কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮০ সালের আগে কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর কর্মের ওপর কোনো কোর্স চালু করা সম্ভব হয়নি। ধন্যবাদ ইমেরিটাস অধ্যাপক এম এ হিল্ডা চেন আপাইকে। স্কুল অব মডার্ন অ্যান্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেসে এশিয়ান স্টাডিজ ইন দ্য লিটারেচার অ্যান্ড ফিলোলজি চালু করার দায়িত্ব মূলত তিনিই পালন করেছেন। অধ্যাপক চেন অন্য এশীয় লেখকদের ডিঙিয়ে রবীন্দ্রনাথকে পছন্দ করর একটা প্রধান কারণ হচ্ছে স্প্যানিশ কবি ও নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী হুয়ান র্যামন হিমেনেস এবং তাঁর উত্তর আমেরিকান স্ত্রী ছেনোবিয়া ক্যাম্প্রুবির হাতে রবীন্দ্রনাথের রচনা নির্ভুল স্প্যানিশে এর মধ্যেই অনূদিত হয়েছে। আমাদের স্কুলে কুড়ি বছর ধরে অবিরাম রবীন্দ্রনাথ পড়ানোর শুরুটা এভাবেই, আর আমি প্রথম দিককার ছাত্রদের একজন এবং অধ্যাপক চেনের দর্শনের একজন গর্বিত উত্তরাধিকারী।একবার ঠাকুর পড়লে তাঁর সাহিত্যের প্রেমে না পড়াটাই একটা অসম্ভব ব্যাপার। তাঁর কবিতার যে ইংরেজি অনুবাদ তিনি করেছেন, তা আমার কানে গানের মতো বাজে। ইংরেজিতে আমার ‘তত পারদর্শী নয়’ অবস্থা, ফলে অনুবাদে আমি কী হারাচ্ছি, তার একটি ধারণামাত্র পাই। আমি যখন এই নিবন্ধটি রচনার সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি, রবীন্দ্রনাথকে নিয়ে লেখার এত বিষয় আছে, যদি সব কটি নিয়ে পড়ে থাকি, এ লেখা কখনো শেষ হবে না।কাজেই আমি একটি প্রশ্নের উত্তর দিয়েই সন্তুষ্ট থাকব—এই নিবন্ধ রচনার কারণ, ‘কেন কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ানো হয়?’ ঠাকুর আমার কাছে কেন ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ কিংবা কোস্টারিকার মানুষ, যারা আমার সঙ্গে সেমিস্টারের পর সেমিস্টার তাঁকে ও তাঁর কবিতাকে আবিষ্কার, পুনরাবিষ্কার করেছে, তার অসংখ্য কারণের বিবরণী বরং থাক।ব্যাপারটা শুরু হয় ১৯৬৮ সালে, ক্লাসিক্যাল ফিলোলজি ডিপার্টমেন্টে গ্রিক ও লাতিনের সঙ্গে সংস্কৃতের ওপরও একটি কোর্স চালু করা হয়। সংস্কৃতকে ঐচ্ছিক রাখার কারণ হচ্ছে, ইউরোপীয় দুটো ধ্রুপদ ভাষার সঙ্গে সংস্কৃত নিয়ে ছাত্ররা যেন কিছু বাড়তি ক্রেডিট অর্জন করতে পারে। সেই দিনগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপযুক্ত কর্তৃত্বসম্পন্ন শিক্ষক দিয়ে পড়ানো হতো না; তার পরও ছাত্ররা প্রমাণ করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভুল করেছে। কারণ, ৩১ বছর ধরে সংস্কৃত অবিরাম পড়ানো হচ্ছে, বহু ছাত্র সংস্কৃত পড়ে একটি নতুন বিশ্ব আবিষ্কারে আগ্রহী।তরুণ ছাত্র হিসেবে সংস্কৃতের সঙ্গে আমার যোগাযোগ আমাকে প্রাচীন ভারতের ভাবধারার সঙ্গে পরিচিত হতে উত্সাহিত করে। যে বিষয়টি নিয়ে আমি চর্চা করতে থাকি তা হচ্ছে, তুলনামূলক ধর্মশাস্ত্র এবং ভগবদ্গীতা। গীতা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে বিমুগ্ধ করে রাখে এবং আমার বুদ্ধিবৃত্তিক মানস গঠনে অমোচনীয় একটি ছাপ রেখে যায়। আমি গ্রিস ও রোমকে ভালোবাসার শিক্ষা পেয়েছি, কিন্তু ভারত হয়ে উঠেছে আমার বাড়ি। অধ্যাপক চেন এক সময় একজন বিকল্প কারও অনুসন্ধান করছিলেন, অবসর গ্রহণের পর যাঁকে তাঁর স্থলাভিষিক্ত করতে পারবেন, তাঁর পদক্ষেপ অনুসরণের শিক্ষা দিতে পারবেন, যাতে বিশ্ববিদ্যালয়ের এশিয়ান স্টাডিজ সঠিকভাবে পরিচালিত হতে পারে। সৌভাগ্যবশত তিনি আমাকেই সংস্কৃত বিভাগের জন্য তাঁর সহকারী নিয়োগ করলেন এবং আমাকে যা আরও আনন্দিত করল ঠাকুর পাঠের জন্যও।