কোভিড-১৯-এর কাছে মানবজাতি হেরে গেল কেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের প্রভু হয়ে ওঠার প্রতিযোগিতায় আমেরিকা, চীন, রাশিয়া, জার্মানি, জাপান, দুই কোরিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের সবচেয়ে মেধাবী মানুষগুলোকে নিজেদের দখলে নিয়ে তাদের ‘মানুষ মারার অস্ত্র’ তৈরির কাজে নিয়োজিত করেছে। পরমাণু বোমাকে পাশ কাটিয়ে নতুন কী কী বিধ্বংসী মারণাস্ত্র তৈরি করা যায়, সেই লক্ষ্যেই তাঁরা কাজ করে চলেছেন। কেমিক্যাল ওয়েপন ও ব্যাকটেরিয়া ওয়েপন তৈরির ক্ষেত্র ক্রমশ সংগোপনে সম্প্রসারিত হয়েছে।
গত শতকের শেষ দশকে এসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর গত তিরিশ বছরে বিশ্বের অস্ত্র প্রতিযোগিতা সংগোপনে বৃদ্ধি পেয়েছে। তবে ওই সময় বিশ্বে ‘মানুষ বাঁচানোর অস্ত্র’ তৈরির বিষয়টি প্রায়োরিটি পায়নি।
তাই করোনাভাইরাসের আক্রমণে লন্ডভন্ড হয়ে যাওয়ার পরও ‘উন্নত বিশ্ব’ বলে পরিচিত দেশগুলো তাদের নাগরিকদের বাঁচানোর জন্য কোনো কার্যকর ওষুধই আবিষ্কার করতে পারছে না। তারা হাজার হাজার বছর আগের অসহায় মানুষদের মতোই করোনা বা কোভিড-১৯ নামক একটা ভাইরাসের কাছে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর মতো নিঃশর্ত আত্মসমর্পণ করে বসে আছে। আমাদের জানামতে, মানবজাতি এর আগে কখনো এ রকম অসহায় অমর্যাদার মুখোমুখি হয়নি।
এই যে করোনার মরণছোবলকে থামাতে না পারা, মানবজাতির এই যে অসহায়ত্ব—এর জন্য মানুষের মেধার অভাব নয়, মেধার অপব্যবহার বা মেধার অপচয়কেই আমি দায়ী মনে করছি। আমি মনে করছি, এই খাতে বরাদ্দ অর্থের অভাবও সমান দায়ী।
এখন আমি ভয় পাচ্ছি, করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ হওয়ার গ্লানি ও মর্মবেদনা থেকে নিজেদের মুক্ত করার জন্য বিশ্বে প্রভুত্ব বজায় রাখা এবং প্রভুত্ব বিস্তারে আগ্রহীরা আবার একটা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে না তো?
২ এপ্রিল ২০২০, নয়াগাঁও, ঢাকা।