কুহক
মোবাইল সেটে আলো জ্বলে ওঠার মতো বাদলের কামরায় সকালটা ফুটে উঠল। ঘুম তার ভাঙল। যেন সে শিশু, মায়ের স্তন খুঁজছে সেভাবে বালিশের কোনায় গুঁজে থাকা মোবাইলটা ফোনটা নিল। মেসেজ বক্সে অনেকগুলো এসএমএস অপেক্ষা করছে। প্রায় একই খবর। সবাই তার জন্য কলা ভবনের নিচের তলায় অপেক্ষা করছে। বাদল খাটের তলা থেকে প্রথমে পোস্টারগুলো বের করল। গত রাতে প্রায় তিনটা বেজেছে মাকে হাসপাতালে রেখে ফিরে আসতে আসতে। আসার পথে তাকে পেট্রল পুলিশ চ্যালেঞ্জ করেছিল। কলাবাগানের মোড়ে। আকাশের গায়ে একটা ক্ষয় চাঁদ নিচে বাংলাদেশকে দেখছিল। স্যার, ছেলেটা পরিষ্কার, মনে হয় সত্য বলতেছে। একজন পুলিশ তার সারা শরীর সার্চ করে অফিসারকে বলল। পুলিশগুলো আবার হুটহাট করে তাদের টেম্পোতে গিয়ে বসল। শীতের জ্যাকেট পরা রাত একটু ভুতুড়ে মনে হচ্ছিল। বাদল বত্রিশ নম্বরের মুখে লেকের পাড়ে ঢুকল। ভেতর দিয়ে শর্টকাটে সে বাসায় পৌঁছে যাবে। সে পকেটে পিস্তল রাখেনি। পুলিশের সঙ্গে সে জন্য ঝামেলা হয়নি। এখন সে মনে মনে বন্ধুদের একবার গালি পাড়ল। মায়ের অসুখের কথা বন্ধুদের এখনো জানানো হয়নি। সবগুলো হারামজাদা, রাতে মোবাইল ফোন অফ করে রেখেছিল। তার একমাত্র বোন চিটাগাং থেকে রওনা দেবে সকালে। মহানগরে। এখন সাতটা বাজে। এখন নিশ্চয় ট্রেনে উঠছে। মায়ের পাশে বাবাকে রেখে এসেছে বাদল। বাবা নিজেও প্রেশারের রোগী। কোনোমতে ভার্সিটিতে গিয়ে পোস্টারগুলো বন্ধুদের হাতে পৌঁছে দিয়ে সে আবার আসবে হাসপাতালে। বাবাকে পাঠিয়ে দেবে বাসায়। লাল-নীল-সবুজ ফেল্ট পেন দিয়ে সে এঁকেছে পোস্টারগুলো। কার্টুনের মতো করে। কোনোটাতে গ্যাস, কোনোটাতে কয়লা, আবার কোনোটাতে তেলের ফার্নেসের ছবি। কোনোটাতে আবার বন্দুকের গুলিতে বুক ঝাঁঝরা হয়ে তাজা রক্ত ছোটার দৃশ্য। অ, আ, ক, খ নিয়ে যে কার্টুনটা তার করা সেটা নিল না। সেটা একুশে ফেব্রুয়ারির সময় বের করবে। কার্টুনে তার দারুণ হাত। ইচ্ছা ছিল আর্ট কলেজে পড়বে। কিন্তু বাবা-মার একান্ত ইচ্ছা সে ডাক্তারি পড়ুক। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় টিকেছে, ভর্তিও হয়েছে, যদিও ক্লাস এখনো শুরু হয়নি। কিন্তু পিস্তলের টিপও তার চমৎকার। কুড়িল বাড্ডার এক সন্ত্রাসীর কাছ থেকে নতুন একটা পিস্তল সংগ্রহ করেছে। সে সবকিছুতে প্রতিবাদ করতে চায়, এবং প্রতিবাদ জোরালো হয় জুতসই একটা পিস্তল থাকলে। তার সন্ত্রাসী ওস্তাদ শোয়েব অবশ্য ক্রসফায়ারে মারা গেছে। প্রায় বলত, ওস্তাদ, তোর হাতের টিপ খুব ভালো। তরতর করে ওপরে উঠবি।