
দৈহিক উচ্চতায় সবাইকে ছাড়িয়ে যাওয়া কারও কথা ভাবতে বললেই সাধারণত খেলোয়াড়দের ছবিই আমাদের মাথায় আসে: ওয়েস্ট ইন্ডিজের দুর্ধর্ষ বোলার জোয়েল গার্নার কিংবা বাস্কেটবল লিজেন্ড ম্যাজিক জনসন। সাহিত্যিক বলতেই আমরা সাধারণত অনুমান করি মাঝারি বা কম উচ্চতার কেউ। বছর ১৭ আগে এক পড়ন্ত বিকেলে পারির গোলকধাঁধাময় মঁপারনাস কবরখানার তৃতীয় ডিভিশনের দ্বিতীয় সেকশনের উত্তরদিক থেকে ৩ নং আর পশ্চিমদিক থেকে ১৭ নং কবরটির সামনে দুদণ্ড দাঁড়িয়ে সে কথাই মনে হচ্ছিল। কবরটি ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার শিশুসুলভ চেহারার হুলিয়ো কোর্তাসারের, পারি ঘুরতে গিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। ওপরে আর নিচে মিলে আসলে দুটি কবর। ওপরেরটি কোর্তাসারের চেয়ে অর্ধেক বয়সী তাঁর দ্বিতীয় স্ত্রী কানাডার শিল্পী ক্যারল ডানলপের, আর নিচেরটি জীবনের অর্ধেকটা সময় পারিতে কাটানো ভুবনখ্যাত এই আর্হেন্তাইন কথাসাহিত্যিকের।
গল্পকার হিসেবেই খ্যাতি কোর্তাসারের। কবিতাও লিখেছেন। ১৯৫৫ সালে প্রকাশিত রাসোনেস দে কোলেরা (ক্রোধের কারণ) নামে কবিতাবইয়ে ‘পাত্রিয়া’ (‘স্বদেশ’) নামে তাঁর একটি কবিতা ছিল। এ কবিতাটির শেষ দিকের একটি লাইন এমন: ‘সের আর্হেন্তিনো এস এন্তার ত্রিন্তে, সের আর্হেন্তিনো এস এন্তার লেহোস’ (আর্হেন্তাইন মানে দুঃখী, আর্হেন্তাইন মানে দূর, সুদূর)। ১৯৫১-তে ইউনেসকোর বৃত্তি নিয়ে সেই যে চলে যান পারি, আমৃত্যু সেখানেই বসবাস করেছেন। ১৯৭৩ আর ১৯৮২ সালে দুবার অল্প কয়েক দিনের জন্য ফিরেছিলেন প্রিয় পাত্রিয়ায়, কিন্তু থিতু হননি। পারিতে থাকতেন ঠিকই তবে মনটা আকুল থাকত বুয়েনস এইরেসের জন্য। একই অভিজ্ঞতার মধ্য দিয়ে দিনাতিপাত করে কোর্তাসারের সেরা উপন্যাস রাইয়ুয়েলার (এক্কাদোক্কা) প্রধান চরিত্র ওলিবেইরা, স্বদেশ ছেড়ে ইউরোপে থাকার দায়ে কোর্তাসারকে অনেক গালমন্দ শুনতে হয়েছিল আর্হেন্তাইন সমাজের একটি অংশের কাছে।

জন্ম থেকেই তিনি দেশান্তরি। বাবার কূটনৈতিক চাকরিসূত্রে ১৯১৪ সালে তাঁর পরিবার ছিল বেলজিয়ামে। কোর্তাসারের জন্ম সেখানেই—ব্রাসেলসে। ২৬ আগস্ট জন্ম নেওয়া রোগাপটকা ছেলেটির নাম রাখা হয় জুল ফ্লোরেন্সিয়ো কোর্তাসার। ১৯১৯-এ তাঁর পরিবার স্বদেশে ফিরে যায়। তিনি উচ্চতা আর গড়ন পেয়েছিলেন বাবার, মন-মানসিকতাটা মায়ের। মায়ের বই পড়ার অভ্যাসটা ছেলেকেও প্রভাবিত করেছিল। দুজনে মিলে গোগ্রাসে গিলতেন আলেকজান্দর দুমার রোমাঞ্চকর বইগুলো। পারিবারিক সূত্রে ছেলেবেলা থেকেই মাতৃভাষা এস্পানিয়োলের পাশাপাশি ফরাসিতেও দক্ষ ছিলেন কোর্তাসার। বড় হয়ে শিখেছেন ইংরেজি। আর্হেন্তিনায় হাইস্কুল পর্যায়ে শিক্ষক হিসেবে কাজ করেছেন কিছুদিন। আর্হেন্তিনার পশ্চিমাঞ্চলীয় শহর মেন্দোসার কুইয়ো বিশ্ববিদ্যালয়ে দুবছর পড়িয়েছেন ফরাসি সাহিত্য। তিনটি ভাষায় দখল থাকার কারণে পেশাগতভাবে তর্জমার কাজ করেছেন বহু বছর, বিশেষ করে ইউনেসকোতে। এস্পানিয়োলে এডগার অ্যালান পোর রচনাসমগ্রের অনুবাদক তিনি। ড্যানিয়েল ডেফোর রবিনসন ক্রুসো উপন্যাসটিও এস্পানিয়োলে তর্জমা করেছিলেন। এ বইয়ের সাম্প্রতিক কালের এস্পানিয়োল সংস্করণে ভূমিকা লিখেছেন নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকান লেখক জেএম কুটজি। অনুবাদ করতে গিয়েই লেখক হয়ে উঠলেন কোর্তাসার।
