হায়াৎ মামুদ। পেশায় শিক্ষক; কিন্তু অনুবাদ ও মৌলিক লেখালেখিতেও সিদ্ধহস্ত। শিশুদের জন্যও লিখেছেন চমৎকার সব রচনা।রুশ সাহিত্যের বিস্তারএখন আমার অফুরন্ত অবসর। বিচিত্র বিষয়ে বইপত্র পড়া যেন অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে সেভাবে নির্দিষ্ট করে কোনো বই পড়িনি, আগে পড়া বিভিন্ন বই আবার উল্টেপাল্টে দেখেছি। সামনে আমার সম্পাদনায় রুশ উপন্যাস সঞ্চয়ন-এর দ্বিতীয় খণ্ড বেরোবে। সেই সূত্রে রুশ ঔপন্যাসিক ইভান তুর্গেনিভ, ফিওদর দস্তয়ভস্কি, লিও তলস্তয়—এঁদের উপন্যাসগুলো আবার পড়া হলো। রুশ সাহিত্য বরাবরই আমার প্রিয়। রুশ লেখকেরা উপন্যাসের বিস্তারণ বা ডিটেইলিং যেভাবে করেন, এককথায় তা চমকপ্রদ। আমার মনে হয়, রাশিয়া হলো ঔপন্যাসিকদের স্বর্গভূমি; এক রাশিয়াতেই কত মহান মহান ঔপন্যাসিক! কেমন বিস্ময় জাগে।শুনে শান্তি পাইআমি মূলত ধ্রুপদি সংগীতের সমঝদার। আবদুল করিম খান, ওঙ্কারনাথ ঠাকুর, কুমার গন্ধর্ব—এঁদের সবার সুরের আবহের মধ্যে যখন ডুবে যাই, যেন বা তখন জগৎটাই শান্তিময় হয়ে ওঠে। কেন ধ্রুপদি সংগীত শুনতে ভালো লাগে, এর কারণ খোঁজা বড়ই যন্ত্রণার ব্যাপার। এটুকু বলতে পারি, শুনে শান্তি পাই বলেই ভালো লাগে। আর কথা দিয়ে গড়া গানের ভুবন? এটা একা রবীন্দ্রনাথের দখলে। কথা ও সুরের এমন মায়াবী ঐকতান আর কজনের আছে! ভালো লাগে পঞ্চকবির গান। বিশেষত দ্বিজেন্দ্রলাল রায়ের গানে সুরের নির্মিতির ক্ষেত্রে এক ধরনের ইউরোপীয় আবহ খুঁজে পাই। কিন্তু সেটি আমাদের মেঠো সুরের সঙ্গে মাখামাখি হয়ে আছে। এসব সুরের ঝরনাধারায় স্নাত হতে হতে জীবনটা পার করে দিতে পারলে হয়তো বড় ভালো হতো।কত ছবি, কত মুখ...আমি ভয়াবহ আড্ডাবাজ। আমার এমন সময়ও গেছে যে আড্ডায় বসেছি—সময় কোন দিক দিয়ে পার হয়েছে, সে হুঁশ-জ্ঞান আর নেই। তবে এখন আর আগের মতো আড্ডা আমাকে টানে না। হয়তো বয়সের কারণেই। আর ঢাকা শহরে আড্ডা দেওয়ার কি জায়গা আছে? তা ছাড়া আমার সময়ের সঙ্গীরা সবাই একে একে চলে যাচ্ছে, আড্ডা হবে কার সঙ্গে? আগেকার আড্ডার স্মৃতি বারবার রোমন্থন করি। কত ছবি, কত মুখ, কত কিছু মনে হয়...ঢাকা তো একটি বাগান ছিলআমি যখন সপ্তম শ্রেণীর ছাত্র, তখন আমরা ওই বাংলা থেকে ঢাকায় এসেছিলাম। এখন ঢাকাকে যে চেহারায় দেখা যায়, সেটি নয়, ঢাকা তো একটি বাগান ছিল। খেলার মাঠ, স্কুল, লাইব্রেরি—মানুষে মানুষে সম্পর্কের মধ্যেও আত্মার টান ছিল। এখন ঢাকা বদলে গেছে, এখন এটি একটি দালানকোঠার জঙ্গল। আমি ঘুরতে ভালোবাসি। কিন্তু যানজটের এই ঢাকা শহরে কোথাও যাওয়ার কথা মনে হলেই কেমন জানি অস্বস্তি সৃষ্টি হয়। চোখের সামনে আমার বেড়ে ওঠার এ শহর কীভাবে বদলে গেল!সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