কিশোরীদের দেখা মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আমাদের ৯ মাসের মুক্তিযুদ্ধে অবদান রয়েছে সবার—মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, আছেন সেই সময়ের এমন অনেক কিশোরী, যাঁরা বীরাঙ্গনা নন, কিন্তু ১৯৭১ সালে ঘটে যাওয়া পাকিস্তানি বাহিনীর নির্যাতনের পরোক্ষ শিকার তাঁরাও। মুক্তিযুদ্ধের সময়ের এমন দুজন কিশোরীর জীবনের সত্য গল্প জানাচ্ছেন সুরমা জাহিদ।

বীরাঙ্গনাদের নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা, গ্রামগঞ্জ ও আনাচকানাচে ঘুরেছি আমি। এ সময় নারী–পুরুষনির্বিশেষে বিভিন্নজনের সঙ্গে কথা বলে যা বুঝেছি, তা হলো: যুদ্ধের বাস্তবতা একরকম, কিন্তু নানা কারণে সে সময় যাঁরা মুক্তির সংগ্রামে সরাসরি অংশ নিতে পারেননি, তাঁরা যে খুব ভালো অবস্থায় ছিলেন, এমনও নয়। আসলে সবাই–ই যুদ্ধ করেছেন, কেউ জীবন বাঁচানোর জন্য, কেউ ইজ্জত ও মান বাঁচানোর জন্য। তবে মহান মুক্তিযুদ্ধের সময় অবর্ণনীয় কষ্টকর অভিজ্ঞতা হয়েছে যুবতী ও কিশোরী মেয়েদের। পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে নিজেদের বাঁচাতে দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে, না ঘুমিয়ে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করেছেন তাঁরা। মান–ইজ্জত রক্ষা করতে এ সময় কখনো তাঁদের আশ্রয় নিতে হয়েছে গাছের ওপরে, খেতের ভেতরে, পাহাড়–জঙ্গলে, মাটির গর্তে, এমনকি কুয়ার ভেতরে ও পুকুরেও। বাঁচার জন্য কখোনো তাঁরা থেকেছেন মুরগির ঘরে, আরও কত না স্থানে। এই লেখায় বলব তেমন দুজন কিশোরীর কথা,  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যাঁদের জীবনের গতিপথ পাল্টে দিয়েছে।

িচত্রা রানী

মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার সুবাদে চিত্রা রানীর গল্প প্রথম শুনি আমি। অনেক পরে, নানা জায়গায় খুঁজে খুঁজে সন্ধান পাই তাঁর। চিত্রা রানী এখন ভারতের বাসিন্দা। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতার হাওড়া স্টেশনে, ২০০৭ সালের দিকে। ওই সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুনেছিলাম তাঁর পরিবারের করুণ গল্প।

ঝালকাঠি জেলার কোনো এক গ্রামের মানুষ চিত্রা রানী। যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ১৬ বছর। ১১ বোন আর ২ ভাইয়ের সংসার ছিল তাঁদের। এর মধ্যে চিত্রা ছিলেন ৪ নম্বর। চিত্রা ও মিত্রা পিঠাপিঠি দুই বোন। বেড়ে উঠেছেন একই সঙ্গে। যুদ্ধ যখন আসি আসি করছে, তার কিছু আগে দুই বোনেরই বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু চিত্রার বাবা তেমনভাবে এগোতে পারেননি। একসঙ্গে দুই মেয়ের বিয়ের খরচ জোগাবেন কীভাবে? 

এর মধ্যে যুদ্ধ শুরু হলো। গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ল পাকিস্তানি সেনারা। যুদ্ধদিনের স্মৃতিচারণা করে চিত্রা বলেন, ‘প্রথম দিকে কিছুটা নিরাপদে থাকলেও কিছুদিন পরে তা আর সম্ভব হয়নি। দিন–রাত ভয় আর আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করেছি। গ্রাম আর বাড়ির সবার মুখে ছিল একটাই কথা, সাবধানে থাকবি। একটা মানুষ কতক্ষণ সাবধানে থাকতে পারে? না ঘরে, না বাইরে—কোথাও তো নিরাপদ ছিলাম না।’

