
>বাংলা ভাষার জনপ্রিয় তিন ঔপন্যাসিকের ‘নকল’ বেরিয়েছিল। তা নিয়ে পানি গড়িয়েছিল অনেক দূর। সেই চমকপ্রদ কাহিনি
বিমল মিত্র মানেই ‘বেস্ট সেলার’। দারুণ কাটতি। তখন একের পর এক বই বেরোচ্ছে ত্রিশ-চল্লিশের দশকের জনপ্রিয় কথাসাহিত্যিক বিমল মিত্রের। প্রকাশকেরাও ব্যবসা করছেন দুহাতে। কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলামসহ তাঁর সব বই-ই সে সময় হিট। কিন্তু একটা সময় দেখা গেল বিমল মিত্রের বইয়ে বাজার সয়লাব। এমন অনেক বই বেরোল, যার খবর খোদ লেখকেরই অজানা! রক্ত পলাশ নামের একটি বইয়ের নামডাক হলো খুব, অথচ লেখক বিমল মিত্র এ নিয়ে একেবারেই বেখবর। প্রচ্ছদে যাঁর নাম দেখে পাঠকেরা বই কেনেন, সেই লেখক বইয়ের নামটি পর্যন্ত শোনেননি, এমন ঘটনা অবাক হওয়ার মতো নয় কি?
বাংলা সাহিত্যে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিমল মিত্র—জনপ্রিয় এই তিন কথাসাহিত্যিককেই নকল লেখকদের হাতে যথেষ্ট নাকাল হতে হয়েছে।
শেষমেশ নকলবাজদের উৎপাতে অতিষ্ঠ হয়ে কী কাণ্ড এবং কী কী পদক্ষেপ নিয়েছিলেন আসল লেখকেরা, সেসবের ফিরিস্তি দেওয়ার মানসেই অকিঞ্চিৎকর এই রচনা। এ লেখায় দেশ পত্রিকার বিখ্যাত সম্পাদক সাগরময় ঘোষের স্মৃতিচারণামূলক বই সম্পাদকের বৈঠকে এবং ২০১৭ সালের ২৩ জুলাই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ঊর্মি নাথের ‘পাঠকও ধরতে পারেননি নকল কে’ শিরোনামের নিবন্ধকে আকর হিসেবে গ্রহণ করা হলেও সূত্ররূপে ব্যবহার করা হয়েছে আরও একটি সাক্ষাৎকার।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিমল মিত্র—লেখকত্রয়ের মধ্যে সর্বকনিষ্ঠ বিমল মিত্র। তাই ‘ছোট থেকে বড়’—নিয়ম মেনে লেখাটা আমরা শুরু করেছিলাম বিমল মিত্রকে দিয়ে। স্বভাবতই বিমল মিত্রের গল্পটিই আগে শেষ করা যাক।
নকল বিমল মিত্র একের পর এক যেসব বই লিখেছিলেন, তাতে আর্থিক ক্ষতি তো আসল বিমল মিত্রের হচ্ছিল, এ বাদে তাঁর দুর্নামই হচ্ছিল বেশি। চতুর্দিক থেকে চিঠি আসা শুরু হলো, ‘এসব কী লিখছেন বিমলবাবু!’
চেন্নাইয়ের বিখ্যাত পরিচালক নানু ঘোষ বিমল মিত্রকে ভয়ংকর অপমান করে বসলেন, সিনেমা করার জন্য পাঠানো তাঁর উপন্যাসকে এককথায় ‘রাবিশ’ বললেন। এতে বিমল মিত্র তো একেবারে হাঁ। কী বলে এসব! তিনি তো কখনো কারও কাছে এ রকম কিছু পাঠাননি। আসলে বিমল মিত্রের নামে উপন্যাস পাঠিয়েছিল অন্য আরেকজন। সঙ্গে একটি চিঠিও, ‘আমি সাহেব বিবি গোলাম-এর লেখক, আমার নতুন বই কড়ির চেয়ে দামী সিনেমা করার জন্য পাঠাচ্ছি।’ এসব শুনে আসল বিমলের তখন মাথা খারাপ অবস্থা। তাঁর নাম বেচে খায় ভালো কথা, তা বলে নিজেকে সাহেব বিবি গোলাম-এর লেখক হিসেবে দাবি করবে, এ তো ভয়াবহ ব্যাপার!