বাদল দ্রুত বাথরুম থেকে বের হলো। টি-শার্টটা পরার সময় ডেটলের ফিকে একটা কটু গন্ধ তার নাকে লাগল। মাকে অক্সিজেন, স্যালাইন, ইনজেকশন এগুলো দেওয়ার সময় নার্সদের সঙ্গে সে ছিল। টি-শার্টটার ওপর চাপাল সারিয়ার দেওয়া কালো জাম্পারটি। সারিয়া কানাডা চলে গেছে তার বাবা-মার সঙ্গে দুই মাস আগে। ইমিগ্রেশন নিয়ে। স্বপ্নটা হলো বাদলকেও নিয়ে যাবে। সারিয়া সম্ভবত বাদলের হাতের টিপের কথা জানে না। জানলেও গুরুত্ব দিচ্ছে না। কিন্তু বাদলের হাতে যে পুরো বাংলাদেশ স্বপ্ন স্বপ্ন খেলছে। সারিয়ার কথা মনে পড়লেও পড়ে, না পড়লেও না পড়ে। সে এবার ফ্রিজ থেকে পাউরুটি আর জেলি বের করে দুপদাপ করে নাশতাটা সেরে নিল। তখনো সারিয়ার কথা কয়েকবার মনে পড়ল। পাউরুটির সাইড টুকরায় একটা বাদামি রঙের বাচ্চা তেলাপোকা চুপচাপ ঘুমাচ্ছিল। বাদল সেটাকে পায়ের তলায় না পিষে পাউরুটির টুকরাটিকে দিল এক ঝাড়া। পতঙ্গটি কোথায় যেন ছিটকে পড়ল। এরপর চাবি-সমস্যা। কোথায় যে মা চাবি রাখে তার ভালো জানা নেই। মাইক্রোওভেনের পাশে রাখা একটা ছোট্ট হাতায় চাবির গোছাটা রাখা। তা নিতে গিয়ে বাদল ভাবল, তার বাবা-মার জন্য কিছু স্যান্ডউইচ তৈরি করে নিয়ে যাবে কি না। মা তো খেতে পারবে না, বাবা নিশ্চয় পারবে। কিন্তু সময়ের ঘাটতি। সে চিন্তা বাদ দিয়ে দরজা লাগিয়ে লিফটের সামনে দাঁড়াল যখন, তখন মনে পড়ল যে পোস্টারগুলো নেওয়া হয়নি। দরজা আবার খুলতে গিয়ে বাদলের সমস্যাটা হলো এ রকম। চাবির গোছায় চাবিগুলো দেখতে সব এক। মা সব সময় বাসায় থাকে বলে তার চাবি ব্যবহার করার দরকার হয় না। প্রথমবার ঠিকমতো দরজা বন্ধ করলেও, এবার সে চিনতেই পারছিল না কোন চাবিটা দিয়ে দরজা খোলা যায়। যখন সে প্রায় হতাশায় ঘামতে শুরু করল তখন হঠাৎ আরেকটা চাবি ঢোকাতেই দরজাটা অনায়াসে খুলে গিয়ে সারিয়ার কণ্ঠে বলল, কাম ইন। পোস্টার নেওয়ার সঙ্গে সঙ্গে সে তার দেরাজ খুলে সদ্য সংগ্রহ করা পিস্তলটাও হাতিয়ে নিল। তখন তার বুকের বল যেন অনেকখানি বেড়ে গেল। রাস্তায় বেরিয়েই বুঝল, ডিসেম্বর মাসের শীতটা যেন এবার খুব কনকনে। তার পরও সকাল বেলায় জ্যাম হবে না ভেবে সে একটা রিকশা নিল। বলল, কোর্ট রোড। কিন্তু তার মন মানছিল না। কনককে মোবাইল ফোনে কল দিল। এবার পেল। বলল, দোস্ত, রাতে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে এসেছি রাতে। এখন আবার ক্লিনিক ঘুরে তোদের কাছে যাচ্ছি। কনক বলল, দোস্ত, ঠিক আছে। তুই বরঞ্চ ক্লিনিকে থাক। আমরাই যাচ্ছি, আন্টিকেও দেখে এলাম, তোর পোস্টারগুলোও নিলাম। বাদল