কেউ আছে নিশ্চয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে শুনছে আমার কবিতা—সে আছে
যে লিখছে আমার কবিতা—সে আছে
ঘুম ও স্বপ্নের মধ্যে যে নদী পার হয়
অন্ধকার গলির মাথায় যে অপেক্ষায়
আমি তো তার কাছে যাব
যারা বলে কেউ নাই
তারা আমার অস্তিত্বের বিপরীতে থাকে
অনেক লিঙ্গান্তরের ভিড়ে আমি যাকে
হারিয়ে ফেলেছিলাম
হয়তো উপযুক্ত ছিলাম না পাহাড়ি খাড়ায়
তবু গিরিখাত ধরে এতদূর এসেছি
উপত্যকায় করেছি চাষ
তাই বলে পর্বত চিনি না!
যে ঘুমিয়ে আছে তাকে ঘুমাতে দাও
যারা জেগে আছে গভীর তমসায়
কেউ আছে জেগে নিশ্চয়
আমাকে যে জাগাতে পেরেছে।