কিন্তু এই ভয়াবহ ব্যাপারগুলো কারা ঘটিয়েছিলেন, কারা ছিলেন নকল বিমল মিত্র? আর কোথায়-বা ছিল তাঁদের আঁতুড়ঘর?
বইপত্র ঘেঁটে জানা যাচ্ছে, তৎকালের ছোটখাটো প্রকাশকেরাই তৈরি করেছিলেন নকল বিমল মিত্রদের। সে সময় বিমল মিত্রের সংখ্যাটা নেহাত কম ছিল না। কারও মতে, এ সংখ্যা বিশ-পঁচিশেক তো হবেই। এঁদের অধিকাংশ নেপথ্যে থাকলেও প্রকাশ্যে এসেছিলেন বা আসতে বাধ্য হয়েছিলেন দু-একজন।
রবীন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন নকল বিমলদের একজন। তিনি লিখতেনও ভালো। আসলের কাছাকাছি। ফলে দারুণ বাজার ছিল তাঁর, ছিল বাজারদরও। কিন্তু এই মানুষটির নকল হওয়ার পেছনের গল্পটা একেবারেই অন্য রকম। পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন প্রকাশকের কাছে। প্রকাশক ফিরিয়ে দিলেন। সঙ্গে অন্য প্রস্তাবও দিলেন, বিমল মিত্রের নামে বই লিখে দিতে হবে। রবীন্দ্রনাথ চক্রবর্তী প্রথমে রাজি না হলেও পরবর্তীকালে চ্যালেঞ্জ হিসেবে নিলেন বিষয়টা। একাধারে লিখলেন বিমল মিত্রের নামে। একপর্যায়ে ধরা খেয়ে গেলেন। এবার আসল বিমল মিত্র গেলেন আইনের কাছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, আসলজন ঠকে গেলেন নকলজনের কাছে। প্রকাশক বুদ্ধি করে রবীন্দ্রনাথ চক্রবর্তীকে কাগজপত্রে বানিয়ে ফেললেন বিমল মিত্র। উপরন্তু এই নামে জোগাড় করে ফেললেন পরিচয়পত্র, রেশন কার্ডসহ আরও নানা দলিল-দস্তাবেজ। ফলে নকলজন খালাস। আদালত রায় দিলেন, এক নামে দুই ব্যক্তি তো থাকতেই পারেন।
অবশ্য শেষ বয়সে পৌঁছে সব কথা স্বীকার করেছিলেন রবীন্দ্রনাথ চক্রবর্তী। অদ্রীশ বিশ্বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ মুখেই সত্য স্বীকার করেছেন তিনি, ‘বিমল মিত্রের নাম দিয়ে আমি উপন্যাস লিখতাম, রক্ত পলাশ আমারই লেখা।’
এমন করুণ বিড়ম্বনার শিকার হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও। বিমল মিত্রের পর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনিটিই বলা যাক।
আরোগ্য নিকেতন উপন্যাসের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নকল বা ভেজালের খপ্পরে পড়ে নিজের নামেই হাত দিতে বাধ্য হতে হয়েছিল।
তারাশঙ্কর যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন যথারীতি তাঁর নামে ছাপা হতে লাগল বই। আর এসব অখাদ্য বই এই ঔপন্যাসিকের নামের সঙ্গে যতই যুক্ত হতে থাকল, তিনিও অহেতুক সমালোচনায় আক্রান্ত হতে থাকলেন ঠিক ততটায়। কয়জনকে বোঝাবেন, এসব তিনি লেখেননি। তাঁর নাম ব্যবহার করে বই বেরোচ্ছে তো বেরোচ্ছেই—একদম পাইকারি হারে। একসময় নকলদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠলেন আসল তারাশঙ্কর। শেষ নকল থেকে নিস্তার পেতে নিজের যাবতীয় নতুন ও পুরোনো বইয়ের নতুন সংস্করণে দীর্ঘ ভূমিকা লিখতে হলো তাঁকে। এমনকি পাঠককে আসল-নকল চেনার উপায়ও বাতলে দিতে হলো। রাগে-ক্ষোভে লিখলেন, ‘“শ্রীময়ী”র শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শ্রীময় থাকুন, আমি এখন হইতে শ্রীহীন হইলাম।’ এরপর থেকে নিজের নামে আর শ্রী লাগাতেন না তিনি, শুধু লিখতেন—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্পটিও বড়ই করুণ, তাই না?
