
আবার মরীচিকা ফিরে এলে নাকি রাত্রি পথপারে
দেয়ালে বর্ণবাতি জ্বালো—তারপর দু-হাতে তুলে
চলো, নিয়ে যাই খালি দেহ সৌরভ আর ফুলে
শুয়ে দিই শান্ত, এইভাবে বুকে নিয়েছিলে যারে।
যেখানে শাদা মাঠজুড়ে শীতের তারা উড়ে যায়
খুরের আঘাতে ধূলিকণা। আমার সমস্ত পোশাক
উড়ে গিয়েছিল নীল মেঘে। আর বালুচর থেকে লাখ লাখ
কচ্ছপ উঠে এসে তাদেরই সাথে আমাকে জড়ায়।
তবুও পৃথক আমি—রজনীর পাশে হামাগুড়ি দিয়ে এসে
দাঁড়িয়েছি নগ্ন, সহযোগী বাতাসের বর্শাকে বিঁধে
করেছি লোমশ ছাল পরিধান, মাংসটুকু রেঁধে
খেয়েছি দুজন—আমি আর মৃতরাত আধাআধি হেসে।
ঘুমিয়েছি বেশ, তখনই শীতের রাত্রি আমাকে তুলে
চালিত করেছে নীলক্ষেতে, উঁচু-নিচু চুন আর পারদের পাশে
সেখানে বিচিত্র নৌকো, ধুলোঝড়, মেঘে মন্ত্র ভাসে
যায় ধাতুকণা দিয়ে হাতে—পালিয়ে রাত্রি উপকূলে।
সে দেশে তীব্র বেগ। ঝাঁজালো নির্গত গ্যাস, হয়তোবা
আরও কঠিন ফুটন্ত জলাশয়ে বহুকাল শুয়ে ছিল তারা
রুপালি আগুন গায়ে জ্বেলে দেখি লাল চাঁদে যারা
বসেছিল আমাকে কেন্দ্র করে অনন্তকাল কৃতী বিধবা।