
২৫ বৈশাখ (৮ মে ২০১৫) প্রথম আলোর ‘শিল্পসাহিত্য’ পাতায় প্রকাশিত রুশিদান ইসলামের ‘মৃণালিনীর আরও কিছু কথা’ লেখাটি আগ্রহের সঙ্গে পড়তে শুরু করেছিলাম। ভেবেছিলাম এ বিষয় নিয়ে রচিত রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং হরিশংকর জলদাসের বই দুটি পড়ে মনের মধ্যে যে বিবমিষা জেগেছিল, রুশিদান ইসলামের লেখাটা পড়ে সেটা হয়তো প্রশমিত হবে। কিন্তু হলো না। বরং লেখাটা পড়ে সেই ভাবটা আরও প্রবল হয়ে উঠল। অবশ্য রুশিদান ইসলামের দোষ দেওয়া বৃথা। তাঁর পথপ্রদর্শকদের তো কেউ সমালোচনা করেনি, বরং পাঠকেরা হাততালি দিয়েছিল, তাই দেখে রুশিদান এবং অন্য অনুকারীদের পক্ষে আরও উৎসাহের সঙ্গে একই পথে এগিয়ে যাওয়া সম্ভব।
আমার এ ক্ষোভের কারণ এ নয় যে, রবীন্দ্রনাথের সমালোচনা করা যাবে না। অবশ্যই করা যাবে—যদি সে সমালোচনা সংগত হয়, তার পেছনে বস্তু থাকে, তথ্য থাকে। ১৯৮৩ সালে আমার রিলাকট্যান্ট ডেব্যুট্যান্ট বইয়ের একটা লম্বা পরিশিষ্টে নারীদের সম্পর্কে রবীন্দ্রনাথের পরস্পরবিরোধী মনোভাব নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলাম। দেখিয়েছিলাম যে, বাস্তব জীবনে তিনি নারীদের প্রতি রক্ষণশীল আচরণ করেছেন, প্রবন্ধে নারীদের প্রতি ঐতিহ্যিক মূল্যবোধ আরোপ করেছেন এবং সৃজনশীল রচনায় নারীদের বিদ্রোহী করে অঙ্কন করেছেন। তখন পর্যন্ত নারীদের সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব নিয়ে আমার মতো কেউ সমালোচনা করেননি। নীরদ চৌধুরীও নয়। হিরোইনস অব টেগোর-এর মতো রচনায় নীহাররঞ্জন রায় এবং তাঁর মতো অন্য লেখকেরা বরং নারীদের সম্পর্কে রবীন্দ্রনাথের সমকালে তাঁর দৃষ্টিভঙ্গি যে তাঁর যুগের তুলনায় অনেক প্রগতিশীল ছিল, সে কথাই লিখেছিলেন। তাই আমার ওই বইটির বাংলা অনুবাদ সংকোচের বিহ্বলতা যখন প্রকাশিত হয়, তখন পশ্চিমবঙ্গের একাধিক পত্রিকায় তার কড়া সমালোচনা প্রকাশিত হয়েছিল।
কিন্তু তারপর তিরিশ বছরেরও বেশি সময় কেটে গেছে। ইতিমধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে কেবল সংগত-অসংগত সমালোচনা নয়, কাদা ছোড়াছুড়ির খেলা শুরু হয়েছে। কাদা ছোড়াছুড়ি জিনিসটার চরিত্রই এমন যে, একবার শুরু হলে এর কোনো শেষ থাকে না। কাদা ক্রমশ কৃষ্ণ থেকে কৃষ্ণতর হতে থাকে। রবীন্দ্রনাথের সমালোচনা করে তখন পর্যন্ত কেবল প্রবন্ধ লেখা হতো। কিন্তু ক্রমশ প্রবন্ধের বদলে কাহিনি লেখা আরম্ভ হলো। এবং একবার কাহিনি লেখার সূচনা হলে বর্ণনা আর সংলাপে ভর করে কল্পনা তখন ডানা মেলতে থাকে। স্বাধীনতা গ্রহণের মাত্রা বাড়তে থাকে। নামহীন একজন পুরুষ এবং একজন নারীকে নিয়ে যৌনতার কাহিনি লিখলেও তা পাঠকের মনটাকে যৌন-রসে সিক্ত করতে পারে। করতে পারে কেন, করে। কিন্তু অশ্লীল কাহিনি দিয়ে—ধরা যাক—একটা বেডরুম সিনের বর্ণনা দিয়ে—মনকে কতটা নাড়া দেওয়া যাবে, তার একটা সীমা আছে। পর্নোগ্রাফিরও তাই সীমা আছে। একটা বিশেষ গণ্ডি পর্যন্ত যাওয়ার পর তাতে আর ধার থাকে না। তখন দুর্বল লেখক ঝাল বাড়ানোর জন্য বিকৃত যৌনতার মসলা মেশাতে থাকেন। কিন্তু তারও সীমা আছে। তারপর?
