কৃতজ্ঞ কবিচিত্তে মুজিব-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর মৃত্যুর পর তীব্র প্রতিক্রিয়া হয়েছিল কবি নির্মলেন্দু গুণের মধ্যে। বঙ্গবন্ধুকে নিয়ে তিনি আগেও কবিতা লিখেছিলেন। মৃত্যুর পরে লেখেন বেশ কয়েকটি কবিতা। সেসব মানুষের মুখে মুখে ফিরেছে।কবির সঙ্গে সাক্ষাত্কারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে আজকের প্রধান রচনারেডিওতে মেজর ডালিমের সদম্ভ ঘোষণা শুনে ১৯৭৫-এর ১৫ আগস্ট সকাল আনুমানিক নয়টায় আমি ঢাকা মেডিকেলের মর্গে গিয়েছিলাম। গিয়ে দেখলাম, বেশ কিছু লোক সেখানে ভিড় করে আছে। রাস্তায় দাঁড়িয়ে সেনাবাহিনীর কতিপয় সদস্য লোকজনকে ডাকছিল ‘বেঈমান’দের মৃতদেহ দেখার জন্য। সেনাদের দিক থেকে অভয় দেওয়া সত্ত্বেও ভয় পেয়ে লোকজন দূরে সরে যাচ্ছিল। আমি অনেক সাহস করে ভেতরে ঢুকলাম। অনেকগুলো মৃতদেহ স্তূপ করে রাখা হয়েছিল মর্গে। বঙ্গবন্ধুর লাশ সেখানে ছিল না, লাশ ছিল বাদবাকি মানুষের। ডোমেরা এসব কথা বলাবলি করছিল। আমি খুব কাছে যেতে পারিনি। পরে জানা গেল, বঙ্গবন্ধুর লাশ ধানমন্ডি ৩২ নম্বরেই রয়েছে। কিন্তু ওখানে যাওয়ার সাহস হয়নি। বাড়িটি সেনাবাহিনী পাহারা দিচ্ছিল।এ সময় আমি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। শহরের বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে তিন দিন পর গ্রামের বাড়ি নেত্রকোনার কাশবনে ফিরে যাই। বাড়িতে থাকাকালে লোকজন আমার আচার-আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ করে আমাকে পাগল বলতে শুরু করে। আমি মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমি আমার বাবা-মাকেও অবিশ্বাস করতে শুরু করি। এ অবস্থায় এক মাস কাটে। ১৪ সেপ্টেম্বর বাড়িতে বসে আমি লিখি ‘শোকগাথা: ১৬ আগস্ট ১৯৭৫’ কবিতাটি।আজ সারা দিন আমার চতুর্দিকে বড় শোকাচ্ছন্ন নীরবতা ছিল।একটি মৌমাছি আমার বুকে বসে আজ সারা দিন আমাকে তারমধু-সংগ্রহের সংগ্রামী ইতিহাস শুনিয়েছে: কাছেই কোথাও জন্ম হবেএক নতুন শিশুর, তার চিত্কার করা মুখের জন্য চাই নীল-পদ্মের মধু।প্রহরী! প্রহরী! বলে আমি একবারও চেঁচিয়ে উঠিনি।আমার প্রসারিত হাত থেকে খসে পড়েছে ক্লান্ত অনামিকা,বুক থেকে পাঁজরসহ হূিপণ্ড ছিটকে পড়েছে দূরে কোথায়...।আমি তবু ওই অনাগত শিশুর লাল টুকটুকে জিহ্বার স্বপ্ন দেখে দেখেসারা দিন খুলে রেখেছিলাম আমার রক্তমধুভান্ডের মুখ।আমার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ছিল পরস্পরের ব্যথিত কফিন। আজ সারা দিন আমার নিদ্রাহীন চোখ দুটো মগ্ন ছিল সম্পূর্ণনতুন এক নিদ্রার আস্বাদনে। খুব ক্লান্তি ছিল আজ সারা দিন।...আমার প্রিয় রবীন্দ্রসংগীতগুলি গাইলেন নাকোনো শিল্পী, আমার রুহের মাগফেরাতকামনা করলেন না কোনো শুভ্রশ্মশ্রু ইমাম,আমার মুখ ঢেকে দেওয়া হলো না কোনো সদ্য কেনা শুভ্র কাফনে।শুধু গোপন আঁখির জলে আমাকে ভিজিয়ে দিয়ে রাত্রির অন্ধকারেসেই কবি আবে-জমজমের পবিত্র পানির মতো ঝরতে থাকলেন...