কী সুন্দর মারণাস্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ল্যান্ডবাউন্ড’, শিল্পী: আনিসুজ্জামান সোহেল
‘ল্যান্ডবাউন্ড’, শিল্পী: আনিসুজ্জামান সোহেল

দর্শক-বোদ্ধাদের মাথায় চিন্তার উদ্রেক করে অঙ্কন ও স্থাপনাকর্মনির্ভর এমন একটি প্রদর্শনীই বর্তমানে চলছে ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। ‘একান্ত ভীতি’ শিরোনামে আনিসুজ্জামান সোহেলের এই প্রদর্শনীর কাজগুলো এমন, এগুলো আমাদের চোখকে টানে আবার মনের ভেতর কষ্টও জাগায়, যন্ত্রণা দেয়। শিল্পীর এটি দ্বিতীয় একক।
গ্যালারির ভেতরে ঢুকতেই দেখা যায়, কাঁটাতারের বৃত্তাকার বেষ্টনীর মধ্যে কঙ্কালসার এক শিশুভ্রূণ। দেখেই ঝাঁকুনি লাগে মগজের কোষে। মনে হয়, এটা কি মানুষ-জন্ম, নাকি মানবতা ধ্বংসের আগমনী?
কাগজে পিগমেন্ট কলমে নকশা করার প্লাস্টিক টুলস দিয়ে নানা রেখায় জড়াজড়ি করা নকশার মধ্যে মারণাস্ত্র, যুদ্ধবিমানের সযত্ন চিত্র। আবার এমনও চিত্র শিল্পী এঁকেছেন, যাতে কালচে বর্ণের গায়ে ধূসর রঙে নন্দিত নকশায় জড়ানো মারণাস্ত্র তাক করা। যেন মারণাস্ত্রই মানুষের সৃজনশীলতা গায়ে মেখে মানুষকে শেষ করতে উদ্যত আজ! মারণাস্ত্রের বহরের ভেতরে মানুষের অস্তিত্ব বিপন্ন করা এমন বৈপরীত্য গোটা প্রদর্শনীজুড়ে থাকা শিল্পকর্ম প্রত্যক্ষ করি আমরা। বুঝতে পারি, দর্শকদের ভেতরে জমে ওঠা নন্দন চেতনাকে তীব্র কশাঘাত হানছেন শিল্পী। ফলে ‘একান্ত ভীতি’ আমাদের গ্রাস করে বারবার।
দেশ-দুনিয়ায় প্রতিনিয়ত ঘটে যাওয়া সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ, হানাহানি, প্রাণহানি সোহেলের নিজের অনুভবের ভেতরে যে প্রতিক্রিয়া তৈরি করে, সে থেকেই তাঁর সৃষ্টি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে একে একে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যা, সন্ত্রাস—এসব দেখে দেখে তাঁর মধ্যে যে ঘৃণার জন্ম হয়েছে, সেটিই যেন তিনি উগরে দিয়েছেন গ্যালারিতে।
ভয়ানক আতঙ্কজনক নানা বিষয় ফুটে উঠেছে তাঁর চিত্রকর্মে। বাস্তবানুগ অঙ্কনে ও ভাস্কর্য গড়ার মতো কৌশলের প্রয়োগে মেশিনগান, রিভলবার, চকচকে ছুরি, নিহত মানুষের খুলি ও হাড়গোড় ব্যবহার করেছেন। অ্যালুমিনিয়ামে তৈরি কঙ্কাল যেন মেশিনগান নিয়ে যুদ্ধে লিপ্ত! ফাইবার গ্লাস, রেক্সিন আর মেটাল দিয়ে বানিয়েছেন মানুষের বিশাল আকৃতির নিচের চাপার দাঁত ও হাড়। এগুলো দেখে দুঃস্বপ্নের বোধ তৈরি হওয়া বিচিত্র নয়।
বড় ঘরের ভেতরে ধাতবমুদ্রায় মার্কিন ডলারের বিরাট সব সংস্করণ। এর প্রথমটিতে সুন্দর খোদাই করা অক্ষরে ইংরেজিতে লেখা, ‘বন্দুকে আমরা বিশ্বাসী’। লেজারে অঙ্কন করে নিটোলভাবে কাটা এবং গাড়ির রঙে রাঙানোয় ধাতবের চকচকে ভাবটা দারুণ এসেছে। তবে বোঝা যায় সীমাহীন ধৈর্য ও কারুময় কৌশলে ফুটিয়ে তোলা হয়েছে এই নিটোল রূপটি।
সংগীতের প্রতি মানুষের সহজাত টানও বোধ করি আজ হত্যার শিকার। নিহত সংগীতের প্রতীকগুলো যেন বেলচা দিয়ে ঠেলে ফেলা হচ্ছে—এমন ভাবনার রূপায়ণ ঘটিয়ে স্থাপনাশিল্পের মাধ্যমে তিনি তুলে ধরেছেন সংগীতের গণহত্যা। আবার আর্ট লাউঞ্জের একেবারে পূর্ব-দক্ষিণের ছোট ঘরের দেয়ালে পেছনে আলো ফেলে কয়েকটি ফিগারের গতিময়তা ও অঙ্গহানির বেদনাকেও ফুটিয়ে তুলেছেন। প্রযুক্তির প্রয়োগে বীভৎসতাকেও নান্দনিকভাবে প্রকাশ করে প্রকারান্তরে সোহেল যেন চলমান অসুন্দরকেই আঘাত করেছেন। প্রকৃতির প্রতি মানুষের আকুলতা, নন্দনবোধ আর মারণাস্ত্রের চর্চার বৈপরীত্যকে একসঙ্গে করে তুলে ধরে শেষাবধি দর্শকের কাছে ছুড়ে দিয়েছেন শ্লেষ—দেখো দেখো তামাশা; পাশাপাশি উচ্চকিত হয়েছে একটি প্রশ্নও—কোথায় চলেছি আমরা?
৭ মে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। বলা ভালো, এটিই বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ প্রদর্শনী।