কথায় কথায় যুদ্ধের সেই ভয়ংকর দিনের কথা বলতে থাকেন চিত্রা, ‘সেদিন ছিল ঘোর বৃষ্টি, এত বৃষ্টি যে রাস্তাঘাট ডুবে গেছে পানিতে। আমি আর আমার ছোট বোন মিত্রা একটা ঘরের বারান্দায় বসে আছি। একসময় মিত্রা বলল, “দিদি, চল বৃষ্টিতে স্নান করি।” প্রথম প্রথম আমি রাজি হইনি, মিত্রা তখন একাই নেমে গেল বৃষ্টিতে। বৃষ্টির মধ্যে সে আমার দিকে জল ছিটাচ্ছিল। আমরা দুই বোন ততক্ষণে মেতে উঠেছি দুষ্টুমি আর খেলায়। খেলা শেষে আমি ঘরের ভেতরে যাচ্ছি, এমন সময় চিৎকার করে উঠল মিত্রা, দিদি বলে ডাক দিল।

‘মিত্রার চিৎকার শুনে পেছন ফিরে তাকালাম আমি। ঘর থেকে বেরিয়ে এলেন মা-ও। আমি মিত্রার দিকে যাচ্ছি, এমন সময় আমাকে টান দিয়ে ঘরের ভেতরে ঠেলে দিলেন মা, বললেন, “পালা পালা।” 

‘হঠাৎ আমি কোথায় পালাব? বুঝে উঠতে পারি না। এ সময় কাকিমা না ঠাকুমা—ঠিক মনে নেই, পেছন থেকে টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে এলেন আমাকে। এর মধ্যে কে যেন আমাকে বললেন, মুরগির ঘরের ভেতরে যা। মুরগির ঘরটা ছিল আমাদের ঘরের পাশেই। কেউ একজন ধাক্কা দিয়ে আমাকে ওই মুরগির ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। 

‘মুরগির ঘরের ভেতর থেকে সব কথাই শুনতে পাচ্ছি আমি। বাড়ির লোকদের চিৎকারও শুনতে পাচ্ছি। তাদের চিৎকার শুনে মুরগির ঘরের ফুটো দিয়ে বাইরে তাকাতেই দেখি, মা আর মিলিটারিরা মিত্রাকে নিয়ে টানাটানি করছে। একসময় দূর থেকে এক মিলিটারি এসে মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাবা বের হয়ে আসার সঙ্গে সঙ্গে গুলি করে তাঁকে। পায়ে গুলি লাগে বাবার। মাটিতে পড়ে যান তিনি। ওদিকে মিত্রাকে চুল ধরে টেনে বারান্দায় তোলা হয়। বারান্দায় তুলেই খুলে ফেলা হয় তার শরীরের সব কাপড়। মিত্রার ওপর ঝাঁপিয়ে পড়ে মিলিটারিরা, ধর্ষণ করে। মিত্রা কিছুক্ষণ চিৎকার করেছে। তারপর আর কিছুই করতে পারেনি। কাজ শেষে একসময় চলে যায় তারা। 

‘তখন দেখি, বাবা বৃষ্টির মধ্যে পড়ে আছেন। বৃষ্টির সাদা পানি মিত্রা আর বাবার রক্তে লাল হয়ে বইছে। কিছুক্ষণ এমন দৃশ্য দেখার পর আমি নিজেই বেহুঁশ হয়ে পড়ি, মনে আছে। 

‘জ্ঞান যখন ফিরে এল, তখন বিকেল, কেমন যেন ঘোরগ্রস্ত হয়ে ছিলাম। বারবার ভেবেছি, আমার চোখের সামনে কতগুলো ঘটনা ঘটে গেল—বাবাকে গুলি করল, চোখের ছোট বোনের ইজ্জত লুটল। সবকিছুই আমার চোখের সামনে ঘটেছে, কিন্তু কিছুই তো করতে পারিনি আমি। আমি সে সময় একটা মুরগির ঘরের ভেতরে—আলো–বাতাস যায় না এমন এক ঘরে, নিজেকে আটকে রেখে কোনোমতে বেঁচেছি। ওই ঘর থেকে যে বের হয়ে আসব, সেই শক্তি–সাহস হারিয়ে ফেলেছিলাম। মুরগির ঘর থেকে আমি একাই বের হয়েছি, না কেউ আমাকে বের করেছে, আজ আর মনে নেই। 