এমন করুণ আরেক বিড়ম্বনার শিকার হয়েছিলেন দুই বাংলার প্রবল জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৯১৭ সাল। শরৎবাবুর চরিত্রহীন উপন্যাস সবে বেরিয়েছে। এ উপন্যাস নিয়ে চারদিকে তাঁর নিন্দা ও নামডাক—দুই–ই হচ্ছে। যেমন আসছে শংসাবাক্য, তেমনি পাচ্ছেন তির্যক সমালোচনাও। প্রকাশকেরা এমন বই-ই চাচ্ছিলেন। এ সময় দেখা গেল শরৎচন্দ্রের নামে আরেকটি উপন্যাসও বেরিয়েছে—চাঁদমুখ। এখানেই শেষ নয়, চাঁদমুখ বিক্রিও হচ্ছিল খুব। অথচ এই উপন্যাস তো শরৎচন্দ্র লেখেননি। ‘কী হচ্ছে এসব!’ হইচই শুরু করে দিলেন তাঁর প্রকাশক হরিদাস চট্টোপাধ্যায়। তবে আসল শরৎচন্দ্র ব্যাপারটা কানেই তুললেন না। কিন্তু প্রকাশক মশাই নাছোড়বান্দা। তিনি ব্যবসায়ী, ম্যালা খরচ করেছেন শরতের বইয়ে। এখন যদি নকল কেউ এসে ব্যবসায় জেঁকে বসে, তাহলে তো তাঁকে পথে বসতে হবে।
একদিন হরিদাস চট্টোপাধ্যায় এসে শরৎচন্দ্রকে বললেন, ‘ওহে শরৎ, এর একটা কিছু বিহিত করো। তোমার নাম ভাঁড়িয়ে আরেক শরৎ চাটুজ্যে যে বাজারে বই ভালোই কাটিয়ে দিল।’
কে শোনে কার কথা। এসব পাত্তাই পেল না শরৎচন্দ্রের কাছে। তিনি বললেন, পাঠকই ধরে নেবে কে খাঁটি আর কে ভেজাল। আদতে এমনটা হয়নি। আমজনতার খুব অল্পই সেটা ধরতে পেরেছে। এদিকে তত দিনে তাঁর নামে হীরক দুল ও শুভ লগ্ন নামে উপন্যাস বেরিয়ে গেছে আরও দুটো। এবার কিছুটা টনক নড়ল শরৎচন্দ্রের। জানার চেষ্টা করলেন, কে এই ভেজাল শরৎ?
