কুতুব কমপ্লেক্সের স্তম্ভ
দেখতে সাধারণ একটি স্তম্ভের মতোই। কিন্তু আসলেই বিস্ময়কর এই স্তম্ভের অবস্থান ভারতের কুতুবমিনার কমপ্লেক্সে। প্রায় ২২ ফুট উঁচু এই স্তম্ভটি দাঁড়িয়ে আছে প্রায় দুই হাজার বছর ধরে। তার পরও এর গায়ে কোনো মরচে পড়েনি। মসৃণ এর গা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে বছরের পর বছর ধরে সে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। স্তম্ভটির ব্যাস ৪ দশমিক ৫ ফুট। ওজন হবে ছয় টনেরও বেশি। দাবি করা হয়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের (৩৭৫—৪১৫ খ্রিষ্টাব্দ) সময় স্তম্ভটি বানানো হয়েছে। অনেকে আবার মনে করেন, নির্মাণের সময়কাল আরও প্রাচীন। স্তম্ভের গায়ে ব্রাহ্মীলিপিতে লেখা আছে বিষ্ণুদেবতার কথা, গুপ্তবংশের রাজা চন্দ্রগুপ্তের কথা। এই লোহার স্তম্ভটির অন্তর্বর্তী উপাদান নিয়ে গবেষণা কম হয়নি। সম্প্রতি আর বালসব্রহ্মনিয়াম একটি লেখায় দাবি করে জানিয়েছিলেন, স্তম্ভটি বানানোর সময় তিনটি ধাপে ভেতরে বিভিন্ন ধাতব উপাদান পুরে দেওয়া হয়েছে। লোহার ওপর ধাতব প্রলেপ দেওয়ার জন্য আধুনিক তড়িত্-বিশ্লেষণের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ বিষয়গুলো বিস্মিত করছে এ যুগের বিজ্ঞানীদের। সেই সময়ে কীভাবে এত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলো! স্তম্ভটি যেভাবেই তৈরি হোক না কেন, এতে প্রাচীন যুগের ধাতববিশারদদের অভাবনীয় দক্ষতার পরিচয় মেলে। দুনিয়ার সব রহস্যে ভিনগ্রহবাসীদের হাত খুঁজে পাওয়া এরিক ফন দানিকেন লিখেছিলেন, এই লোহার স্তম্ভ নির্মাণের সঙ্গে পৃথিবীর বাইরের শক্তির হাত আছে। তা না হলে সে যুগে এত অসাধারণ স্থাপত্য তৈরি করা সম্ভব হতো না।দানিকেনের দাবি অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এ কথাও ঠিক যে আধুনিক বিজ্ঞানী ও প্রত্নবিশারদেরাও এই স্তম্ভের নির্মাণপদ্ধতি নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারছেন না।—শিখ্তী সানী