১৯৫১-তে পারির উদ্দেশে যাত্রা করার আগে বেরিয়েছিল প্রথম গল্পগ্রন্থ বেস্তিয়ারিয়ো (পশুকথামালা)। এ বইয়ে ‘কাসা তোমাদা’ (‘বাসা দখল’) গল্পটি ১৯৪৬ সালে আনালেস দে বুয়েনস এইরেস-এ ছেপেছিলেন বোর্হেস। বুয়েনস এইরেসের এক বড় বাড়িতে থাকে চল্লিশে পা দেওয়া দুই ভাইবোন—গল্পের আখ্যানকারী ভাই আর তার বোন ইরেনে। যেখানে অনায়াসে আটজন থাকা যায়, সেখানে থাকে তারা দুজন। গল্পের মধ্যপর্যায়ে এসে দেখা যায়, নামহীন রহস্যময় এক দখলদার শক্তির কারণে তাদের পিতৃপুরুষের বাড়িটি ক্রমেই হাতছাড়া হতে শুরু করেছে। তাদের ভয়ে জায়গা ছেড়ে দিতে দিতে শেষ পর্যন্ত সব ছেড়েছুড়ে রাস্তায় নেমে আসে দুই ভাইবোন। গল্পটি অ্যালান পোর ধাঁচের—অতিপ্রাকৃতিক ও ফ্যান্টাস্টিক। সেই সময়ে আর্হেন্তিনায় ছিল স্বৈরাচার হুয়ান দোমিঙ্গো পেরোনের রাজত্ব। গল্পটিকে সে সময়ের আলোকে একটি রাজনৈতিক প্যারাবল হিসেবে পাঠ করা যায়। ১৯৪৬-এ কোর্তাসার যখন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন, তখন কিছুদিন জেল খেটেছিলেন। এর পরই চাকরি ছেড়ে দিয়ে দেশছাড়া হয়েছিলেন তিনি।
বিশ্বসাহিত্যের সেরা কিছু গল্পের স্রষ্টা কোর্তাসার। ১৯৫৬ সালে বের হয় তাঁর গল্পগ্রন্থ ফিনালেস দেল হুয়েগো (খেলার শেষ)। এই বইয়ের একটি গল্পের কাহিনিতে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে এক ব্যক্তি। এ সময় আচমকা স্বপ্ন ও দুঃস্বপ্নে সে দেখে, সে হাসপাতালে শুয়ে নেই—আছে আজতেক সময়কালে, বেদিতে শুয়ে। পুরোহিতেরা তাকে নিয়ে এসেছে বিসর্জন দেওয়ার জন্য। চোখ বন্ধ করলেই সে দেখে এসব কিন্তু চোখজোড়া কিছুতেই খুলে রাখা যাচ্ছে না। গল্পটির নাম ‘লা নোচে বোকা আর্রিবা’ (‘ঊর্ধ্বমুখী রাত’)।
একই বইয়ের গল্প ‘আশোলতল’ (আশোলতল লাতিন আমেরিকার একটি উভচর) শুরু হয় এভাবে: ‘একটা সময় ছিল যখন আমি আশোলতলদের নিয়ে অনেক ভাবতাম। ওদের দেখতে যেতাম পারির বোটানিক্যাল গার্ডেনে, অ্যাকোয়ারিয়ামের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে দেখতাম ওদের, লক্ষ করতাম ওদের নিশ্চলতা, নিস্তেজ গতিবিধি। এখন আমি নিজেই এক আশোলতল।’ আজব। প্রাত্যহিক রুটিনমাফিক জীবনে অপ্রত্যাশিতভাবে জায়গা করে নিল অতিপ্রাকৃতিকতা—স্থানচ্যুতি ও উদ্বাস্তু পরিচয়। মানুষ হয়ে যায় জন্তু, আর জন্তু হয়ে যায় মানুষ। অদলবদল ঘটে পরিচিতির। সংক্ষেপে এই হলো কোর্তাসারের চমকপ্রদ ফ্যান্টাস্টিক গল্পের জগৎ। আর্হেন্তিনা আর উরুগুয়ে মিলিয়ে যে অঞ্চল, মানে রিভার প্লেট এলাকা সেখানকার লেখকদের মধ্যে ছোটগল্প লেখার ঝোঁক বেশি। উপন্যাসের চেয়ে ছোটগল্পের শাখাতেই মুনশিয়ানা