‘এ ঘটনার খুব সম্ভবত দুই কি তিন দিন পর বাড়িতে কবিরাজ ডেকে আনা হলো। বাবা আর মিত্রার চিকিৎসা শুরু করলেন কবিরাজ। বেশ কিছুদিন চিকিৎসার পর কবিরাজ সাফ জানিয়ে দিলেন, তাঁর দ্বারা সম্ভব না তাঁদের ভালো করা। বললেন, দুজনের অবস্থাই খুব খারাপ। শহরে নিয়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করানো দরকার। 

‘যতই দিন যাচ্ছে, বাবা ও বোন দুজনের অবস্থা ততই খারাপ হচ্ছে। মিত্রা আর বাবার শরীরের যে অবস্থা, তাঁদের নিয়ে পালানোও দুষ্কর। কারণ, দুজনের শরীরেই পচন ধরেছে। 

‘এমন সময় আমার এক মামা এলেন। তিনি বললেন, “এখনে আর থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছাড়তে হবে।”

‘বাবা বললেন, “এ অবস্থায় কেমন করে পালাব?”

‘কিছুক্ষণ চিন্তা করে মামা বললেন, “কাল আমি লোক নিয়ে আসব, তোমরা রেডি থেকো।” 

‘পরদিন রাতে বেশ কয়েকজনকে নিয়ে মামা এলেন আমাদের বাড়িতে। সঙ্গে দুটো পাইছাও নিয়ে এলেন। পাইছা হলো বাঁশ দিয়ে তৈরি বড় ঝুড়ির মতো বস্তু। এটা দিয়ে ধান আনা–নেওয়া করা হয়। সেই একটা পাইছার ভেতর বাবাকে, আরেকটার ভেতরে মিত্রাকে বসিয়ে দুজনে দুটি পাইছা মাথায় নিয়ে হাঁটতে থাকলেন। সঙ্গে আমাদের বাড়ির অন্যরাও যাচ্ছেন। সারা রাত হেঁটে সকালে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম আমরা। পরদিন রাতে আবার হাঁটতে শুরু করলাম। এভাবে তিন-চার দিন হাঁটার পর মিত্রার শরীর আরও বেশি খারাপ হয়ে গেল। তখন আমরা আরেকটা বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। সেটা মুসলমান বাড়ি। ওই বাড়িতে মা–বাবা, মিত্রা আর আমি ছিলাম, তবে সীমান্ত পেরিয়ে বাকিরা চলে গেল ভারতে। পাঁচ-সাত দিন পর আবার রওনা দিলাম এবং একসময় উদ্বাস্তুর বেশে ভারতে গিয়ে পৌঁছালাম। 

‘ভারতে আমরা উঠেছিলাম দূর সম্পর্কের এক মামার বাড়িতে। এখানে এসে বাবাকে হাসপাতালে ভর্তি করা হলো। আর মিত্রাকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাওয়া হলো বাড়িতে। হাসপাতালে ভর্তির তিন-চার দিন পর একটা অপারেশন হলো বাবার—হাঁটু পর্যন্ত পা কেটে ফেলে দেওয়া হলো। এক মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর তাঁকে ছুটি দিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল থেকে ছুটি মিললেও দিন দিন বাবার অবস্থা খারাপই হচ্ছিল। এক-দেড় মাস পর আবারও হাসপাতালে ভর্তি করা হলো তাঁকে। এবার আবারও অপারেশন, এ দফায় পুরো পা কেটে ফেলে দেওয়া হলো। তারপরও তাঁকে বাঁচানো যায়নি। ডাক্তার বলেছিলেন, বাবার পায়ের পচনটা নাকি রক্তের সঙ্গে মিশে গিয়েছিল। 

‘আমরা সবাই-ই ব্যস্ত ছিলাম বাবাকে নিয়ে। কিন্তু এর ভেতরে মিত্রার অবস্থাও যে দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, এটা কেউ সেভাবে বুঝতে পারিনি। আর মিত্রাও লজ্জায় বলতে চাইত না কিছু। তা ছাড়া এটা তো লজ্জার বিষয়, ফলে চুপচাপ ছিলাম আমরাও। 

