কেজিবি হত্যা করেছিল কাম্যুকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলবেয়ার কাম্যু। ছবি: সংগৃহীত
আলবেয়ার কাম্যু। ছবি: সংগৃহীত

বিশ্বনন্দিত ফরাসি ঔপন্যাসিক আলবেয়ার কাম্যু ১৯৬০ সালের ৪ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে এত দিন জেনে এসেছে বিশ্ববাসী। কিন্তু সেই জানা বিশ্বাসের গোড়ায় এবার সন্দেহের কুঠারাঘাত করেছেন ইতালির গবেষক ও লেখক জিয়োভান্নি কাতেল্লি। দীর্ঘ কয়েক বছরের গবেষণা শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কাম্যুর মৃত্যু নিছক কোনো গাড়ি দুর্ঘটনায় নয়, এর পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির হাত থাকতে পারে। কাতেল্লির এমন সন্দেহের পেছনে জোরালো যুক্তি-প্রমাণসহ দ্য ডেথ অব কাম্যু শিরোনামে একটি বই খুব শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে। সেই বইয়েই উন্মোচিত হবে কাম্যুর মৃত্যু রহস্য।

বলা প্রয়োজন, ১৯৬০ সালের ৪ জানুয়ারি প্রকাশক মিশেল গালিমারের সঙ্গে একই গাড়িতে চেপে প্যারিস থেকে একটু দূরে ভিলব্লেভোঁতে ছুটি কাটাতে যাচ্ছিলেন আলবেয়ার কাম্যু। পথিমধ্যে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান কাম্যু। এর কয়েক দিন পর মারা যান মিশেল গালিমার।

এই ঘটনাটিকে এত দিন দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও জিয়োভান্নি কাতেল্লি মনে করছেন, এটি মৃত্যু নয়, হত্যাকাণ্ড। আর এটি ঘটিয়েছে রাশিয়ার গুপ্তচরেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়ার গুপ্তচরেরা কেন হত্যা করতে যাবে কাম্যুকে? কারণ অবশ্য আছে। কাম্যু তখন ছিলেন সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে সরব, ১৯৫৬ সালে সোভিয়েতের হাঙ্গেরি আক্রমণের তীব্র নিন্দা করে লেখালিখি করেছিলেন। এর ঠিক দুই বছর পরই ১৯৫৮ সালে পেলেন সাহিত্যে নোবেল পুরস্কার। তখন ফরাসি বুদ্ধিজীবীদের মধ্যে জাঁ পল সার্ত্রে ছিলেন সোভিয়েত অনুগামী, কিন্তু কাম্যু ছিলেন বিরোধী। এ কারণেই কি তাঁর মৃত্যু? বিস্তারিত জানা যাবে জিয়োভান্নি কাতেল্লির বইটি বেরোনোর পর।

সূত্র: দ্য গার্ডিয়ান