কৃষকের বিচিত্র সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের বসে যে কাজ করে থাকেন রাজা-জমিদার বা বনেদি পরিবারের লোকজন, কিন্তু সেসব কাজ যদি করেন নিভৃত গ্রামের একজন দরিদ্র কৃষক, তখন অবাক না হয়ে পারা যায় না। এ অবাক করা কাজের মানুষ হচ্ছেন রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল গ্রামের ইউসুফ মোল্লা (৬৮)। পুরোনো জিনিসের প্রতি আকর্ষণ তাঁর ছেলেবেলা থেকেই। হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের নানা নিদর্শন সংগ্রহ করে একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি নিজের গ্রামে। এসবের বেশির ভাগই তিনি সংগ্রহ করেছেন বরেন্দ্র অঞ্চলের গ্রামীণ নারীদের কাছ থেকে। গ্রামের পাকা সড়কের পাশে তিন শতক জমির ওপর ইটের দেয়াল ও ঢেউটিনের ছাউনির দুটি কক্ষে ইউসুফ মোল্লার ছোট সংগ্রহশালা। সংগ্রহশালায় রয়েছে তামা, রূপা, চাঁদি ও পিতলের তৈরি নানা গয়না। তার মধ্যে রয়েছে পায়ের তোড়া, বাক পাইরি, বাজুবন্দ, কাঠির মালা, পাথরের মালা, কানের দুল, মাদুলি ইত্যাদি। আছে প্রাচীন পাথরের ও মাটির থালা-বাসন, মাটির বয়াম ও চিনামাটির কেটলি। এ ছাড়া আছে পুরোনো দিনের দুটি কলের গান ও বহু গানের রেকর্ড। এখানে আরও আছে দিনাজপুরের রাজা উদয় নারায়ণের কারুকার্য খচিত কাঁসার পানের বাটা, রানির সিঁদুরের কৌটা, চাঁপাইনবাবগঞ্জের কুঞ্জরাজার ব্যবহূত পিতলের হুক্কা, পানের থালা, সম্রাট অশোকের আমলের রৌপ্যমুদ্রাসহ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই, হংকং, চীন, কুয়েত, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, আফ্রিকা, ব্রুনাইসহ বিভিন্ন দেশের মুদ্রা, ইংরেজ আমলের বিভিন্ন ধাতব মুদ্রা, প্রাচীন জায়নামাজ, চিনামাটির নকশি থালা, ব্রিটিশ আমলের ইতিহাস-ভূগোলের বই, চৌকিদারি আইনের গেজেট, কলিকাতা গেজেট, গিরিশচন্দ্র সেনের বাংলা কোরআন, বহু পুরোনো বিভিন্ন পুঁথিসহ ১৩৬ রকমের প্রত্মতাত্ত্বিক নিদর্শন। এ ছাড়া বরেন্দ্র অঞ্চলের বিলুপ্ত হয়ে যাওয়া ৬০ প্রজাতির ধান রয়েছে তাঁর সংগ্রহে।অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ইউসুফ মোল্লার প্রিয় বিষয় ইতিহাস ও ভূগোল। নেশা ছিল বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো। তখন বিভিন্ন জাদুঘর পরিদর্শনের সময় তাঁর মনে হতো বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন পুরোনো জিনিস ক্রমেই হারিয়ে যাচ্ছে। এসব জিনিস সংরক্ষণ করে রাখার ইচ্ছা থেকেই পরিণত বয়সে এসে এ কাজে নেমে পড়েন তিনি। আনোয়ার হোসেন