ভেজাল শরৎ হলেন গল্পলহরী পত্রিকার সম্পাদক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তখন তাঁর খুব দুর্দিন চলছিল, পত্রিকা চলে না। ফলে নামটা পুঁজি করে নেমে গেলেন উপন্যাস রচনায়; এবং দেখলেন, বইয়ের কাটতি বেশ ভালো। সুতরাং আর থামলেন না।
তত দিনে নকলের হাত থেকে বাঁচতে উপায় খুঁজছিলেন আসল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু উপায়ই-বা কী? নকল শরৎচন্দ্র একটা পত্রিকার সম্পাদক, তাঁর নামে তো আর মামলা-মোকদ্দমা করা যায় না। আবার এককথায় তাঁকে নকল ঠাওরানোও কি ঠিক হবে! ওই বেচারাও তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এসব সাত-পাঁচ ভেবে অস্থির তখন দেবদাসের স্রষ্টা।
এ সময় এগিয়ে এলেন বাতায়ন-এর সম্পাদক অবিনাশ ঘোষাল। তিনি ছিলেন শরৎবাবুর খাস লোক। তাঁরা দুজনে বসে অনেক ফন্দি-ফিকির করলেন, কীভাবে থামানো যায় ব্যাটাকে! কিন্তু কোনোটিই মনঃপূত হয় না শরৎচন্দ্রের। একবার অবিনাশ বলেন, ‘বরং আপনিই চলে যান তার কাছে। আপনাকে ফিরিয়ে দেবে না। বিহিত একটা হবেই।’ এ প্রস্তাব পছন্দ হয় না। পরক্ষণে শরৎ বলেন, ‘অবিনাশ, তুমিই যাও। গিয়ে তাকে মারপিটের ভয় দেখাও। বলো, চরিত্রহীন বইটি প্রকাশের পরে অনেকেই শরৎচন্দ্রকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করছে। সিটি কলেজের ছেলেরা মারতেও পারে। এখন যদি আপনি শরৎচন্দ্র নামে লেখেন, তবে কখন আবার বিপদে পড়বেন।’
অবশেষে আসল শরৎচন্দ্রের হয়ে অবিনাশ ঘোষালই গেলেন নকল শরৎচন্দ্রের কাছে। প্রস্তাব দিলেন নাম পাল্টানোর। কিন্তু না, ওটা তো করবেন না তিনি। অতঃপর গল্পলহরীর শরৎচন্দ্র বললেন, ‘এক কাজ করা যাক, বইয়ে বড় করে আর্ট পেপারে ছবি ছাপলেই তো মামলা খতম। আমি আমার বইয়ে ছবি ছাপব, তিনিও যেন তাঁর বইয়ে ছবি ছাপেন।’ কথা শেষে ফিরে গেলেন অবিনাশবাবু।
মাসখানেক পরে বাজারে এল গল্পলহরীর শরৎচন্দ্রের নতুন বই—কণকাঞ্জলি। এখানে টাইটেল পৃষ্ঠার আগের পৃষ্ঠায় বড় করে তাঁর দাড়িসমেত ছবি দেওয়া হলো, নিচে লেখা, ‘শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (জুনিয়র)’।
এই সপ্তাহেই অবিনাশ ঘোষাল তাঁর বাতায়ন পত্রিকায় মূল শরৎচন্দ্রের ছপি ছাপতে চাইলেন। কিন্তু সমস্যা ঘটল অন্যত্র। আসলজনেরও দাড়ি আছে—ফ্রেঞ্চ কাট দাড়ি। এখন দুজনেরই যদি এক রকম ছবি ছাপা হয়, তাহলে লোকে আসল-নকল বুঝবে কেমন করে!
অগত্যা আসল শরৎচন্দ্রই তাঁর শখের দাড়ি কাটলেন। তারপর শরৎবাবুর দাড়িহীন ছবি ছাপা হলো বাতায়ন-এ। আর ওই ছবির নিচে লেখা হলো, ‘চরিত্রহীন উপন্যাসের লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’।
আগেকার বহু লেখকই এমন করুণ অবস্থার সম্মুখীন হয়েছেন। এখনো কি কারও ক্ষেত্রে এমন আসল-নকল বিভ্রাটে পড়তে হয়? আগের মতো বিড়ম্বনা আর ঘটে না বোধ হয়।