কোনো খেদ না থাকার রফিক আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি রফিক আজাদ
কবি রফিক আজাদ

আজ কবি রফিক আজাদের চলে যাওয়ার পরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কবিপুত্র অব্যয় আজাদ বলেছেন, ‘বাবা এমন এক জীবন কাটিয়ে চলে গেছেন যার জন্য কোনো খেদ ছিল না তাঁর।’ তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সামনে দাঁড়িয়ে কথাটি কানে যেতেই মনে পড়ল, কদিন আগে রাত জেগে পড়া রফিক আজাদের আত্মজীবনী ‘কোনো খেদ নেই’-এর কথা। আপাত-এলোমেলো এই খাঁটি কবি মানুষটি কী নিপুণ ধারাবাহিকতায় লিখেছেন তাঁর নিজের জীবনের পর্বের পর পর্ব, এঁকেছেন গত শতকের ষাটের দশকের সাহিত্য সংসার ও সমাজ রাজনীতির চিত্র, ভাবলে বিস্ময় মানতে হয়! আমাদের এই নিদারুণ স্বীকৃতি-কাঙাল, অপ্রাপ্তির ফিরিস্তি-ভারাতুর সাহিত্য-সংস্কৃতি পরিসরে আক্ষরিকভাবে ‘কোনো খেদ নেই’ বলতে পারাটাও বিস্ময়ের ব্যাপার নিশ্চয়ই। কিন্তু না, আবার বিস্ময়েরও না। কারণ, পাকিস্তানি বদ্ধ আবহাওয়ার ভেতরে থেকে সপ্তসিন্ধু দশ দিগন্তের হাওয়াকে আপন করে অবরুদ্ধ ষাটের দশকের সেই ছোট্ট ঢাকা শহরে প্রধানত ছোট কাগজকে মাধ্যম মেনে সাহিত্যের যে বড় পরিবর্তনকে সম্ভব করে তুলেছিলেন রফিক আজাদ ও তাঁর প্রজন্ম, তাতে নিশ্চিত আন্দাজ হয়, সাহিত্যে বড় স্বপ্ন, বড় তৃষ্ণার কোনো বিকল্প ছিল না তাঁদের কাছে। তাই হয়তো জীবনকেও পঙ্কিল করতে দেননি ক্ষুদ্র কোনো খেদে।

রফিক আজাদের কবিতা প্রথম শুনি বাংলাদেশ টেলিভিশনের এক অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের কণ্ঠে। ‘সাম্পান’ বিষয়ক এক বক্তৃতায় তিনি উদ্ধৃত করেছিলেন রফিক আজাদের সেই অনুপম কবিতাটি, ‘সুন্দর সাম্পানে চড়ে মাধবী এসেই বলে-“যাই”।’
সেই থেকে তাঁর কবিতায় প্রবেশ আমার। এরপর যত পড়েছি ‘অসম্ভবের পায়ে’ থেকে ‘মৌলবীর মন ভালো নেই’ পর্যন্ত কবিতার বইগুচ্ছ—ততই অনুভবে এসেছে নশ্বর মানুষ জীবন, নশ্বর সৌন্দর্য আর অতি নশ্বর প্রেমের জন্য তাঁর আকুল হাহাকারের মর্ম।
রফিক আজাদের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি আমার অতি সামান্য। কিন্তু সে ক্ষীণ স্মৃতির আভা এখনো জ্বলজ্বল করে মনে। একবার তাঁর ধানমন্ডির বাড়ি থেকে গুলিস্তানে তখনকার কর্মস্থল জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্দেশে তাঁরই সরকারি বাহনে যেতে যেতে বলছিলেন টুকরো টুকরো অনেক কথা। সেখানে নিজের চেয়ে বেশি ছিল বন্ধুদের প্রসঙ্গ। রাজীব আহসান চৌধুরী নামে এক বন্ধুর কথা বলতে গিয়ে কবির মূল্যায়ন ছিল, ‘বুঝলে, রাজীব আহসানের মৌখিক কথাই ছিল বিশুদ্ধ বাংলার উৎকৃষ্ট উদাহরণ।’ বলছিলেন কবি তারাপদ রায়ের গল্প। আর সেই গল্প শুনতে শুনতে আমার মনে পড়ে যাচ্ছিল, তারাপদর আত্মজীবনীসহ নানা লেখাজোখাতেই তো ভীষণভাবে জড়িয়ে আছেন উদ্দাম এক কবি—রফিক আজাদ। রফিক ভাই সেদিন বলছিলেন, মার্কিন মুলুকে থাকা কবি শহীদ কাদরীকে ভীষণ ‘মিস’ করার কথাও। বলছিলেন, শহীদ কাদরীকে তিনি ডাকতেন ‘ওস্তাদ’ নামে। তবে রফিক ভাইয়ের সেই ‘ওস্তাদ’ শহীদ কাদরীও যখন হঠাৎ মধ্যরাতে ফোন করে আমার কাছে জানতে চান, ‘রফিক কেমন আছে, জানো নাকি কিছু?’ তখন চোখের সামনে ভেসে ওঠে ‘ষাটের দশক’ নামে পৃথিবী থেকে চিরকালের মতো হারিয়ে যাওয়া এক ক্যাফের কথা, যেখানে দিন-রাত বেশুমার আড্ডায়, চায়ের কাপের ঝড়ে, কবিতার কুঁড়িতে, স্বপ্নে নির্মিত হয়েছে বাংলা কবিতার ভিন্নতর বাঁক।
রফিক ভাইকে আরও নিবিড়ভাবে জেনেছি তাঁর উত্তর প্রজন্মের স্মৃতি বয়ানে। প্রয়াত নাট্যজন সেলিম আল দীন প্রায়ই বলতেন তাঁর সাহিত্যিক অঙ্কুরোদগমের কালে রফিক আজাদের প্রশ্রয় ও পরামর্শের কথা। নাটক রচনায় তাঁর অনুপ্রেরণা ও উৎসাহ স্বীকার করে এই কবিকে সম্ভ্রমে সম্বোধন করতেন ‘পিতৃপ্রতিম রফিক আজাদ’ হিসেবে।
‘চুনিয়া আমার আর্কেডিয়া’র এই কবি-আমাদের রফিক ভাই জীবনের সৌন্দর্য ও ভয়ংকর উভয়কেই মুহুর্মুহু আস্বাদন করে কবিতাতেই বলতে চেয়েছেন নিজের সব কথা। জীবনের শেষ প্রান্তে এসে একটি নিটোল আত্মজীবনী লিখলেও গদ্যে অনীহ ছিলেন; গদ্যময় চারপাশ নিয়ে একাধিক কবিতাও আছে তাঁর। এই গদ্য তো তাঁর কাছে নিঃসুর, কাঁটাময়, রুক্ষ জীবনের নামান্তর। আর শিল্প ও জীবন তাঁর কাছে অভিন্ন বলেই জীবনে উপচে পড়া সব বৈচিত্র্যকে ধরে রাখতে চেয়েছেন কবিতায়। তাই আমরা দেখি নেত্রকোনার বিরিশিরি কালচারাল একাডেমিতে চাকরির খণ্ড সময়কে তিনি ধরে রেখেছেন ‘বিরিশিরি পর্ব’ নামের অনন্য কবিতার বইয়ে। গারো পাহাড়, বিরিশিরি, সোমেশ্বরী নদী, তাতারারাবুগা—এ সবই বুকের গহিনে লালন করে বলে উঠেছেন, ‘আমি রফিক মারাক’। ‘প্রথম আলো’য় দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিরিশিরি আমাকে বদলে দিয়েছে।’ বলেছেন, তাঁর বাঙালি শিরা-উপশিরায় বইছে জাতি বৈচিত্র্যের মৈত্রীময় রক্ত।
আজ রফিক আজাদের চলে যাওয়ার কিছু আগে তাঁর রোগশয্যার পাশে অক্ষম দাঁড়িয়ে ভাবছিলাম আমার এবং আমাদের সেই কবির কথা, যিনি একদিন ‘চুনিয়া’ নামের এক ছোট্ট গ্রামের কসম খেয়ে প্রত্যাশা করেছিলেন ‘মানুষেরা হিংসা-দ্বেষ ভুলে পরস্পর সৎ প্রতিবেশী হবে।’ ভাবছিলাম সেই কবিকে, যিনি পারদের মতো ভারী আর বন্ধ বিশাল দরজার সামনে দাঁড়িয়েও বারবার শুনিয়েছেন ‘পাগলাগারদ থেকে লেখা প্রেমিকের চিঠির বিত্তান্ত’; আবার সশস্ত্র সুন্দরের প্রত্যয়ে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছেন মহান মুক্তিযুদ্ধে; হাতুড়ির নিচে চাপাপড়া জীবনকে যিনি বর্ষণে, আনন্দে, মানুষের বেদনার জলে ধারাস্নান করাতে চেয়েছেন আজীবন—সেই রফিক আজাদ আজ তো ‘শুভ বিদায়’ বলে চলেই গেলেন।
আর চলে যেতে যেতে যেন নিজের কবিতার পঙক্তিতেই জানিয়ে গেলেন, ‘পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে!’
অারও পড়ুন :-