রিকশাওয়ালাকে এবার বলল, সেন্ট্রাল রোড। কিন্তু রিকশাওয়ালাটা ঠ্যাঁটা। ওদিকে যাবে না। গোল বাধাতে চাইল না বাদল। সে সঙ্গে সঙ্গে নেমে পড়ে আরেকটা রিকশাতে উঠল। তখন আগের রিকশাওয়ালা হেঁকে বলল, এ যে মিঞা ভাই, ভাড়া দিলেন না যে। বাদল বলতে যাচ্ছিল, রিকশায় উঠেছি আর নেমেছি, এ জন্য ভাড়া চাও! কিন্তু তার মনটা প্রশমিত হলো কী এক কারণে। বলল, ধর, নিয়ে যাও। এ বলে দুই টাকার একটা নোট ধরিয়ে দিল আগের রিকশাওয়ালাকে। তার পরও রিকশাওয়ালা তাকে কতগুলো কথা শুনিয়ে নিজের রিকশার দিকে ফিরে গেল। কিন্তু বাদল মেজাজ দমন করল। হাসপাতালটা গ্রিন রোডের চৌরাস্তা থেকে ভেতরে। একটা লিফট শুধু। পুরোনো। কেঁপে কেঁপে সেটা পাঁচতলায় উঠল। কেবিনের দরজা খুলে দেখল মায়ের চোখ আধবোজা। স্যালাইন চলছে। আর পাশের একটা চেয়ারে বসে তার বাবা ঘুমাচ্ছেন। গাল হা করে। গাল বেয়ে কষ পড়ছে। দরজা খোলার আওয়াজে তার বাবা জেগে গেলেন। ছেলের বগলে রোল করা পোস্টারের কাগজগুলো দেখে চাপা স্বরে বললেন, এখন কি এসবের সময়। বাদল বাবার কথা উপেক্ষা করে বলল, মা এখন কেমন আছে বাবা?—হুঁশ ফিরেছে। রক্ত পরীক্ষার জন্য নিয়ে গেছে। সিটিস্ক্যান করতে হবে। তারপর জিজ্ঞেস করলেন, সকালে কিছু খেয়েছিস। বাদল বাপের কথার উত্তর দিল না। বলল, বাবা, তুমি এখন বাসায় যাও, আমি এখন মায়ের সঙ্গে থাকি। আপা তো দুপুরের দিকে এসে পৌঁছাবে। তার বাবা তার পরও চুপচাপ বসে রইলেন। একটা ভ্যাবাচেকা ভাব তাঁর সারা মুখে। বললেন, তোর আপা না পৌঁছানো পর্যন্ত আমি আছি। বাদল মায়ের মুখের দিকে তাকাল। কেমন যেন চোয়ালটা একটু বেঁকে আছে। ছেলের গলার শব্দ পেয়ে তিনি চোখ খুলতে চাইলেন, কিন্তু পারলেন না। ডান হাত ওঠানোর চেষ্টা করলেন, তা ও পারলেন না। বাদল মায়ের অন্য পাশে স্যালাইন স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে মায়ের হাতটা ধরল। মায়ের ঠোঁট অস্পষ্ট নড়ছে। সে মুখ নামিয়ে শোনার চেষ্টা করল। একটা কোমল হালকা ঘড়ঘড় শব্দ ভেসে এল শুধু গলার ভেতর থেকে। পাশে রাখা ছোট্ট টেবিলে রুমের টেলিফোনটা বেজে উঠলে তার বাবা ধরার আগে বাদল ধরল। তার আন্দাজ ঠিক। কনকেরা এসেছে। নিচের রিসেপশন থেকে ওপরে ওঠার অনুমতি চাইছে। কনকেরা পাঁচজন। রুমি, তুরিন, অরুণ, দিদার আর কনক। তারা কেবিনে ঢুকলে হঠাৎ পরিবেশ অন্য রকম হয়ে গেল। ভারী আবহাওয়ার জায়গা নিয়ে নিল তারুণ্যমাখা ঔৎসুক্য। ফিসফিস করে তারা জিজ্ঞেস করতে লাগল বাদলের মায়ের অবস্থা সম্পর্কে। তারা প্রত্যেকেই একজন একজন করে বাদলের মায়ের কপালে হাত রেখে