‘পায়ের পচন নিয়ে বাবা মারা গেলেন। তাঁর মারা যাওয়ার পর মিত্রার দিকে চোখ পড়ল সবার। এরপর তাকে নিয়ে শুরু হলো আমাদের দৌড়াদৌড়ি। তত দিনে ওর নাড়ি-ভুঁড়িতে পচন ধরেছে। মিত্রা শুধু একটা কথাই আমাকে বলত যে তার পেটব্যথা এবং হাঁটতে পারত না। একসময় দেখা গেল, আমার বোনটির নাড়ি-ভুঁড়ি পচে পড়তে শুরু করেছে। তার কাছাকাছি কেউ যেতে পারত না, এতটা দুর্গন্ধ ছিল। দেশ স্বাধীন হওয়ার দু-তিন মাস পর মিত্রা মারা যায়। 

‘মিত্রা যেদিন নির্যাতনের শিকার হয়েছিল, তারপর থেকে ওর মুখে কোনো হাসি দেখিনি। আড়ালে-আবডালে শুধু কাঁদত। আমাকে বলত, এই কলঙ্ক নিয়ে আমি বাঁচতে চাই না। সারা জীবন মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। 

‘স্রষ্টা মিত্রার কথা শুনেছেন। 

‘খুব কাছ থেকে মিত্রার বড় হওয়া এবং তার মৃত্যু দেখেছি আমি। মুক্তিযুদ্ধ আমাদের জীবন ওলট-পালট করে দিয়েছে, কিন্তু দেশ তো স্বাধীন হয়েছে, এটা ভেবেই এখন সুখ পাই। কিন্তু আফসোসও লাগে এ কারণে যে একদিকে লোকলজ্জার ভয়, সংকোচ, অন্যদিকে জীবনের তাৎক্ষণিক বাস্তবতা, এসব কারণে আর দেশে ফেরা হয়নি আমাদের, উদ্বাস্তু হয়েই কাটাতে হলো একজীবন। 

‘বিদেশ বিভুঁইয়ে থেকে আমরা হারালাম ঘর, গ্রাম। বাবা-বোনের মর্মান্তিক মৃত্যুর পর আক্ষরিক অর্থেই অথই সাগরে পড়লাম—আমি আর মা। এ সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমার সেই মামা, যাঁর বাড়িতে উদ্বাস্তু হয়ে প্রথম উঠেছিলাম। মামাবাড়িতে থেকে মা আর আমি রাস্তায় মাটি কাটা, হোটেলে রান্না করা ও মসলাবাটা, কখনোবা হাসপাতালে আয়ার কাজ—কত কিছুই না করেছি। তবে মুক্তিযুদ্ধের কথা মনে হলে এখনো আমার চোখে ভাসে কয়েকটি দৃশ্য, দেখি যে ঝালকাঠির বাড়িতে বৃষ্টির ভেতর খেলা করছি আমরা দুই বোন। এর পরের দৃশ্যেই আমাদের জীবনকে, আমাদের পুরো পরিবারকে লন্ডভন্ড করে দেয় পাকিস্তানি হায়েনারা। 

‘সেই থেকে আমাদের যে উদ্বাস্তু জীবন, আজও কি তার শেষ হয়েছে?’

মরিয়ম খাতুন

মরিয়ম খাতুন। কিশোরগঞ্জ সদরে তাঁদের বাড়ি। ১৯৭১ সালে যুদ্ধের সময় তাঁর বয়স ১৪ কি ১৫ বছর হবে। মরিয়মের বিয়ে ঠিক হয়ে আছে। ছেলের বাড়ি সুনামগঞ্জে। বিয়ের গয়নাও মোটামুটি তৈরি হয়ে গেছে। আষাঢ় মাসে তাঁদের বিয়ে, তখন ঘরে নতুন ফসল উঠবে। টাকাপয়সা থাকবে হাতে। ধুমধাম করে বিয়ে হবে। 

