কুমার চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে গাইছ তুমি বিকালের গান
দেখছ: জোছনা, চাঁদ আর কালপুরুষ।
ঘুম হলো অবশতা যে তোমাকে ছুটি দেয়
নিয়ে যায় নিদ্রাশ্রিত দেশে,
তুমি একা অনেক হাঁটার পর বিশ্রাম চেয়েছ,
দেখেছ শব্দের জন্ম—ঘুমের ভেতরে।

প্রতিটি মানুষ রাতের সৌন্দর্যে
স্থির। সে ভাবে গূঢ়ের কথা, ভাবে
দেহের গভীরে লুকানো অজন্তার কথা,
আর ভাবে—ঘুম এক নিদ্রাসত্য
মরফিউস করেছে প্রতিজ্ঞা
যে তোমাকে নগ্ন করে কবিতার কাছে
তারপর নিয়ে যায় স্বপ্নলোকে।

তুমি এলে ফিরে সম্পূরিত জীবনের ঘরে
সঙ্গে করে আনলে যে মেঘবিষণ্নতা
তোমার নন্দনদেহ ঘুমঘোর, খোঁজে অন্তিমতা।