কীর্তিমানদের অাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল টিপ, শিল্পী: নির্মলেন্দু গুণ
লাল টিপ, শিল্পী: নির্মলেন্দু গুণ

ক্যামেরার কবি নাসির আলী মামুন চার দশক ধরে সংগ্রহ করেছেন লেখক, শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের কীর্তিমানদের আঁকা ও লেখা৷ তাঁর অনুরোধে কেউ কেউ প্রথমবারের মতো শিল্প সৃষ্টি করেছেন; যেমন বললেন অধ্যাপক আনিসুজ্জামান, ‘এ প্রদর্শনীতে আমার আঁকা একটি মুখচ্ছবি আছে, যেটি কম গতির রেখায় আঁকা৷’ বলা ভালো, ‘কীর্তিমানদের শিল্পকর্ম’ শিরোনামের এ প্রদর্শনীর ছবি কোনো নির্দিষ্ট শিল্পীর আঁকা নয়, নাসির আলী মামুনের সংগৃহে থাকা শিল্পকর্মের মধ্যে থেকে বাছাই করা ১৩০টি শিল্পকর্ম নিয়েই এ প্রদর্শনী৷ আর এ ছবিগুলোর আঁকিয়ে দেশের ৫৪ জন কীর্তিমান মানুষ৷

অা গ্রিন ফেস, শিল্পী: হ‌ুমায়ূন আহমেদ
অা গ্রিন ফেস, শিল্পী: হ‌ুমায়ূন আহমেদ

নাসির আলী মামুন আলোকচিত্রশিল্পী৷ তাঁর আলোকচিত্রের বিষয় মানুষের মুখ৷ সাধারণ ও কীর্তিমান—দুই রকম মানুষের প্রতিকৃতি ক্যামেরায় বন্দী করেন তিনি৷ সাংস্কৃতিক জগতের খ্যাতিমান মানুষের ছবি তোলা শেষে কখনো বা মামুন তাঁদের হাতে তুলে দিয়েছেন রং-তুলি অথবা কালি-কলম৷ এভাবেই তাঁর সংগ্রহে আসে অজস্র ছবি৷ এই ছবির আঁকিয়েরা কেউ শিল্পী, কেউ লেখক-কবি, অভিনয়শিল্পী, কেউ-বা অন্য মাধ্যমে কীর্তিমান৷ এই কীর্তিমানদের আলোকচিত্র ও তাঁদের আঁকাজোকা দিয়ে মামুন তৈরি করেছেন ‘ফটোজিয়াম’ নামে জাদুঘর৷ চলমান এ প্রদর্শনী আয়োজন করা হয়েছে ওই জাদুঘরের অর্থ সাহায্যের জন্য৷
এ প্রদর্শনীতে ছবি এঁকেছেন অনেকেই—কাজী আবুল কাশেম, কামরুল হাসান, এস এম সুলতান, শফিকুল আমিন, আবদুর রাজ্জাক, মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, শহিদ কবির, শাহাবুদ্দীন থেকে শুরু করে শেখ আফজাল, শিশির ভট্টাচার্য্য পর্যন্ত৷ অন্য দেশের শিল্পীদের মধ্যে আছে পূর্ণেন্দু পত্রী, লালু সাউ, পরেশ মাইতি, প্রকাশ কর্মকার, রবীন মণ্ডল প্রমুখ৷ যাঁরা শিল্পী নন, তাঁদের আঁকা চিত্রকর্মও আছে এখানে—আনিসুজ্জামান, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, শামসুর রাহমান৷ এ ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, রমানন্দ বন্দ্যোপাধ্যায়, শুভাপ্রসন্ন, ওয়াসিম আর কাপুরের আঁকা ছবিও দর্শক দেখতে পাবেন এখানে৷ যাঁরা ছবি আঁকেন, তাঁদের ছবি প্রসঙ্গে না হয় না-ই বললাম আজ; বরং বলি আঁকিয়ে নন, এমন কয়েকজনের ছবি সম্পর্কে৷
কবি শামসুর রাহমানের কালি ও কাগজে আঁকা ‘মুমা’ ছবিটির কথা বলা যাক৷ ২০০১ সালে আঁকা এ রেখাচিত্রটিতে নারী-মুখের আদল কালো কালি দিয়ে গড়া, শুধু কপালের টিপটি লাল রঙের৷
আনিসুজ্জামানের ছবির নাম ‘মুখ’৷ ২০১৩ সালে আঁকা এ ছবিতে সরলরেখায় চিত্রিত হয়েছে একটি মুখের অবয়ব৷
এবার বলি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছবি প্রসঙ্গে৷ ‘অাগ্রিন ফেস’ শিরোনামে ২০০৫ সালে আঁকা এ ছবিতে এই কথাশিল্পী সরল মানুষের মুখ নির্মাণের চেষ্টা করেছেন৷
অন্যদিকে নির্মলেন্দু গুণ এঁকেছেন ‘লাল টিপ’ শিরোনামের ছবি৷ মজার বিষয় হলো, পুরো ছবির কোথাও লাল রং ব্যবহার করেননি কবি৷
প্রদর্শনীর প্রতিটি ছবিতে, কীর্তিমানদের রং-রেখায় স্পষ্ট হয়েছে তাঁদের চিন্তা৷ হলফ করে বলতে পারি, এ প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শক মুগ্ধ হবেন৷ কারণ, মামুনের সংগ্রহে থাকা কীর্তিমানদের আঁকা এসব চিত্রকর্মে একদিকে যেমন রয়েছে বৈচিত্র্যের বিভা, অঙ্কনরীতিতেও তেমনি আছে ভিন্নতা৷
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ১৪ জুন শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে আগামী ৫ জুলাই৷