কৃষ্ণচূড়ার জন্য ছাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণচূড়া ফুলগুলি ভিজছে বৃষ্টিতে।

এলোমেলো বাতাসের ঘায়ে

ফুল থেকে মাঝে মাঝে খসে পড়ছে

পাপড়ি, গাছ থেকে পাতা।

আমি জানালা দিয়ে এই নির্মম দৃশ্যটি তাকিয়ে তাকিয়ে দেখছি।

মন বলছে, কিছু একটা করো।

কী করা যায় ভাবতে ভাবতে আমি ক্লান্ত।

আজ সকালে একটা বুদ্ধি এল মনে।

বুদ্ধিটা আসতেই আমি বুঝলাম,

এর মধ্যে একটা দৈবলীলা আছে।

আসলে বুকে প্রেম থাকলে

মাথায় বুদ্ধির অভাব হয় না।

বিশ্বকাপ ফুটবলের জ্বরে কাঁপা দেশে

ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানির

ভক্তদের সাথে পাল্লা দিয়ে আমিও ছুটলাম

                                আমার নিকটস্থ দরজিবাড়িতে।

টাকা হলে বাঘের চোখও মেলে,

আর লাল রঙের সুতিবস্ত্র বাজারে মিলবে না?

আমার সমস্ত সঞ্চয় দিলাম উজাড় করে।

তাদের বুঝিয়ে বললাম, আমি কী চাই।

দরজি যা মজুরি চাইল—আমি তাতেই রাজি।

বললাম, আরও বখশিশ পাবে

আমার মনের মতো কাজ করে দিলে।

আমাকে ওরা পাগল ভাবল কি না, কে জানে?

আসলে আমি ওই দরজিদের এতটা অ্যাডভান্স টাকা

                                                না দিলেই পারতাম।

যাক, টাকা দিয়ে আমি করবটা কী?

আমার দরকার হলো কাজ।

বৃষ্টির তাণ্ডব থেকে কৃষ্ণচূড়াগুলির

সম্ভ্রম ও পাপড়ি বাঁচানোর কাজ।

অ্যাডভান্স দিয়ে ভালোই হয়েছে।

তারা হাসি লুকিয়ে লেগে গেল কাজে।

দশ দরজি মিলে দশ দিন দশ রাত্রি খেটে

কমলা রঙের হান্ড্রেড পারসেন্ট

সুতি কাপড় দিয়ে

২২২টি শক্ত লোহার শিক ব্যবহার করে তারা আমাকে বানিয়ে দিল

                                                সেইরম একখান ছাতা।

যেমন মজবুত, তেমনি দৃষ্টিনন্দন।

সারা শহরের মানুষ হুমড়ি খেয়ে পড়ল

আমার বাড়ির পাশের কৃষ্ণচূড়াগাছের মাথার ওপর মেলে ধরা

                                                ওই ছাতাটিকে দেখতে।

এ রকম ছাতা কেউ কোনো দিন কোথাও দেখেনি,

কেউ চিন্তাও করেনি।

এখন বৃষ্টি আমার প্রিয় কৃষ্ণচূড়াগুলির

একটি পাপড়িও ছিঁড়তে পারে না।