এরই মধ্যে দেশে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ যখন শুরু হলো ‘তখন মরিয়মের দাদা ছেলের বাড়িতে গেলেন।  প্রস্তাব করলেন, দেশের পরিস্থিতি খারাপ। তাই বিয়েটা সেরে ফেলতে চাই।’ ছেলের বাবা আর কটা দিন অপেক্ষা করতে বললেন। কিছুদিন পর আবার মরিয়মের দাদা ছেলের বাড়িতে যান। বলেন, ‘দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বিয়ে দিয়ে যদি মেয়েকে এদিকে নিয়ে আসেন, ভালো হতো। বলা তো যায় না কখন কী হয়। এদিকে আমাদের দিকের বউ-ঝিয়েরা বলতে গেলে বাড়িছাড়া। সারাক্ষণ আতঙ্কে, ভয়, দৌড়াদৌড়ির মাঝে থাকতে হয়। সব কথা শুনে ছেলের বাবা জানিয়ে দেন, ছেলে যুদ্ধে গেছে। ফিরে আসেন মরিয়মের দাদা।

ফেরার সময়ই চিন্তা করতে থাকেন মরিয়মসহ বাড়ির বউ–ঝিদের কীভাবে নিরাপদে রাখবেন। কিন্তু কোথায় তাদের লুকিয়ে রাখবেন? ঠিক করেন, মরিয়মের নানার বাড়িতে সবাইকে পাঠিয়ে দেবেন। কারণ, তার নানাবাড়ি অনেক ভেতরে। তাই হয়তো মিলিটারিরা সেই সব এলাকায় যাবে না। 

এই ভেবে একদিন রাতে তাঁরা কয়েকজন রওনা দিলেন মরিয়মের নানার বাড়ির উদ্দেশে। মরিয়মদের বাড়ি থেকে তার নানার বাড়ি আট–দশ মাইল দূরে হবে। অনেক কষ্টে সবাই গন্তব্যে পৌঁছালেন। কিন্তু লাভ হলো না। সেই বাড়িতে কেউ নেই। বাড়িঘর খাঁ খাঁ করছে। 

‘এখন কী করবেন? যা করার তাড়াতাড়ি করতে হবে। সূর্যের আলো ফুটে উঠলে আবার বিপদ। মরিয়মের ছোট চাচা তখন বুদ্ধি করে তাঁর এক দূরসম্পর্কের মামার কাছে মরিয়মকে রেখে নিজেরা অন্য জায়গায় রওনা দিলেন। মরিয়মকে চাচা বলে এসেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমি এসে তোকে নিয়ে যাব।’ এর দু–তিন দিন পর চাচা এসে মরিয়মকে নিয়ে যান তাঁর শ্বশুরবাড়িতে। বলা দরকার, তিনিও বিয়ে করেছেন যুদ্ধের এক–দেড় মাস আগে।

মরিয়মের চাচা তাঁর শ্বশুরের হাতে তুলে দিয়ে এসেছেন মরিয়ম আর তার চাচিকে। আর তাদের বলে এসেছে, জান দেবে কিন্তু মান দেবে না। একসময় ওই গ্রামেও মিলিটারিদের উৎপাত শুরু হয়ে যায়। গ্রামে ঢুকতে থাকে মিলিটারি। তাই ওই বাড়ির পুরুষ যাঁরা, তাঁরা ঠিক করেন ঘরের ভেতরে গর্ত করে সেই ঘরের মধ্যে নারীদের রাখবেন। যেই কথা সেই কাজ। ঘরের ভেতরে একটা গর্ত করে গর্তের ভেতরে সারা দিন মরিয়ম আর তার চাচি লুকিয়ে থাকে। রাত হলে বের হয়ে তাঁদের প্রয়োজনীয় কাজ সারেন। কিন্তু একসময় বিষয়টি জানাজানি হয়ে যায়।

একদিন সকালে হঠাৎ করে ২০–২৫ জন মিলিটারির সঙ্গে দুজন রাজাকার এসে হানা দেয় মরিয়মের চাচার শ্বশুর বাড়িতে। বাড়ি ঘিরে ফেলে। মরিয়ম আর তার চাচি তখন ঘরে ছিলেন না। মিলিটারিরা সরাসরি ঘরের ভেতরে ঢুকে পড়ে। দূর থেকে মরিয়মের চাচি তা দেখতে পান। 

