কোনো কথা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

পার্কে বসে আছি। পাশে বড় জারুলগাছটা বেগুনি ফুলে ছেয়ে গেছে। বাঁধানো চত্বরে থেঁতলানো পাপড়ি আর ছোপ ছোপ বেগুনি রং। গ্রীষ্মের সূর্য মাথার ওপর থেকে খানিকটা হেলে পড়েছে। পেছনের পাহাড় বেয়ে উঠে যাওয়া রাস্তার ধারে পলাশ আর মেহগনিগাছের পাতায় হালকা ঝিরঝির শব্দ, গাড়ির হর্ন। আর কিছু না। আমি রমিজার কানের দুলগুলো দেখছিলাম। কানের লতি থেকে ঝুলছে দুটো লাল পাথর। ভারি সুন্দর। ও এপাশে-ওপাশে করলে লাল আলো ঝলকাচ্ছে। দুটো মুখোমুখি সিমেন্টের বেঞ্চে বসে আছি আমরা। রমিজার ফরসা মুখ গরমে লাল। তৃষ্ণা পেয়েছে? জিজ্ঞেস করব? ওর চোখের দিকে তাকাই। কোনো অভিব্যক্তি নেই। স্থির শান্ত। সামনের রাস্তাটার দিকে তাকিয়ে আছে। এখন ওকে জিজ্ঞেস করব, ‘পানি খাবে? অথবা ঠান্ডা কিছু?’ কিন্তু ইচ্ছে হলো না। কোনো মানে হয় না। তেষ্টা পেলে ও নিজেই গিয়ে পানি কিনে আনুক।
দুই ঘণ্টা ধরে আমরা বসে রয়েছি। আরও জনাদশেক লোকও রয়েছে পার্কে। শুরুর দিকে যারা ছিল, তাদের অনেকেই চলে গেছে। আবার অনেকে এর মধ্যে এসেছে একা কিংবা দল বেঁধে। বাদামওয়ালা গলায় ঝোলানো ঝাঁকা নিয়ে নীরবেই পায়চারি করছে। বাদাম, বাদাম বলতে ভুলে গেছে? তিনজন তরুণ ঘন ঘন এপাশ-ওপাশ দেখছে আর মোবাইল টিপছে। মোটা মতো একটা লোক দুই হাত দুই দিকে ছড়িয়ে আবার এক করছে। এই দুপুরেও ব্যায়াম? লোকে পারেও বটে। কোনার দিকে কৃষ্ণচূড়াগাছের ছায়ায় বসেছে একটা যুগল। ছেলেটা ঘাসের ডগা চিবিয়ে চলেছে সেই কখন থেকে। আর মেয়েটা কাঞ্চি দিয়ে মাটি খুঁড়ছে। কেন? মাটি খুঁড়ে কী হয়? যা-ই হোক, যা খুশি খুঁড়ুক। আমি রমিজাকে পানির কথা বলছি না। কী দরকার, এমনিতেই পেটে ঘন ঘন গ্যাস হচ্ছে। এর মধ্যে কথা বলতে গিয়ে দুশ্চিন্তা বাড়ানো কেন?
দুশ্চিন্তা কত রকমের, তার তালিকা করতে বসলে কয়েক মাইল লম্বা হবে। এই যে গত মাসে রাজপুণ্যাহ উৎসবে বান্দরবান যেতে পারলাম না, তা-ও সেই দুশ্চিন্তার কারণেই। উত্তমের সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা হলো। ওকে নিশ্চিত করে বলে দিলাম যে এবার যাচ্ছি। হোটেলে রুমও বুকিং দিলাম। কিন্তু ছুটির দরখাস্ত করতে গিয়েও ফিরে এলাম বসের টেবিলের সামনে থেকে। হেড অফিস থেকে পাঠানো কর্মী মূল্যায়নের ফরমগুলো খুঁটিয়ে দেখছিলেন তিনি তখন। ছুটি তো অনেক জমা আছে। চাইলেই পাই। কিন্তু ওই ফরমগুলোর একটাতে আমার নাম। এ বছরের টার্গেট কতটা হলো, পারফরম্যান্স সন্তোষজনক কি না, এসবে ভর্তি ফরমের ঘরগুলো। সেখানে খালি ঘরগুলোতে নম্বর বসবে। সেই নম্বরের ওপর ভিত্তি করে দেওয়া হবে সামনের বছরের ইনক্রিমেন্ট। তো আমি আর দরখাস্ত দিইনি। অ্যাপ্রাইজালের টেনশনে ভেস্তে গেল সে যাত্রায় বান্দরবান যাওয়া।