তাঁর শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করল। বাদলের বাবাকেও খানিকটা স্বস্ত মনে হলো। কিন্তু কনকেরা বেশিক্ষণ থাকল না। বাদল ওদের হাতে পোস্টারগুলো দিয়ে বলল, তোরা নিচে যা, আমি আসছি। মা ঠোঁট নাড়ছিলেন। বাদল তাঁর মুখের কাছে কান নিয়ে গেলে সে কোমল ঘড়ঘড় শব্দ শুনল কেবল। তার মায়ের এক হাত কম্বলের ভেতর থেকে বের হয়ে তার বাবার একটা হাত আঁকড়ে ধরল। তার বাবা ইনস্যুরেন্সের দালালি করতেন। সামান্য আয়ের হলেও দুই ছেলেমেয়ের সংসার টানতে তাঁর কষ্ট হয়নি। ধানমন্ডি এলাকায় সে সস্তার যুগে একটি দোতলা বাড়ি করে ফেলেছিলেন। মেয়েটার বিয়ে চট্টগ্রামের এক উকিলের ছেলের সঙ্গে হয়েছে, যে নিজে স্টক এক্সচেঞ্জে চাকরি করে। তারা সম্পন্ন পরিবার। সব মিলিয়ে তাঁর ভালো থাকার কথা, কিন্তু অবসরের পর তাঁর শরীর ভালো যাচ্ছে না। রক্তচাপ অস্থির। বাবা মায়ের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলছ? সে একইভাবে ঠোঁট নাড়া, ঘড়ঘড় শব্দ, কোনো কথা নেই। বোবা হয়ে গেল কি না! বাবা যেন বাতাসে ছুড়ে দিলেন কথাগুলো। তারপর নিজের প্রশ্নগুলো মায়ের প্রশ্নের আকারে বললেন, পোস্টার নিয়ে কোথায় যাচ্ছিস? হাঙ্গামায় জড়িয়ে পড়তে যাচ্ছিস? তোর মার স্ট্রোকই হয়েছে সম্ভবত, টেস্টের রেজাল্ট এলে বোঝা যাবে। তুই যাচ্ছিস পোস্টার নিয়ে নাচানাচি করতে। এটা কোন ধরনের রাজনীতি আমি বুঝি না, যেখানে ছেলে পরিবারের প্রতি দায়িত্বহীন হয়ে ওঠে। তোর কোনো ক্ষতি হলে আমার লাভ কী, তোর মায়ের লাভ কী? তোরা ইয়াং ছেলেরা যে দাবা খেলার ঘুঁটি, সেটা বোঝার ঘিলুও তোদের নেই। বাদল মেজাজ ঠান্ডা রাখতে চায়, মা কথা বলতে না পারলেও সম্ভবত শুনতে পারছে। সে বলল, বাবা, আমাদের একার পরিবারের ভালোমন্দ নিয়ে তো দেশ চলছে না। বাবা বললেন, ওই একটা একটা পরিবার নিয়েই তো দেশ, নাকি? তারপর আরেকটি হাত দিয়ে মায়ের হাত আঁকড়ে ধরে বললেন, দেশ-পরিবার কোনোটাই আমাদের কাছে কোনো প্রশ্ন নয়, আমাদের চিন্তা হচ্ছে তোর একান্ত নিরাপত্তা নিয়ে। আমার কিচ্ছু হবে না বাবা, এ মায়ের গা ছুঁয়ে বলছি। বাবা একটু হালকা বিদ্রুপের হাসি দিয়ে খনখনে গলায় বললেন, হুঁ, আবার গ্যারান্টি দিচ্ছে নিজের কিচ্ছু হবে না। মাথাটা একেবারে গেছে। বাদল মায়ের গালটা একটু ছুঁয়ে দিয়ে কোনো কথা না বাড়িয়ে কেবিনের দরজা খুলে বেরিয়ে পড়ল। তার বাবা একটা টিস্যু দিয়ে আনমনে চোখের কোনা মুছলেন। বাদল নিচে নেমে এলে রিসেপশনের সামনে দাঁড়ানো কনক বলল, আন্টির অবস্থা ঠিক হয়ে যাবে রে, চিন্তা করিস না। এখানে না পারলে কোনো একটা বড় হাসপাতালে নিয়ে যাস। এদিকে হামিদ ভাইয়েরা আজকে বাধা দেবে বলছে। আমাদের নাকি পোস্টার লাগাতে দেবে না। দরকার হলে যুদ্ধ হবে।