকের মতো হেমিংওয়ের জাদুতে মুগ্ধ হয়েছিলাম। স্টিফেন ক্রেন পড়ার আগে আমি ভাবতাম তাঁর গদ্যই যথাযথ। কিন্তু ক্রেন পড়ার পর আমি বুঝতে পেরেছি তিনি এ গদ্য কোথায় পেয়েছেন। ট্রুম্যান ক্যাপোট যদি আমায় ক্ষমা করেন, আমি বলব হেমিংওয়ে ছিলেন আত্মপ্রচারণার গুরু। হেমিংওয়ে সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিলেন তাঁর আগে সবাই লিখত—কার মতো?—জিন স্ট্র্যাটন পোর্টারের মতো। কিন্তু তাঁর আগে কেবল মার্ক টোয়েন নন, স্টিফেন ক্রেনও ছিলেন। হেমিংওয়ে যা করেছেন বরং আরও ভালোভাবে স্টিফেন তা করেছেন। তাঁর দ্য রেড ব্যাজ অব কারেজ অবশ্যই হেমিংওয়ের অ্যা ফেয়ারওয়েল টু আর্মস-এর চেয়ে উঁচুমানের। কিন্তু হেমিংওয়ে সব মিলিয়ে একটি সম্মোহনী স্টাইল জড়ো করতে পেরেছিলেন, যার ছন্দ অন্য লেখকদের তাড়া করত। আমি তাঁর কিছু ভ্রমণকাহিনি—গ্রিন হিলস অব আফ্রিকা পছন্দ করেছি। কিন্তু তিনি কখনো ভালো কোনো উপন্যাস লিখেননি। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমি তাঁর ভেতরে স্বচ্ছন্দ নির্মমতাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। অ্যা মুভেবল ফিস্ট-এ তিনি যেভাবে স্কট ফিটজেরাল্ডকে এঁকেছেন, আমাদের ভাষার অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ফোর্ড ম্যাডক্স ফোর্ডকে তিনি যেভাবে অবমূল্যায়ন করেছেন, তা গ্রহণযোগ্য নয়।