তারপর পাঠকের কৌতূহল বাড়ানোর পথ হলো নামহীন নরনারীর পরিবর্তে রক্তমাংসের মানুষকে, পরিচিত ব্যক্তিত্বকে নিয়ে আসা। সবার আগে বাংলা ভাষায় এ পথ কে দেখান, আমার ঠিক জানা নেই। তবে পথিকৃৎদের অন্যতম ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি সেই সময় লিখলেন। তাতে দেখানোর চেষ্টা করলেন যে, কালীপ্রসন্ন সিংহ বেজন্মা। মাইকেল মধুসূদন দত্তের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গৌরদাস বসাক। তাঁদের বন্ধুত্ব যে খুবই ঘনিষ্ঠ ছিল, তা বোঝানোর জন্য মাইকেলকে শুইয়ে দিলেন গৌরদাসের সঙ্গে। এর থেকে বমি-উদ্রেককারী ইঙ্গিত আর কী থাকতে পারে। কালীপ্রসন্ন আর মাইকেলের রগরগে কাহিনির সুড়সুড়ি দিয়ে অনেক পাঠক পেলেন সুনীল গাঙ্গুলি। তাহলে রবীন্দ্রনাথ আর বাকি থাকেন কেন? প্রথম আলো নামে রবীন্দ্রনাথের সত্য ঘটনা, কল্পিত কাহিনি এবং শোনা-কথা নিয়ে ঢাউস উপন্যাস লিখে ফেললেন। কাদম্বরী দেবী থেকে আরম্ভ করে কেউই বাদ গেলেন না রবীন্দ্রচরিত্রে কালিমা লেপন করতে। হইহই ধন্য ধন্য রব পড়ে গেল চারদিকে। পাঠকদের আগ্রহ-আতিশয্য দেখে তিনি রবীন্দ্রনাথের আরেক নারী রানু মুখার্জিকে নিয়ে এলেন আরেক উপন্যাসে—রানু ও ভানু। এ উপন্যাসের কাহিনি তাঁর নিজের মুখে শোনা। তাঁর আকর্ষণীয় বলার ভঙ্গির জন্য আমার মনেও কৌতূহল জেগে উঠেছিল। অতঃপর বইটাই কিনে ফেললাম। দেখলাম, নিতান্ত সাংবাদিকতার ভাষায় লেখা দৈনিক পত্রিকার প্রতিবেদনের মতো। সৌন্দর্যের বালাই নেই; সাহিত্যরসেরও বিন্দুমাত্র নেই। আছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভাগুলোর অন্যতম রবীন্দ্রনাথকে টেনে সাধারণ মানুষের স্তরে নামানোর দুর্বল চেষ্টা।
অতঃপর সুনীল গাঙ্গুলির মতো নামকরা সাহিত্যিকের দেখানো পথ ধরে বরণীয় হওয়ার জন্য রঞ্জন বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে এলেন। প্রথম গ্রন্থ তাঁর আদরের উপবাস। তাতে ভালোবাসার কাঙাল রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন তথ্য আছে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি সম্পর্কেও আছে। কাদম্বরী দেবী থেকে ভিক্টোরিয়া ওকাম্পো পর্যন্ত কেউই বাদ যাননি। থরে থরে সাজানো সত্য, মিথ্যা, অর্ধসত্য, কিংবদন্তি।
