>সবার মতো লেখকেরাও এখন ঘরবন্দী। লেখকদের এই ঘরবন্দী সময় কেমন কাটছে, অন্তর্জাল ঘেঁটে জানাচ্ছে শবনম জাবীন চৌধুরী

পিটার মে
অন্য সবার মতো হোম কোয়ারেন্টিনেই ছিলেন ব্রিটিশ লেখক পিটার মে। এর মধ্যে হঠাৎ একদিন ‘করোনার তাণ্ডব ও লকডাউন নিয়ে কিছু লিখুন’ বলে পিটারের টুইটারে অনুরোধ জানান তাঁর এক ভক্ত। ভক্তের এমন অনুরোধে প্রায় পনেরো বছর আগের একটি ঘটনা মনে পড়ে পিটারের। সেই ২০০৫ সালে মহামারি–আতঙ্ক নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন তিনি। কিন্তু উপন্যাসটি ছাপতে রাজি হননি কোনো প্রকাশক। সেই উপন্যাসের কথা আবার মনে পড়ে পিটার মের। তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন ওই প্রকাশকের সঙ্গে। প্রকাশক এক রাতের মধ্যে পাণ্ডুলিপিটি পড়ে ফেলেন এবং বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। ২০০৫ সালে লেখা, অথচ আজকের করোনা মহামারির সঙ্গে কী অবিশ্বাস্য মিল এই উপন্যাসের ঘটনাগুলোর! আর কালক্ষেপণ নয়, এই এপ্রিলের ৩০ তারিখেই প্রকাশিত হতে যাচ্ছে স্কটিশ লেখক পিটার মের উপন্যাস লকডাউন।

ফ্যাং ফ্যাং
ছোটগল্প লেখাতেই যত মুনশিয়ানা চীনা লেখক ফ্যাং ফ্যাংয়ের। জিও আর্কিটেকচার, সফট বুরিয়্যাল ইত্যাদি অবিশ্বাস্য সব ছোটগল্প লিখে বিশ্বসাহিত্যে স্থান করে নিয়েছেন ষাটোর্ধ্ব এই নারী লেখক। চীনে যখন চলছিল কড়াকড়ি লকডাউন, তখন তিনি সিদ্ধান্ত নেন ডায়েরি লেখার। তারপরই শুরু করেন করোনার তাণ্ডবে প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য হৃদয়বিদারক ঘটনা, মানুষের দুর্দশা এবং উদ্ভূত স্বাস্থ্য সমস্যা ও মৃত্যুর মিছিল নিয়ে প্রতিদিন লিখতে। ‘উহান ডায়েরি’ বা ‘কোয়ারেন্টিন ডায়েরি’ নামে তাঁর এই লেখাগুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে লাখো মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে লেখাগুলো। হোম কোয়ারেন্টিনের দিনগুলো এভাবেই কাজে লাগিয়েছেন ফ্যাং ফ্যাং।

কিথ পম্পে
গত মাসের শুরুর দিকে গলাব্যথা ও কাশি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন মার্কিন লেখক কিথ পম্পে। কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল আসে নেগেটিভ! হাঁপ ছেড়ে বাঁচেন তিনি। তবু সুরক্ষার কথা ভেবে চিকিৎসকেরা তাঁকে সেলফ কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মেনে দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টিনে থাকার পর পম্পে এখন ফিরে গেছেন ফিলাডেলফিয়ার নিজ বাড়িতে। এখন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। তবে তাঁর মনের খুঁটিতে খানিকটা ঘুণ ধরেছে। তাই হারানো মনোবল ফিরিয়ে আনতে নিজেকে সব সময় ব্যস্ত রাখছেন বিভিন্ন কাজে। বর্তমানে মেয়ের পড়াশোনার পেছনে বেশ খানিকটা সময় ব্যয় করছেন, দিনে দুবেলা করে হাঁটাহাঁটি করছেন। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটাও মেনে চলছেন।

লায়লা লালামি
মার্কিন লেখক লায়লা লালামি বিশ্বব্যাপী পরিচিত দ্য আদার আমেরিকানস নামের উপন্যাসটির জন্য। তুমুল জনপ্রিয় এই ঔপন্যাসিক আর সবার মতোই দীর্ঘদিন নিজ গৃহে বন্দী হয়ে আছেন। উদ্বেগ–উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর। মনই বসাতে পারছেন না সৃষ্টিশীল কাজে। প্রতিদিন এক অজানা আশঙ্কা, ভয় তাঁর জীবনের গতিকে অনেকটা স্থবির করে তুলেছে। তাই গান শুনে, চলচ্চিত্র দেখে এবং ঘুমিয়ে ঘুমিয়ে এখন বন্দিত্বের দিনগুলো পার করছেন বায়ান্ন বছর বয়সী লায়লা লালামি।
সূত্র: ইনডিপেনডেন্ট, লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য ডিপ্লোম্যাট ও ইনকোয়েরার