দেখিয়েছেন এখানকার লেখকেরা। ওরাসিয়ো কিরোগা, লেয়োপোলদো লুগোনেস, বোর্হেস প্রমুখের দেখানো পথেই হেঁটেছেন কোর্তাসার, ফ্যান্টাস্টিক ঘরানায় লিখে গেছেন অবিস্মরণীয় কিছু গল্প। তাঁর মোট গল্পগ্রন্থের সংখ্যা নয়। সমাজতন্ত্রে বিশ্বাসী কোর্তাসার গত শতকের সাতের দশক থেকে মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী লাতিন আমেরিকার বিপ্লবী রাজনীতিতে জড়িয়ে যান প্রচণ্ডভাবে। তখন থেকে তাঁর লেখায় প্রবলভাবে ঢুকে পড়ে রাজনীতি। এ কারণে তাঁর পরের দিকের গল্পগ্রন্থের গল্পগুলোর নন্দনতাত্ত্বিক আবেদন অপেক্ষাকৃত কম।
গল্পের পাশাপাশি তিনি উপন্যাস লিখেছেন, লিখেছেন আলোকচিত্র আর টেক্সটের মিশেলে আলমানাক বা কোলাজধর্মী বই। তাঁর লেখা দুটি গল্প নিয়ে বিশ্ব চলচ্চিত্র ভুবনের দুজন অসামান্য স্রষ্টা দুটি সিনেমা তৈরি করেছেন—লাস বাবাস দেল দিয়াব্লো অবলম্বনে মাইকেলেঞ্জেলো আন্তোনিয়োনি বানিয়েছেন ব্লো-আপ আর ‘লা আউতোপিস্তা দেল সুর’ গল্পের কাহিনি নিয়ে জঁ লুক গদার করেছেন উইকএন্ড।
যে কাজটি নিয়ে হিস্পানি জগৎ হয়ে পশ্চিমা বিশ্বে কোর্তাসার প্রথম আলোড়ন তুলেছিলেন তা হলো নিরীক্ষাধর্মী উপন্যাস রাইয়ুয়েলা, ইংরেজিতে যার নাম হপসকস। ১৫৫টি ছোট ছোট অধ্যায়ে বিভক্ত উপন্যাসটি লেখকের নির্দেশমতো পাঠকেরা পিছে-আগে আগে-পিছে করে পড়তে পড়তে কখন যে লেখকের সঙ্গে মেতে উঠবেন এক্কাদোক্কা খেলায়, টেরই পাবেন না। উপন্যাসটি সরলরৈখিক আখ্যান নয়, বরং খণ্ডিত, টুকরো-টুকরো। খেলাচ্ছলে কোর্তাসার ক্রোনোপিয়ো বলে এক ধরনের চরিত্র সৃষ্টি করেছিলেন তাঁর ছোট মাপের কিছু গল্পের জন্য, যেগুলো ১৯৬৩ সালে প্রকাশিত ইন্তোরিয়াস দে ক্রোনোপিয়োস ই ফামাস (ক্রোনোপিয়ো আর ফামাসদের কাহিনি) গ্রন্থে সংকলিত হয়। কোর্তাসারের কাছে সাহিত্য মানে এক ধরনের খেলা। আর এ খেলার প্রতি তাঁর ছিল প্রবল অনুরাগ। খেলাপ্রিয় শৈশবের সেই বালকটিই থেকে গিয়েছিলেন তিনি—কি জীবনে, কি সাহিত্যে। তিনি কি জানতেন, তিনি নিজেই একজন ক্রোনোপিয়ো?
১৯৬২ সালে প্রকাশিত রাইয়ুয়েলার কারণে কোর্তাসারকে বহুল উচ্চারিত বুম প্রজন্মের লেখক হিসেবে বিবেচিত করা হয়, যদিও ওই প্রজন্মের অন্য কারও কারও মতো তিনিও মানতেন না এ অভিধা। প্রথাবিরোধী উপন্যাস রাইয়ুয়েলা প্রসঙ্গে বুম প্রজন্মের লেখক মেহিকোর কার্লোস ফুয়েন্তেস বলেছিলেন, ‘এ উপন্যাস লাতিন আমেরিকান আধুনিকতার একটি ইশতেহার।’
মজার ব্যাপার যে, প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বছরে অর্থাৎ ১৯১৪ সালে জন্মেছিলেন ওক্তাবিয়ো পাস (১৯১৪-১৯৯৮), হুলিয়ো কোর্তাসার (১৯১৪-১৯৮৪), আদোলফো বিওই কাসারেস (১৯১৪-১৯৯৯) ও নিকানোর পার্রা (চিলির এ কবি এখনো জীবিত এবং সক্রিয়) বিশ শতকের হিস্পানি আমেরিকান সাহিত্যের চারজন অসামান্য সাহিত্যস্রষ্টা। এ বছরজুড়ে আর্হেন্তিনাসহ বহু দেশে হুলিয়ো কোর্তাসারের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হচ্ছে। চলুন দূর থেকে আমরাও শামিল হই।