প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনও রক্ত পরীক্ষাটাই করিনি
আমার ব্লাড-গ্রুপ জানি না
বি-পজিটিভ, ও-নেগেটিভ... কী-কী সব নাম
কিছুই বুঝি না
মাথায় উত্তপ্ত ক্রোধ, বাক্য-নিবেদিত শব্দগুচ্ছ
ধমকে চলেছে নিরন্তর আমার ভেদবুদ্ধিকে
আমি চুপ থাকি নিঃশব্দ শাসনে
কথা বলতে চাই অতীন্দ্রিয়ের সঙ্গে
কত দূর যেতে হবে, কী-কী নিয়ে যেতে হবে
ঘরের আসবাব, পথের ধুলোবালি, সোনারুপা
ঘাসের ওপর বাতাসের ঘাম
আকাশের অশ্রুবিন্দু
স্বপ্নকে উৎসর্গ-করা সত্যের বিলাপ
জানতে ইচ্ছে করে, কে তুমি অতীন্দ্রিয়
তোমার সঙ্গে এক-জীবনে কেউ কি পরিচিত খুব
সাঙ্গ হলো কত প্রার্থনা, কত আরাধনা
ধ্যানমগ্নতার পাথুরে আদল—
খুঁজে মরল আসল-নকল
কেউ পেল না কূল-কিনারা
কে তুমি অতীন্দ্রিয়