কুও-মোরুও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী থেকে অনেক দূরে সিচুয়ানের এক সম্পন্ন পরিবারে কুও-মোরুওর (১৮৯২—১৯৭৮) জন্ম। তিনি কবি, নাট্যকার, ঐতিহাসিক, অনুবাদক। গ্যেটে, শেলী, নিৎসে, হুইটম্যান ও রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ করেন। বলতে গেলে তিনিই প্রথম চৈনিক বুদ্ধিজীবী, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার প্রতি চীনা লেখকদের দৃষ্টি আকর্ষণ করেন। রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পান, কুও তখন জাপানে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করছিলেন। সে সময়েই রবীন্দ্রনাথের লেখার সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ১৯১৬-১৭ সালে কুও এক আবেগঝঞ্ঝায় পীড়িত হয়ে কখনো আত্মহত্যা করার কথা, আবার কখনো বৌদ্ধ শ্রমণকর্মে দীক্ষা নেওয়ার কথা ভাবেন। এ সময় রবীন্দ্রনাথের লেখায় তিনি প্রশান্তি পান। সে সম্পর্কে পরে তিনি লেখেন, ‘আমার দেহের মধ্যে যেন স্পষ্ট একটা সুর বয়ে যেত।’ কয়েক মাস পর তাঁর জাপানি বান্ধবীর গর্ভে এক পুত্রসন্তান জন্মগ্রহণ করলে তিনি অর্থোপার্জনের জন্য সাংহাই প্রকাশকদের কাছে রবীন্দ্রনাথের অনুবাদ বের করার চেষ্টা করেন। কিন্তু সফল হননি।১৯২৩ সালে কুও তাঁর হীনম্মন্যতা কাটিয়ে সাহিত্যিকদের মধ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করেন এবং সৃষ্টি সমাজ (চোয়াং শাহ শে)-এর নেতা হিসেবে নন্দনতত্ত্ব ও রোমান্টিক জনপ্রেম প্রচার করেন। রবীন্দ্রনাথ, হুইটম্যান, গ্যেটে প্রমুখ সাহিত্যিকের প্রভাব কাটিয়ে তিনি মার্কসিজমে দীক্ষা নেন। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক দর্শনের বিপদের কথাও তিনি বলেন। কুও বলেন, যেখানে সহায়-সম্পত্তিহীন শ্রেণী তাদের রক্ত ও ঘাম ঢেলে যাচ্ছে সেখানে রবীন্দ্রনাথের চিন্তাধারা বিত্তবান ও অবসরভোগীদের আফিম ও নারকেলি মদের মতো। কুও চান যে রবীন্দ্রনাথ বেইজিং ও সাংহাইয়ের বিত্তবানদের কবলে না পড়ে চীনের প্রাকৃতিক সম্পদ—নদী, হ্রদ, পাহাড়-পর্বতের মাঝে বিশ্রাম নেন এবং অনুপ্রেরণায় তাঁর কবিমন ধন্য হোক। তাঁর মতে, চীনের সভ্যতা ভারত বা পারস্যের সভ্যতার মতো নয়। বৌদ্ধধর্মের প্রভাবে সোং আমল নিবীর্য ও নিশ্চল হয়ে পড়ে। যে সভ্যতা চীনের পশ্চাৎপরতার কারণ, রবীন্দ্রনাথ তা অনুসরণ করতে বলায় কুও বিস্মিত হন। চীন যদি প্রগতির পথে যেতে চায় তবে তাকে প্রাচ্যসভ্যতা পরিহার করতে হবে। কুও বলেন, ‘আমার যদি মহান ভারতীয় কবিকে কোনো পরামর্শ দেওয়ার সাহস থাকে, তবে তাঁকে আমি বলব কবিতা নিয়ে থাকুন, কবিতা লিখুন, আর সভ্যতা নিয়ে কোনো কথা বলবেন না।’ তবে রবীন্দ্রনাথের সমালোচনা করলেও তাঁর প্রতি কুওর শ্রদ্ধাবোধ বরাবরই অক্ষুণ্ন থাকে। কুও মোরুওর কবিতা গভীর দেশপ্রেম ও সুন্দর ভাবীকালের কথা বলে, প্রগতিশীল চেতনায় সূর্য, ঔজ্জ্বল্য ও আশার কথা বলে। ১৯২১ সালে ‘রূপকথা ও ঐতিহাসিক কাহিনির ওপর ভিত্তি করে তাঁর গডেসেস বা দেবীরা লিখিত হয়। ‘পারাবারের তীরে’ কবিতাটিতে কুও রবীন্দ্রনাথ ঠাকুরের কালেক্টেড পোয়েমস অ্যান্ড প্লেস (ম্যাকমিলান, ১৯৫০, পৃষ্ঠা ৫১) সংকলন থেকে উদ্ধৃতি দেন। আমরা রবীন্দ্রনাথের মূল কবিতা ‘শিশু’ থেকে উদ্ধৃতি দিলাম (রবীন্দ্র রচনাবলী নবম খণ্ড, বিশ্বভারতী, পৃষ্ঠা ২)।