কয়েক দিন আগের কথা। বাজারে যাচ্ছি। ছাগলের মাথা খেতে চেয়েছে বউ। বুটের ডাল দিয়ে ছাগলের মাথা। আর মগজ ভাজি। বাচ্চারা মগজ ভাজি পছন্দ করে। রেয়াজুদ্দিন বাজারে ঢুকে সোজা চলে গেলাম কসাইয়ের দোকানে। গরুর-মোষের সারি সারি দোকানের পাশে একদিকে চারটা দোকানে চামড়া ছিলা ধড়বিহীন আস্ত ছাগল ঝুলছে। একটায় অনেকগুলো কাটা মাথা। দামদর করে দুটো মাথা চাইলাম। কসাই সুন্দর করে মাথার চামড়া ছাড়াল। চামড়া ছাড়ালে ছাগলের মুখটা কেমন বীভৎস দেখায়। নিপুণ দক্ষতায় চোখগুলো উপড়ে আনার পর সেটার দিকে আর তাকানো যাচ্ছিল না। এরপর বড় একটা কোপে খুলি থেকে মগজ বের করে আনল সে। এসব খুবই স্বাভাবিক। কিন্তু বাসায় যেতে যেতে অসুস্থ হয়ে পড়লাম রীতিমতো। রমিজাকে বললাম, খারাপ লাগছে। কিন্তু কেন খারাপ লাগছে সে কথা বলতে পারলাম না। কাগজে কয়েক দিন ধরে এভাবে একের পর এক কুপিয়ে হত্যার সংবাদ পড়েছি। একটা খুনের বিবরণে মগজ শব্দটাও ছিল। নিহতের মগজ বেরিয়ে পড়ে ছিল ফুটপাতে। এখন সেই শব্দটা মাথাজুড়ে ঘুরছে। কিন্তু এ কথা বললে রমিজার মগজ খাওয়া হবে না। তাই চেপে গেলাম। আর এসব নিয়ে ভাবতেও চাইলাম না। সুবিনয় রায়ের গান ছেড়ে দিলাম ফুল ভলিউমে। ‘জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।’
সুতরাং জারুল ফুল দেখছি। পাশে ন্যাড়া পলাশগাছ জুড়ে বাঁকানো নখের মতো কমলা ফুল। কিন্তু রমিজাকে বলব, ‘দেখো, কী সুন্দর’—সেই ইচ্ছা হলো না। এর মধ্যে আমাদের বেঞ্চ দুটোর ফাঁকে একটা কাক এসে নির্ভয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কেউ ঝালমুড়ি খেয়েছিল বোধ হয়। ফেলে দেওয়া ঠোঙাটা ঠোকরাচ্ছে একমনে। আমার পায়ের কাছে এসে কাকটা এসে হঠাৎ ‘কা’ করে উঠল। কয়েকটা ঝালমুড়ি, চানাচুরের দানা হয়তো পায়ের নিচে রয়ে গেছে। আমি পা তুলে ধরলে কাকটা সেসব খুঁটে খেতে শুরু করে। ভাবি ‘ছেই’ করব কি না। কিন্তু কেউ যদি কিছু ভাবে। কী দরকার ‘ছেই’ করে। আমি পা তুলেই রইলাম। কাকটা ধীরে ধীরে একটা করে দানা খাচ্ছে আর তাকাচ্ছে আমার দিকে। যেন পা নামাচ্ছি কি না, নজর রাখছে। এদিক-ওদিক লাফিয়ে আবার পায়ের নিচে ফিরে আসছিল সে। আমার পা টন টন করছে। আর পারছি না।
এর মধ্যে পাশের স্কুলটা কখন ছুটি হয়ে গেছে। বাচ্চারা দলে দলে পার্কের ভেতরের রাস্তা ধরে পাশের গেট দিয়ে বের হচ্ছে। দুপুরের নিস্তব্ধতা ভাঙছে তাদের পায়ের শব্দ। মায়ের হাত ধরে, বাবার হাত ধরে, দাদুর হাত ধরে সবাই সারি বেঁধে হাঁটছে। হঠাৎ একটা বাচ্চা মায়ের হাত ছেড়ে ছুটে এসে দাঁড়ায় আমার সামনে। চোখে-মুখে রাজ্যের বিস্ময়। আমার দিকে দেখিয়ে বলে ওঠে, ‘ওমা, দেখো দেখো। ও কি রকম করে পা তুলে আছে!’ ছোট্ট ছেলেটার চোখের পলকও পড়ছে না যেন। কিন্তু বেশিক্ষণ ওভাবে থাকতে পারল না সে। ছিপছিপে লম্বা তরুণী মা-টি তাকে পাঁজাকোলা করে তুলে নিল। মুখটা ভয়ে ফ্যাকাশে, রক্তশূন্য। চারদিকে তাকিয়ে বলল, ‘মাপ করবেন ও কিছু জানে না।’ এরপর ছেলের দিকে ফিরে নিচু স্বরে বলল, ‘কতবার বলেছি—কোনো কথা না। তুমি জানো না—কথা বলা নিষেধ!’