এ পর্যন্ত যা-ই হোক, কাদম্বরী দেবীর সুইসাইড নোট-এ রঞ্জন বন্দ্যোপাধ্যায় গবেষণার সাজপোশাক পরিয়ে পরিবেশন করলেন নির্জলা কাহিনি। যে পরিবেশে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন, তাতে আত্মহত্যা করার আগে তিনি কী লিখতে পারতেন, তারই কল্পনা। কল্পনাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য গবেষণার দোহাই। ফল—আরও সাফল্য, আরও জনপ্রিয়তা, আরও সংস্করণ। এরপরের টার্গেট কবিপত্নী মৃণালিনী দেবী। লিখে ফেললেন আমি রবিঠাকুরের বউ। মৃণালিনী দেবীর ভণিতায় রবীন্দ্রনাথ যে বউয়ের প্রতি কত নিষ্ঠুর আর বৌদি এবং ভ্রাতুষ্পুত্রীর প্রতি কত আসক্ত ছিলেন, সেটাই এই উপন্যাসের বিষয়বস্তু। এটা আর সেই সময় অথবা প্রথম আলোর মতো নয়, উত্তম পুরুষে লেখার বাড়তি আকর্ষণ নিয়ে রচিত উপন্যাস। মুশকিল হলো: মৃণালিনী দেবী উত্তর-তসলিমা নারী নন, তিনি মারা যান এখন থেকে এক শো তেরো বছর আগে। তাঁর পক্ষে নারীবাদী হওয়া তো দূরের কথা, নারীবাদের ধারণাটাও সে যুগে কারও মাথায় আসেনি। আজকের মূল্যবোধ আরোপ করে সেই সুদূর অতীতকে বিচার করলে কেবল কালাসঙ্গতি ঘটে; পাত্রপাত্রীদের ওপর অবিচার করা হয়। বেচারা রবীন্দ্রনাথ কবেই মরে ভূত হয়ে গেছেন। তাঁকে বর্তমান কালের আইনে দিয়ে কাঠগড়ায় তোলা কেন?
রঞ্জন বন্দ্যোপাধ্যায় রক্তের স্বাদ পেয়ে গেছেন। তিনি থামবেন কী করে। বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায় যখন পথ দেখিয়ে গেছেন! লিখে ফেললেন রবি ও রানুর আদরের দাগ। এ বই আমি পড়িনি। তবে সাধারণ পাঠক হিসেবে প্রথমই কৌতূহল হচ্ছে দাগটা শরীরের কোন জায়গায়? অ্যামাজনে বইটা পাওয়া যাচ্ছে, কিনে ফেলব নাকি, ভাবছি। না, আমি কিনব না। সুনীলবাবুর বইটা পড়েই শিক্ষা হয়েছে। কিন্তু সাধারণ পাঠক মুখরোচক বস্তুর লোভে কিনতে পারেন।
ভারতের বই বাংলাদেশে বড় একটা আসে না। কাজেই যেসব স্ক্যান্ডালের মসলা দিয়ে সুনীল গাঙ্গুলি, রঞ্জন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পঞ্চব্যঞ্জন রান্না করে ফেলেছেন, সেই কীর্তির ধ্বজা ধরে বাংলাদেশে বরণীয় হওয়ার সহজ এবং চওড়া রাস্তা এখনো খোলা। সুতরাং প্রতিভাবান ঔপন্যাসিক হরিশংকর জলদাসও এগিয়ে এলেন। তিনিও আমি মৃণালিনী নই বলে মৃণালিনীর উত্তম পুরুষে সেই পুরোনো কাসুন্দি ঘাঁটলেন। ভেবেছিলাম, এখানেই বুঝি শেষ হবে। কিন্তু সস্তা হাততালি পাওয়ার লোভে রুশিদান ইসলামও সেই পথ ধরলেন।
সরাসরি গল্প-কাহিনি মহাপুরুষ, এমনকি, ধর্মপ্রবর্তকদের নিয়ে লিখলে দোষ নেই। যিশুখ্রিষ্টকে নিয়ে কতই লেখা হয়েছে। আফটার অল, তাঁরাও রক্তমাংসের মানুষ। কিন্তু অবাঞ্ছিত হয়, কাহিনিটাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করলে। কল্পনা সে যতই উর্বর মস্তিষ্কপ্রসূত হোক, পাঠক সেটাকে কল্পনা জেনেই পড়তে আরম্ভ করবেন। কিন্তু গবেষণার সঙ্গে কল্পনার বিষ মেশানো বিশ্বাসঘাতকতার কাজ। পাঠক মিথ্যার চোরাবালিতে ডুবে তাকে সত্য বলে বিবেচনা করতে পারেন। এটা গ্রহণযোগ্য নয়।
লন্ডন, ২৫ বৈশাখ ১৪২২