যতক্ষণ না দূরে, গ্রামের বাড়িতে, আমার জন্য প্রস্তুত হলো কবর। কবিবন্ধু আবুল হাসান ও মহাদেব সাহার চিঠি পেয়ে ১৯৭৫-এর ১ নভেম্বর আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু মেসে ফিরে যাইনি। মনে হচ্ছিল, মেসটা আমার জন্য নিরাপদ নয়। উঠলাম মহাদেব সাহার বাসায়। ৩ নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক বাহিনীতে অভ্যুত্থান হলো। তাঁকে আমি চিনতাম। আমি মনে মনে তাঁকে সমর্থনও করছিলাম। কিন্তু ৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানে খালেদ মোশারফ নিহত হন। ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত হন জেনারেল জিয়া।কবি আবুল হাসানের তখন চিকিত্সা চলছিল পিজি হাসপাতালে। ১১ নভেম্বর ওকে দেখতে যাওয়ার সময় পিজি হাসপাতালের গেটে সামরিক বাহিনীর কর্নেল নওয়াজেশ আহমদ আমাকে গ্রেপ্তার করেন। তিনি সন্ধ্যায় আমাকে পুলিশ কন্ট্রোল রুমে রেখে যান। যাওয়ার সময় পুলিশকে একটি লিখিত নোট দেন, ‘ডোন্ট মিসবিহেভ উইথ হিম।’ গভীর রাতে আমাকে রমনা থানায় হস্তান্তর করা হয়। পরদিন কোমরে দড়ি বেঁধে অন্যান্য আসামির সঙ্গে আমাকে হাজির করা হয় ম্যাজিস্ট্রেটের কোর্টে। ওখান থেকে রিমান্ডে নিয়ে আসা হয় রমনা থানায়। ১৬ নভেম্বর আমি মুক্তি পাই।১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা একাডেমীতে যে অনুষ্ঠান হয়, সেখানে আমি ‘ভয় নেই’ শিরোনামে একটি কবিতা পাঠ করি। জিল্লুর রহমান সিদ্দিকী অনুষ্ঠানের সভাপতি ছিলেন। তিনি কবিতাটার প্রশংসা করেন। শ্রোতারাও। সারা জাতি তখন ভয়ে গর্তে সেঁধিয়ে পড়েছিল। সেই ভয় থেকে তাদের তুলে আনার জন্যই যেন এই কবিতাটি আমি লিখেছিলাম। ভয় আমারও ছিল। কারণ আমিও তো এই জাতিরই অংশ। ভয় নেই, এই সত্য কত আর জানাব মানুষে?জংধরা বার্ধক্যের দোষে মুখোশে আবৃত চিরকাল,তার কাছে আগামীর কোনো প্রাপ্য নেই।যৌবনের মৃত্যু ছিল মুখোমুখি বন্ধু ও শত্রুর; প্রাপ্তি নেইপৃষ্ঠ প্রদর্শনে, এই সত্য কত আর জানাব মানুষে?...আমি আছি নির্ভীকআগামীর যুদ্ধে,ঘৃণার কৃপাণ হাতেখুনির বিরুদ্ধে।মুছে গেলে চঞ্চুর জমে ওঠা ক্লান্তিঅসমান অপমান অন্যায় অশান্তি,জননী জয়ের হাসি হাসবেই।ভয় নেই, আমি আছি, দিন আসবেই।এরপর আমি লিখি ‘তোমার মুক্তির জন্য হে সুন্দর’ কবিতাটি। আজ খুব মনে পড়ছে সেই কবিতার পঙিক্ত: ‘আনত আঁধারে আজ বিজয়ীরা বিদেহীর কাছে ক্ষমা চায়;/ সেই দৃশ্য তোমার মুক্তির জন্য রেখে দিয়েছি।’ পরের বছর, ১৯৭৭ সালে, আমি লিখি ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’। কবিতাটি আমি পাঠ করি বাংলা একাডেমীতে কবিতা পাঠের আসরে, ২১ ফেব্রুয়ারি ভোরে। অন্য কোনো জায়গায় কবিতা পড়ার কোনো সুযোগ তখন ছিল না। নিষিদ্ধ ছিল সমস্ত রাজনৈতিক তত্পরতা। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তাঁকে নিয়ে এই প্রথম সরাসরি একটি কবিতা পড়লাম। তাঁর নাম কবিতাটিতে বার বার ফিরে আসছিল। সে ছিল এক অভাবনীয় ব্যাপার। শ্রোতারা আনন্দে করতালি দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছিল। একটি ছেলে উঠে এসে আমার গলায় একটি ফুলের মালা পরিয়ে দেয়। কবিতাটি শুনে নানা আশঙ্কায় চত্বর ছেড়ে কেউ কেউ চলে গিয়েছিলেন।