ইউক্রেনের কিয়েভ শহরের এই কফিশপে প্রতি সন্ধ্যায় আড্ডায় মেতে উঠতেন তরুণ কবি লেস বিলে, আনদ্রিয়ে বনদার, ওলেনা হারাসমিুখ, মারিয়ানা কিয়ানোভস্কা, পাভলো করভচাকসহ আরও অনেকেই। নিজের সদ্য লেখা কবিতাটি পড়ে শোনাতেন বন্ধু কবিদের। এক সপ্তাহ আগেও জড়ো হয়েছিলেন তাঁরা। কিন্তু এখন আর পারছেন না। সময়টা আগের সুরে আর বাজছে না। নিজের কবিতা বাদ দিয়ে এখন প্রবীণ কবি তারাশ শেভচেঙ্কোর কবিতা পড়তেই ভালো লাগছে তাঁদের, ‘শান্তির দেশ, প্রিয় মাতৃভূমি ও আমার ইউক্রেন…।’
ইউক্রেন আজ কাঁদছে। সীমান্তের ওপার থেকে লাখ লাখ রুশ সৈন্য হামলে পড়েছে তাদের ওপর। কামানের গোলায় মুহুর্মুহু কেঁপে উঠছে কিয়েভ। রাস্তায় রাস্তায় চলছে গোলাগুলি। কত প্রাণ চলে গেছে বেঘোরে! প্রাণভয়ে পোল্যান্ডসহ ইউরোপের নানা দেশে পালিয়ে গেছে লাখো মানুষ। বিদেশি নাগরিকেরা প্রাণভয়ে ইউক্রেন ছেড়ে পালাচ্ছে। শিশু-বৃদ্ধ-নারীরা লুকিয়ে পড়ছে শহর ছেড়ে দূরদূরান্তের গ্রামে। তরুণ-যুবা-অবসরপ্রাপ্ত সেনারা হাতে তুলে নিয়েছে যুদ্ধের অস্ত্র।
এমন অবস্থায় কবিরা কলমের ডগায় ফুল ফোটাবেন? বারুদের গন্ধ ভুলে প্রেমের পদ্য লিখবেন? এ-ও কি সম্ভব?
ইউক্রেনের সময়টা এখন বড্ড বিষাদমাখা। চিরচেনা পরিবেশটা হয়ে উঠেছে অচেনা। গোধূলির ম্লান আলো গায়ে মেখে সান্ধ্য আড্ডায় যোগ দিতে যাওয়া তরুণ কবিটির রোজকার রুটিন নিশ্চয়ই বদলে গেছে।
শুরুতে যে ক্যাফের কথা বলা হয়েছিল, কিয়েভের সেই কুপিডন ক্যাফের এখনকার অবস্থা কী? আন্তর্জাতিক গণমাধ্যমে কুপিডন নিয়ে কোনো কথা নেই।
গত জানুয়ারিতে কিয়েভ পোস্ট–এ কুপিডন ক্যাফে নিয়ে একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা যাচ্ছে, ক্যাফেটির মালিকের নাম আলেকসান্দর আরভেনতেস। জানুয়ারি মাসে যখন যুদ্ধ শুরু হয়নি, কেবল লাখের অধিক রুশ সৈন্য এসে জড়ো হয়েছে ইউক্রেন সীমান্তে, তখন তিনি বলেছিলেন, ‘শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি, লেখকেরা প্রাণচঞ্চল করে রাখতেন এই কফিশপকে। কিন্তু এখন কারও মনে শান্তি নেই। সবার মনেই দুশ্চিন্তা। গভীর উৎকণ্ঠা। কখন কী হয়!’
কুপিডন ক্যাফের বয়স কম নয়। কিয়েভ শহরের উপকণ্ঠে ছোট্ট এক ক্যাফে, ১৯৯৫ সালে প্রথম যার দরজা খোলা হয়েছিল। শুরু থেকেই এটি ছিল কবি-সাহিত্যিকদের আড্ডাস্থল। কবিতার আঁতুড়ঘর। চিত্রশিল্পীরা নিবিড় মমতায় এর দেয়ালগুলোয় ছবি এঁকে দিয়েছেন। এখানকার আসবাবগুলোয় রয়েছে প্রাচীন ঐতিহ্যের ছাপ। আলেকসান্দর খুব শৌখিন মানুষ। নিজেও কবি, তাই কবি–সাহিত্যিকদের একটু বেশিই ভালোবাসেন।
প্রতি শনিবার দুপুরবেলায় এখানে কবি–সাহিত্যিকদের জন্য ‘দ্য ফার্স্ট কফি’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে কেউ যোগ দিতে পারেন এতে। শর্ত একটাই—অন্তত দুই লাইন হলেও কবিতা পাঠ করে শোনাতে হবে। তবে নিজের কবিতা নয়, অন্যের কবিতা। যাঁরা অংশ নেন, তাঁদের প্রত্যেককে ফ্রি কফি খাওয়ানো হয়। যাওয়ার সময় একটি সুন্দর কাগজে দুই–চার লাইনের কবিতা লিখতে হয়। সেই কবিতা সংরক্ষিত থাকে কুপিডনে।
২০১৩ সাল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। দীর্ঘ আট বছরে এক দিনের জন্যও ছেদ পড়েনি। মাঝখানে করোনার অতিমাত্রায় তাণ্ডবের সময় অনলাইনে হয়েছে এই অনুষ্ঠান।
শুধু কবিতাপাঠ আর কফিপানের মধ্যেই সীমাবদ্ধ নয় এই অনুষ্ঠান। কবিতা লেখা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিজয়ীর জন্য থাকে ‘কফি প্যাকেজ’ পুরস্কার। আলেকসান্দর করজোহ টানা সাতবার বিজয়ী হয়েছেন। তিনি এখন এই প্রতিযোগিতার মডারেটর। কুপিডন ক্যাফে সম্পর্কে তিনি বলেন, এটা মামুলি এক কফিশপ নয়। এর সঙ্গে ইউক্রেনের শিল্প–সাহিত্যের ইতিহাস জড়িয়ে আছে। অনেক শিল্পী–সাহিত্যিক–কবির জন্ম হয়েছে এখানে। এটা কবিতার আঁতুড়ঘর।
শুধু কিয়েভের কবি–সাহিত্যিকই নয়, দূরদূরান্তের শহর থেকেও কবিরা এখানে আড্ডা দিতে আসেন। সবার জন্যই দুয়ার খোলা থাকে কুপিডন ক্যাফের।
কিন্তু এখন কী অবস্থা, কে জানে! দুয়ার খোলা আছে, নাকি রুশদের ক্ষেপণাস্ত্র মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে কুপিডনকে? আপাতত কিছুই জানা যাচ্ছে না।
তবে সবকিছুরই একদিন শেষ হয়। যে রুদ্ধশ্বাস সময় চেপে ধরেছে ইউক্রেনের আকাশ–বাতাস, তারও একদিন অবসান হবে। যদি কুপিডন অক্ষত থাকে, তাহলে আবার জমবে আড্ডা। সেই সুন্দর দিনের আশায় এখন প্রহর গুনছেন কিয়েভের কবিরা।
সূত্র: বিবিসি, রয়টার্স, কিয়েভ পোস্ট, আশাই সিমবান