তুরিন বলল, মারামারি সত্যিই লেগে যেতে পারে। আমি ডাবলু ভাইদের বলে রেখেছি, আমাদের ওপর আক্রমণ হলে তারা যেন ইন করে। শামসুরাও থাকবে। জানিস তো শামসুদের দলে সেভেন মার্ডারের আসামি বিল্টু যোগ দিয়েছে। বাদল বলল, হামিদ কেন, কাউকে আমরা ভয় পাই না। পোস্টার আমরা লাগাবই। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। দেশের গণতন্ত্র, দেশীয় সংস্কৃতি আমরা কোনো অবস্থাতেই বিজাতীয় সংস্কৃতির সেবক দালালদের হাতে যেতে দেব না। একবারের শত্রু, সব সময়ের শত্রু। কিন্তু হামিদ ভাইয়েরা কেন এটা বুঝতে পারছে না, কনক বলল। টাকা খেয়েছে বুঝেছিস। গণতন্ত্রের বিরোধী শক্তিগুলো এককাট্টা হয়ে টাকা ছড়াচ্ছে, বুঝেছিস। তারপর একটু চুপ থেকে গাঢ় গলায় বলল, এক কাজ করলে হয় না। তুই এখন না গিয়ে আন্টির অবস্থা বুঝেশুনে এক ফাঁকে একটু ঘুরে আসতে পারবি না। আন্টির সঙ্গেই তোর থাকা দরকার। আবার হামিদ ভাইয়েরা কাউকে ভয় পেলে তোকেই পায়। তারপর আবার আবেগমাখা গলায় বলল, পরিবারের প্রতি দায়িত্ব আর দেশের প্রতি দায়িত্ব এ দুটোর সংঘাতের মধ্যে আছিস তুই। তাই না?বাদল বলল, আমাকে নিয়ে ভাবিস না দোস্ত। আমি নিশ্চয় অ্যাকশনে থাকব। তোরা চিন্তা করিস না। ধর, পোস্টারগুলো নিয়ে যা। টিচারস লাউঞ্জের সামনে, ভিসির অফিসের দেয়ালে অবশ্যই লাগাবি। দালাল কুত্তারা জানুক, দেশের মানুষ চুপ করে নেই। হাঙ্গামা শুরু হলো ঠিক বেলা সাড়ে ১০টায়। বাদলেরা মিছিল বের করেছিল কলাভবনের প্রাঙ্গণ থেকে। কুয়াশাচ্ছন্ন সকালে মিছিলটা যেন প্রাণ পেতে পেতে পারছিল না। ভিক্টোরিয়া পার্কের কোনার দিক থেকে তাদের প্রতিপক্ষ দল মিছিল নিয়ে আসছিল। পুলিশের প্লাটুনগুলো কনভয় নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো। মিছিল দুটো মুখোমুখি হওয়ার মুহূর্তে যেন একসঙ্গে শত বজ্র ফেটে পড়ল। শোর-চিৎকার, পাল্টাপাল্টি ধাওয়া তো হলোই, তারপর দুপক্ষেরই সাধারণ সমর্থক-নেতাদের পলায়ন ঘটে গেল। এর পরমুহূর্তে সেটা পক্ষ-বিপক্ষ ক্যাডারদের মধ্যে গুলিবিনিময়ের পর্যায়ে চলে গেল। বাদল কাভার নিয়েছিল দোতলার ইতিহাস বিভাগের সামনে রেলিংয়ের পেছনে। হামিদেরা ছিল ভবনের আরেক উইংয়ের সামনে। বাদলের নতুন পিস্তলে যেন নতুন প্রাণ। গুলি বের হচ্ছিল সাঁই সাঁই করে, আর তার হাতের তালুতে যেন পাউরুটির পেলব চাপ। কনক আর তুরিন অন্য