কৃষণ চন্দরের দাঙ্গার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশোয়ার এক্সপ্রেস: দাঙ্গার গল্প—কৃষণ চন্দর \ প্রথমা প্রকাশন \ ফেব্রুয়ারি ২০১০ \ প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী \ ১১০ টাকা সোহরাব হাসানদাঙ্গার প্রথম ও প্রধান শিকার মানবতা। এর অসংখ্য উদাহরণ আছে উপমহাদেশে, এই বাংলাদেশে। সাতচল্লিশে দেশভাগের আগে ও পরে সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নিয়েছিল; যার শিকার হয়েছিলেন পাঞ্জাব ও বাংলাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। দাঙ্গার পটভূমিতে লেখা উর্দু সাহিত্যের অন্যতম প্রধান কথাশিল্পী কৃষণ চন্দরের বিখ্যাত গল্পগ্রন্থ পেশোয়ার এক্সপ্রেস। তিনি নিজেও দাঙ্গার শিকার। তাঁর জন্ম বর্তমান পাকিস্তানের গুজরানওয়ালার উজিরাবাদে, প্রথম কর্মস্থল ছিল লাহোর। দেশভাগের পর আরও অনেকের মতো তাঁকেও জন্মভূমি ছেড়ে ভারতে চলে আসতে হয়। যেমন বহু মুসলমান ভারত ছেড়ে পাকিস্তানে যেতে বাধ্য হয়েছিলেন। সেই যাওয়া কি সহজ ও স্বাভাবিক ছিল? সবাই কি তাঁদের প্রতিশ্রুত ভূমিতে ফিরে যেতে পেরেছিলেন? পারেননি। অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেকে পথেই খুন হয়েছেন দুর্বৃত্তদের হাতে। দাঙ্গা যে মানুষকে কতটা অমানুষে পরিণত করে তারই নিখুঁত, জীবন্ত ও হূদয় দীর্ণ করা বিবরণ আছে কৃষণ চন্দরের পেশোয়ার এক্সপ্রেস-এ। নামগল্পটি সাজানো হয়েছে একটি ট্রেনের আত্মকথনে, যেটি পেশোয়ার থেকে মুম্বাই এসে পৌঁছেছে। কাঠ ও লোহা নির্মিত এই বাহনটি স্টেশনে স্টেশনে প্রত্যক্ষ করেছে মানুষের জিঘাংসা, উন্মত্ততা। শিখ ও হিন্দু হত্যা করছে মুসলমানকে, আবার মুসলমান কতল করছে হিন্দু ও শিখকে। এ গল্প দাঙ্গার বিরুদ্ধে মানুষের বিবেক জাগ্রত করার শাব্দিক হাতিয়ার। সাম্যবাদে বিশ্বাসী এই লেখক তাঁর প্রতিটি গল্পে দাঙ্গাকারীদের মুখোশ উন্মোচন করেছেন, জয়গান গেয়েছেন মানবতার। বইয়ের অন্য গল্পগুলো যথাক্রমে ‘উন্মাদ’, ‘লালবাগ’, ‘অমৃতসর: ভারত বিভাগের আগে’, ‘অমৃতসর: স্বাধীনতার পরে’, ‘পণ্ডিত নেহরু ও জিন্নাহর প্রতি পতিতার খোলাচিঠি’, ‘জ্যাকসন’। এসব গল্পে দাঙ্গার যে চিত্র তুলে ধরা হয়েছে, এককথায় তা নির্মম ও হূদয়বিদারক। প্রতি পঙিক্ততে ফুটে উঠেছে পীড়িত ও লাঞ্ছিত মানুষের অসহায়ত্ব। দাঙ্গার পেছনে যে শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র, রাজনীতিকদের আত্মস্বার্থ উদ্ধার এবং ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের চেষ্টা রয়েছে, তাও লেখক তুলে ধরেছেন সরস ও সজীব ভাষায়। ‘উন্মাদের কাহিনি’ সাজানো হয়েছে একটি শহরের দুটি এলাকা নিয়ে—হিন্দু সংখ্যাগরিষ্ঠ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে কীভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়। ঘাতক ও লুটেরারা প্রতিপক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে, শত্রুকে হত্যা করে নিজ পাড়ায় এসে দেখে, তাদের স্বজনেরাও বেঁচে নেই। এটাই হলো দাঙ্গার চরিত্র। অমৃতসর শিরোনামের দুটি গল্পে আমরা দেখি, স্বাধীনতার আগে সেখানকার হিন্দু শিখ ও মুসলমানেরা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে একযোগে লড়াই করলেও স্বাধীনতার পর একে অপরের বুকে ছুরি মারতে দ্বিধা করছে না। তাহলে স্বাধীনতা কী দিয়েছে অমৃতসরবাসীকে? উপমহাদেশের মানুষকে? এসব প্রশ্নই ঘুরেফিরে এসেছে। ‘জ্যাকসন’ গল্পটি একজন ব্রিটিশ জেলা প্রশাসককে নিয়ে, যিনি মুসলমানের বিরুদ্ধে হিন্দুকে এবং হিন্দুর বিরুদ্ধে মুসলমানকে খেপিয়ে দিয়ে বাড়তি সুবিধা আদায় করেছেন, দুই সম্প্রদায়ের অসহায়ত্বকে পুঁজি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি ভারতীয়দের ঘৃণা করতেন। তাঁর কন্যা এক ভারতীয়কে বিয়ে করে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তিনি মানতে পারেননি। আত্মহত্যার মাধ্যমে নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করেছেন। পেশোয়ার এক্সপ্রেস বাংলায় অনুবাদ করেছেন জাফর আলম। দীর্ঘদিন ধরেই তিনি অনুবাদ করছেন। উর্দু ভাষায় যে তাঁর ব্যুৎপত্তি আছে, তা অনুবাদ পড়লেই বোঝা যায়। বলা হয়, অনুবাদে আসল হারিয়ে যায়। কিন্তু জাফর আলম মূলের প্রতি বিশ্বস্ত থেকেছেন। বইটি যেকোনো বিবেকবান মানুষকে আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করাবে—আসলেই কি আমরা এগিয়েছি? উর্দু সাহিত্যের একটি উৎকৃষ্ট গ্রন্থ বাংলায় প্রকাশের জন্য প্রথমা প্রকাশন ও অনুবাদক জাফর আলমকে ধন্যবাদ জানাই।