ফেসবুকের একটি ‘ইভেন্ট’ যে কী ঘটিয়ে দিতে পারে, সে তো আমরা দেখছিই। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সারা দেশ যে আজ এত উত্তাল, এর শুরুটা কিন্তু হয়েছিল ফেসবুকের একটি ইভেন্টের মাধ্যমেই। ফেসবুকের একটি ইভেন্টের কারণে নেদারল্যান্ডসের হরেন নামের ছোট্ট একটি শহরেও গত বছর সেপ্টেম্বরে ঘটে গেছে উন্মাতাল এক ঘটনা। সেখানে অবশ্য বিষয়টি ছিল একেবারেই অন্য রকম। মার্থি ভিউসথুইস নামের এক তরুণী তাঁর ১৬তম জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল কাছের বন্ধুদের কাছে বার্তা পাঠানো। কিন্তু প্রাইভেসি সেটিংয়ের ভুলের কারণে এই ইভেন্ট ব্যক্তিগত থাকেনি, হয়ে গিয়েছিল ‘ওপেন’। ফলে মাত্র দুই সপ্তাহেই ইভেন্টটি একপর্যায়ে দুই লাখ ৪০ হাজার মানুষ দেখেছে। এবং ৩০ হাজার মানুষ নিশ্চিত করেছে তারা এই ইভেন্টে অংশ নেবে! অথচ হরেন নামের নেদারল্যান্ডসের উত্তর-পূর্বাঞ্চলের এ শহরে জনসংখ্যা ১৮ হাজার!এত বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে হাঙ্গামা বাধাতে পারে সেটি আগেই আন্দাজ করেছিল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সচেষ্টও ছিল। শেষ পর্যন্ত পাঁচ হাজার ‘গেটক্র্যাশার’ (কোনো উৎসব বা পার্টি ভন্ডুল করে দেয় যারা) উপস্থিত হয়েছিল মার্থির জন্মদিনের সেই সময়টায়। বেধে গিয়েছিল দাঙ্গা-হাঙ্গামা। দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। চলেছে ভাঙচুর-অগ্নিসংযোগ। অনেকেই হয়েছে আহত। জন্মদিনের এই উৎসবের নাম ফেসবুক ব্যবহারকারীরা দিয়েছিলেন ‘প্রজেক্ট এক্স হরেন’। এখান থেকে অনুমান করা হয়, উৎসবটি ভন্ডুল করে দিতে তাদের ‘প্রেরণা’ হয়তো জুগিয়েছিল প্রজেক্ট এক্স নামের ওই বছর মার্চে মুক্তি পাওয়া একটি ছবি। হলিউডের কমেডি এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে তিন বন্ধু একটি পার্টির আয়োজন করে জনপ্রিয় হয়ে উঠতে চেয়েছিল। কিন্তু সেটি শেষ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণের মধ্যে না থাকায় ঘটে গিয়েছিল হাঙ্গামা।নিজের জন্মদিনের দুই সপ্তাহ আগে মার্থি যখন এই ইভেন্টটি খোলেন, দুঃস্বপ্নেও ভাবেননি এটি ছবির এই গল্পটিকে সত্যি বানিয়ে দেবে। তাঁর ইভেন্ট নিয়ে শুরুর দিকে ফেসবুক ব্যবহারকারীর মধ্যে আদান-প্রদান হচ্ছিল। অনেকে শখের বশে এমনিতেই ‘গোয়িং’-এ ক্লিক করছিলেন। কিন্তু হুট করে এটি রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হু হু করে বেড়ে যেতে থাকে ইভেন্টে অংশ নিতে ইচ্ছুকদের সংখ্যা। নির্দিষ্ট দিনে হাজার পাঁচেক লোক জড়ো হয় মার্থিদের বাড়ির সামনে। অনেকের পরনে এ সময় ছিল প্রজেক্ট এক্স হরেন লেখা টি-শার্ট। পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে দেখে মায়ের সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে যান মার্থি। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে অসন্তোষ দেখা দিতে শুরু করে। ততক্ষণে তারা বুঝে গেছে, এতজন অনাহূত অতিথিকে আতিথ্য দেওয়া হবে না। জন্মদিনের কেকও খাওয়া হচ্ছে না।পরিস্থিতি বেগতিক দেখে তৎপর হয়ে ওঠে ৫০০ দাঙ্গা পুলিশ। কিন্তু পরিস্থিতি একপর্যায়ে আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। পুরো শহরে শুরু হয়ে যায় গেটক্র্যাশারদের তাণ্ডব। শুরু হয় দোকানে দোকানে লুটপাট, গাড়িতে অগ্নিসংযোগ। আহত হন সাংবাদিকেরা। গাড়ি ভাঙচুর করা হয়, ভেঙে ফেলা হয় সড়কবাতি। শেষ পর্যন্ত পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছয়জন মারাত্মক চোট পান। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয় হাসপাতালে। সব মিলিয়ে গ্রেপ্তার ৩৪।হরেনের এই মাত্র কয়েক ঘণ্টার এই হাঙ্গামার ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১০ কোটি টাকা!একবার ভেবে দেখুন, আপনার হাতের মুঠোয় ফেসবুক নামের যে বিশাল অস্ত্রটি আছে, সেটি দিয়ে আপনি শাহবাগের মতো অহিংস এক আন্দোলন যেমন তৈরি করতে পারেন, একইভাবে হরেনের মতো এই ঘটনারও হয়তো জন্ম দিতে পারেন। আপনি কোনটা বেছে নেবেন, সেটি নির্ভর করছে আপনার বিচারবুদ্ধি আর বিবেকের ওপর।সূত্র: ডেইলি মেইল