তখন বাংলা একাডেমীর মহাপরিচালক ছিলেন আশরাফ সিদ্দিকী। তিনি কাঁপতে কাঁপতে আমার কাছে এসে বললেন, ‘তুমি আমার চাকরিটা খাইছ। চলো, এখন আমার রুমে বসে একটু চা খাবে।’ উত্তরে রসিকতা করে আমি বলি, ‘স্যার, চাকরি চলে গেলেও বেতন আপনি ঠিকই পাবেন।’ তিনি আমাকে তাঁর কক্ষে নিয়ে যান। সেখানে গিয়ে দেখি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা সাদা পোশাকে আমার জন্য অপেক্ষা করছেন। একজন বললেন, ‘কবি সাহেব, আপনি তো সাংঘাতিক কবিতা লিখছেন। কপিটা দেন তো, দেখি।’ বললাম, ‘আমার কাছে তো কবিতাটা নেই। অন্য এক লোক নিজেকে গোয়েন্দা পরিচয় দিয়ে কপিটা নিয়ে গেছে।’ ওঁরা কথাটা বিশ্বাস করলেন। বললেন, ‘স্মৃতি থেকে কয়েকটা লাইন বলেন।’ আমি বললাম, ‘আমার তো কবিতা মনে থাকে না। একটা লাইন শুধু মনে আছে, “আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।” লাইনটি পাঁচবার আছে।’ওখান থেকে বেরিয়ে আসার পর ওঁরা আমাকে ডিবি অফিসে নিয়ে যেতে চাইলেন। একদল শ্রোতা তখন আমাকে ঘেরাও করে রাখল। আমি জানতে চাইলাম, ‘কেন যাব।’ ওঁরা আমাকে বললেন, ‘আমাদের এসপি সাহেবের কাছে বসে একটু চা খাবেন।’ আমি বললাম, ‘আমি আর কত চা খাব?’ আমাকে গ্রেপ্তার করলে তো যেতেই হবে। কিন্তু চা খেতে যেতে চাই না।’ এক পর্যায়ে তাঁরা ওয়্যারলেসে কথা বললেন। তারপর আমাকে রেখে চলে গেলেন। আমি মহাদেবের বাসায় থাকাকালে সাদা পোশাকে গোয়েন্দারা আমার গতিবিধির ওপর লক্ষ রাখত। গোয়েন্দাদের একজনের সঙ্গে পরে আমার পরিচয় হয়। বাংলা একাডেমীতে পড়া সেই কবিতার কয়েকটি লাইন:সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকালআমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। ... সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, ‘সমকাল’ পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। শাহবাগ অ্যাভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। ... এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক-ভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরীগুলোকান পেতে শুনুক, আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক; আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়েআমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম।বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যারা নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে, তাদের মধ্যে মাত্র পাঁচজন শাস্তি ভোগ করল। বাইরে থেকে গেল আরও অনেকেই। বাংলাদেশের জনগণের বিপুল সমর্থন নিয়ে শেখ হাসিনা যদি এবার ক্ষমতায় ফিরে আসতে না পারতেন, তাহলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই দণ্ড প্রদান সম্ভব হতো না, বাঙালির এই কলঙ্কমোচন সম্ভব হতো না। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের কৃতজ্ঞ মানুষের অদম্য ইচ্ছারই প্রতিফলন ঘটেছে, যে জাতিকে শেখ মুজিব তাঁর দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে নিজেই তৈরি করে রেখে গিয়েছিলেন।