পাশ থেকে কাভার দিচ্ছিল। কিন্তু বাদলদের দুর্ভাগ্য। হামিদদের দলেই আসলে ভিড়েছিল বিল্টু। সে একদল ছেলে নিয়ে এসে বাদলদের পেছন থেকে আক্রমণ করে। তাদের হাতে চাপাতি, সড়কি, আর টুল-বেঞ্চির ভাঙা তক্তা। কে যেন একটা ভাঙা টুলের তক্তা দিয়ে বাদলের মাথায় প্রচণ্ড বাড়ি মারে। তার পিস্তল প্রথম দফাতেই হাত থেকে নিচে পড়ে যায়। বাদল হঠাৎ দেখে যে সে একলা। কনক যেন ওই দিকে কোথায় অদৃশ্য হলো। কয়েকজন কনককে, আর কয়েকজন তাকে তাড়া করল। সে ইতিহাস বিভাগের করিডর ছেড়ে ইংরেজি বিভাগের করিডরের দিকে ছুটে গেল, কিন্তু বিল্টুদের দলের একজন পড়ে গেল তার সামনে। তার চাপাতির কোপ পড়ল বাদলের পিঠে। কারণ, সে তখন পেছনে ফিরেছে। যে মাত্র রেলিং থেকে নিচে লাফ দেওয়ার চেষ্টা করল, সে মুহূর্তে তাকে টেনে নামাল বিল্টুর দলের আরেকটা ছেলে। সে বারান্দাতেই মাটিতে পড়ে গেল। একটা সড়কি সোজা এসে বিঁধল তার ডান ঊরুর ওপর। আর লাথির ঝড় শুরু হলো পেটে আর বুকে। একটা স্পাইকওয়ালা জুতো তার পুরুষাঙ্গের জায়গায় ধাঁ করে এসে যেন বিঁধে গেল। শরীরের কোনো জায়গায় কোনো চেতনা নেই, তার পরও যেন সর্বশক্তি দিয়ে বাদল উঠে দাঁড়াতে পারল। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা চাপাতির কোপ পড়ল পিঠের ওপর। সারিয়ার দেওয়া ভালোবাসার কালো জাম্পারটি রক্তে মাখামাখি। সেটা কেটে কেটে ফালা। বাদল হয়তো জ্ঞান হারাচ্ছে, মায়ের মুখমণ্ডলটি একটা স্ন্যাপ শটের মতো ভেসে ওঠে আবার অনন্তকালের বুকে হারিয়ে গেল। আবার হয়তো ভেসে উঠছে, কিন্তু সে মুহূর্তে বাদলের বুকে বিল্টু পিস্তল ধরেছে মাত্র, এ সময় হঠাৎ ক্যাম্পাসের পুলিশ নীরব দর্শকের ভূমিকা ছেড়ে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীতে পরিণত হলো। পুলিশের দলই বাদল আর কনককে উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এল।বিকেল চারটার দিকে বাদলের জ্ঞান যখন ফিরল, বাদল দেখল উদ্ভ্রান্তের মতো তার বড় বোন সামনে দাঁড়িয়ে। পাশে ফ্যাকাসে মুখে দাঁড়িয়ে আছেন তার দুলাভাই। তিনি শুধু অল্প অল্প মাথা নাড়ছেন। বাদলের কি জানি কি হয়েছে। সে চোখ খুলেও খুলতে পারছে না, বুঝেও বুঝছে না। আপা এ রকম নিঃসাড় হয়ে দাঁড়িয়ে আছে কেন তাও বুঝতে পারছে না। তার নতুন সংগ্রহ করা পিস্তলটার কথা মনে পড়ল। সেটা হারানোতে তার খুব অনুশোচনা হচ্ছিল। কিন্তু এতক্ষণে যেন তার বোন সংবিৎ ফিরে পেয়েছে। হঠাৎ বাদলের বুকে ঝাঁপিয়ে পড়ে বুকফাটা ক্রন্দনে চিৎকার করে উঠল, ওরে, ভাই-রে, ভাইরে আমার, মা আর-নেই-রে।