মিলিটারিরা ঘরে ঢুকছে, এই ফাঁকে চাচি পালাতে বলেন মরিয়মকে। সে বাড়ির বাইরে চলে যায় এক দৌড়ে। তার পেছন পেছন দুজন মিলিটারিও দৌড়াতে থাকে। এটি দেখে কোথায় পালাবে—এই ভেবে দিশেহারা হয়ে যায় মরিয়ম। শেষে কোনো দিশা না পেয়ে পাশের কুয়ার ভেতরে ঝাঁপ দেয়। 

 অনেক খোঁজাখুঁজি করেও কাউকে না পেয়ে চলে যায় মিলিটারিরা। তারা চলে যাওয়ার পর মরিয়মকে কুয়ার ভেতর থেকে উঠিয়ে আনা হয়। ততক্ষণে সে আধমরা। অন্ধকার কুয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কুয়ার ভেতরে একটা সাপ ছিল, সেই সাপ তাকে কামড় দেয়। কুয়ার ভেতরে মরিয়ম সাপ আর পানির সঙ্গে দেড়–দুই ঘণ্টার মতো যুদ্ধ করে। তাকে সাপে কামড় দিয়েছে দেখে বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন। কী করবেন, কোথায় নেবেন—এই চিন্তায় সবাই তখন  অস্থির। অবশ্য কোথাও নেওয়ার মতো পরিস্থিতি সে সময় গ্রামে ছিল না, চারদিকে মিলিটারি ছড়িয়ে–ছিটিয়ে আছে। কিন্তু সাপের কামড়ে মরিয়মের যদি কিছু হয়ে যায়—এই ভাবনায় কবিরাজ বা সাপুড়ে কারও কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়। এমন সময় একজন বলেন, বস্তার ভেতরে করে তাকে নেওয়া হোক। 

অতঃপর একটা বস্তার ভেতরে মরিয়মকে ঢুকিয়ে, তার মুখ বেঁধে, বস্তাটি একজন মাথায় নিয়ে হেঁটে সাপুড়েদের বাড়িতে যায়। সাপুড়ে জানিয়ে দেয়, মরিয়মের অবস্থা খুব খারাপ। অনেক দেরি হয়ে গেছে। সাপের বিষ রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। কোনো আশাই তারা দেয়নি। অনেক অনুরোধ করার পর সাপুড়ে বলেন, আমাদের কাছে রেখে যান, চেষ্টা করি। 

নিরুপায় হয়ে মরিয়মকে সাপুড়ের কাছে রেখে আসা হলো। সেই সাপুড়ে তাকে ভালো করে। তবে মানসিকভাবে সে অসুস্থ হয়ে যায়। কথাও বলতে পারে না। ঠিকমতো কাউকে চিনতেও পারে না। ও িদকে যাঁরা মরিয়মকে রেখে গিয়েছিলেন, তাঁদেরও আর কোনো খোঁজখবর নেই। মরিয়মের চাচির বাবার বাড়ির কেউ তাঁর খোঁজখবর নিতে আসেননি। ফলে মরিয়মকে তাঁদের সঙ্গে নিয়ে যান সাপুড়েরা।

দেশ স্বাধীন হওয়ার সাত–আট মাস পর মরিয়মকে খুঁজে পায় তার পরিবার। মরিয়মের  সুস্থ হতে সময় লাগে দু–তিন বছর। মরিয়ম সুস্থ হয়ে উঠলে তার পরিবার যার সঙ্গে তার িবয়ের কথা ছিল, সেই বাড়িতে যোগাযোগ করে। কিন্তু ছেলের পক্ষ জানিয়ে দেয়, এই বিয়ে সম্ভব নয়। তাদের ধারণা, মরিয়ম পাকিস্তানিদের হাতে ধরা পড়েছিল, এবং নির্যাতনের শিকার হয়েছে।

যুদ্ধের চার–পাঁচ বছর পর মরিয়মের বিয়ে হয় একজন বাবার বয়সী এক লোকের সঙ্গে। িকন্তু মুক্তিযুদ্ধ তাঁর বুকে যে জখম বুনে দিয়েছে, তা থেকে মুক্ত হতে পারেনি মরিয়ম। আবারও মানসিকভাবে পুরোপুরি অসুস্থ হয়ে যান তিনি। তাঁর অবস্থা এমন হয় যে, এই ভালো থাকেন, তো ওই খারাপ।