
জীবনের বালুকাবেলায়
ফারুক চৌধুরী
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
পৃষ্ঠা: ৫২৮
দাম: ৭৫০ টাকা
বইটি পড়ে মনে হলো, পাঠসূত্রে এ যেন এক কূটনীতিকের বিশ্বভ্রমণ। বইটিকে ঐতিহাসিক উপন্যাস ভেবে নিলে পাকিস্তান পর্ব থেকে বাংলাদেশ পর্বে পৌঁছে যাওয়া এবং সেই পথ ধরে কূটনীতির এগিয়ে যাওয়ার একটা পরিষ্কার ধারণাও পাওয়া যাবে। আর এ বইয়ের চরিত্রগুলোর দিকে চোখ রাখলেই দেখা যাবে, এই ভূখণ্ডের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন যাঁরা, তাঁদেরই আনাগোনায় উপন্যাসটি সচল। ফলে, জীবনের বালুকাবেলায় বইটি হাতে নিলে ফারুক চৌধুরীর স্বাদু ভাষার সঙ্গে ইতিহাসের একটি খণ্ডিত অংশকেও নিজের করে নেওয়া যায়।
ভূমিকায় পাঠককে লেখক জানিয়ে দিয়েছেন, বইটি মূলত দুই পর্বের। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন ও কূটনীতিক হিসেবে পার করা সাড়ে তিন দশকের সময়টিকে তিনি রেখেছেন প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আছে সরকারি চাকরি শেষে অবসরজীবনকে বৈচিত্র্যময় করে তুলতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটানোর গল্প।
শুরুতে জন্ম ও জ্যোতিষী পর্বের রসিকতাপূর্ণ অধ্যায়টির পরের অধ্যায়ের নাম ‘আমার বাবা’। এখানে আছে বাবাকে নিয়ে লেখকের অনবদ্য স্মৃতিভাষ্য।
ছেলেবেলায় পাঁচটি স্কুলে পড়ার বর্ণনা থেকে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথায় চলে আসেন ফারুক চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন ১৯৫২ সালে। ছিলেন সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। ফলে অবধারিতভাবে মধুর ক্যানটিনের কথা এসেছে। শহীদ অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, মুনীর চৌধুরীর পড়ানোর কথা স্মরণ করেছেন সশ্রদ্ধচিত্তে। ফরেন সার্ভিসে চাকরি হওয়ার সঙ্গে সঙ্গেই বোস্টনে যাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয়েছে কূটনীতির সঙ্গে তাঁর বসবাসের কাহিনি। এরপর একেক জায়গায় যাওয়া হয়েছে আর সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ঝুলি।
ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাসমৃদ্ধ এই ঝানু কূটনীতিক যে বিষয়গুলোয় গুরুত্ব দেন, সেগুলো আমাদের জাতীয় ইতিহাসের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা। বিশেষ করে বঙ্গবন্ধুর সঙ্গে থাকার সময়টাতে দেশের ইতিহাসের দিকনির্দেশক কিছু ঘটনার সাক্ষী ফারুক চৌধুরী। সেই সূত্রে তাঁর বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতিবিষয়ক বিচক্ষণতার বিশ্লেষণটি অনবদ্য। আর জাতিসংঘে বঙ্গবন্ধু বাংলায় যে ভাষণটি দিয়েছিলেন, তার ইংরেজি তরজমা করে বিশ্বের নেতাদের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। জিয়াউর রহমানের শাসনামলে সার্ক প্রতিষ্ঠার সময়ের ঘটনাবলির সাক্ষীও লেখক।
বইটিতে আসলে এত বৈচিত্র্যময় বিষয়ের সমাবেশ ঘটেছে যে স্বল্প পরিসরে তার পরিচয় দেওয়া অসম্ভব।
বইটি হতে পারত একজন কূটনীতিকের রোজনামচা, যেখানে তিনি নিজেকেই নিয়ে যাচ্ছেন মহান উচ্চতায়। আত্মকথনের বড় অংশজুড়ে থাকতে পারত তাঁর স্বীয় তীক্ষ্ণ, ক্ষুরধার বুদ্ধিবৃত্তির বয়ান। কিন্তু এমন হাস্যকর প্রবণতার দেখা মেলেনি বুঝি এই কারণে যে লেখক যতটা না কূটনীতিক, তার চেয়ে বেশি সাহিত্যরসিক। জীবনের বালুকাবেলায় বইটির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ভাষার পরিমিত ব্যবহারের দক্ষতা। এখানেই হয়তো লেখক সার্থক।