সময়ের স্রোতে একসময় অধ্যাপক হিল্ডা চেন বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিলেন। আর তখন এটা আমার দায়িত্ব হয়ে পড়ল, তাঁর কাজ ধরে রেখে চালিয়ে যাওয়া। কিন্তু সব সময় একটা তাড়া ছিল; ঠাকুর-কোর্স যেন বাতিল হয়ে না যায়। আমার আর সব দায়িত্বের সঙ্গে ঠাকুর-পাঠদান আমি অবিরাম চালিয়ে গেছি। তিনি যখন অবসর নিলেন, জেনোবিয়া ক্যাম্প্রুবি অনূদিত রবীন্দ্রনাথের রচনার একটি সংগ্রহ আমাকে উপহার দিলেন।এভাবেই আমার ছাত্রদের সঙ্গে কাজের শুরু, ঠাকুরের কাজ দিয়ে তাদের কল্পনাকে ভরিয়ে দেওয়া। অন্যদিকে ভারত সম্পর্কে কতটা কম তথ্য দিয়ে তাদের ভারাক্রান্ত হওয়া থেকে রক্ষা করার যুদ্ধ চালিয়ে যাওয়ার দ্বন্দ্ব (ঠাকুর-কোর্স এবং সংস্কৃত ও সংস্কৃত সাহিত্যের কোর্সই এখন ভারত ও ভারতের সংস্কৃতি সম্পর্কে জানার আমাদের ছাত্রদের একমাত্র অবলম্বন)। কিন্তু ঠাকুর ছিলেন এবং এখনো আছেন—বৈশ্বিক চিন্তানায়ক, আর আমার ছাত্ররা অল্প সময়ে তা অনুধাবন করল। তাঁর কবিতা ও নাটক পড়ে তারা একটা ধারণা পেতে শুরু করল—ভারত কত জটিল এবং বৈভবপূর্ণ খাদ্য ও ভাষার বৈচিত্রপূর্ণ মিশ্রণে, সাহিত্য ও দর্শনের মিশ্রণে, ধর্ম ও জাতিভিত্তিক দলের মিশ্রণে। আমি এটাই আমার শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চেষ্টা করি—ব্যাপক সাংস্কৃতিক বিভাজন নিয়েও ভারত কেমন করে সমস্যা এড়াতে পারছে, কোনো কোনো মহলের বিদ্বেষ ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা অর্জন করে শান্তিতে বসবাস করছে। ঠাকুরের লেখা পড়েই আমার ছাত্ররা আবিষ্কার করছে, সংকটাপূর্ণ কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব করার পথ—যার কথা লেখক ও গান্ধী ভারতের জন্য ভেবেছেন।এই কোর্সে নাম নিবন্ধন করা শিক্ষার্থীর সংখ্যা বরাবরই সর্বোচ্চ ৩৫ এবং সর্বনিম্ন ১৫-এর মধ্যে। গত বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জনকে আমি পড়িয়েছি; এই কোর্স এখন ঐচ্ছিক বিশ্বসাহিত্য ক্লাসের অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় যেকোনো বিভাগের শিক্ষার্থীকে এখানে নিবন্ধনের সুযোগ দেয়।এই কোর্সের শুরু প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি সূচনা এবং সেই সঙ্গে ভারতীয় দর্শনে ব্যক্তি-অন্বিষ্ট-লক্ষ্য বিশ্লেষণ দিয়ে। তারপর একটি অংশে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, এশিয়া মহাদেশে কোম্পানির বিস্তার, বাংলায় কোম্পানির প্রভাব—রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক প্রেক্ষাপট। তারপর প্রায়ই কোনো না কোনো শিক্ষার্থী ঠাকুরের সঙ্গে গান্ধীর সম্পর্ক কী, জানতে চায়। পরের এক সপ্তাহে ঠাকুরের অল্পকিছু রচনা নিয়ে আলোকপাত করতে করতে একটি সংক্ষিপ্ত ভাষণে বলি, এই বাঙালি সাহিত্যিকই তাঁকে ‘মহাত্মা’ খেতাব দিয়েছেন। আমি তাঁদের মধ্যকার বিভেদ ও অনৈক্যের বিষয়গুলো তুলে ধরে বলি, শেষ পর্যন্ত যে ঐক্য—দুজনই ভারতকে কতটা ভালোবাসতেন, সেখান থেকেই উত্সারিত।সংক্ষিপ্ত সূচনা-বক্তব্যের পর আমি সরাসরি গীতাঞ্জলির বিশ্লেষণে চলে যাই। আমি মনে করি, আমার ছাত্রদের জানা উচিত, এর জন্যই ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এবং এ পুরস্কার এশিয়ার লেখকদের পশ্চিমা বিশ্বে, অবশ্যই লাতিন আমেরিকায় পরিচয় করিয়ে দিয়েছে।এর পরের পর্ব হচ্ছে ঠাকুরের ব্যাপক বিস্তৃত সাহিত্য ও দর্শনের ভুবন থেকে নির্বাচিত সিরিজের পাঠ ও বিশ্লেষণ। পছন্দের বিষয়গুলোর মধ্যে রয়েছে, শিশু ও তাদের শিক্ষাবিষয়ক লেখা, নারী, সমকালীন ভারতীয় সমাজ, ঠাকুরের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, নাটক ইত্যাদি। এভাবে সেমিস্টারের শেষে ঠাকুরের সাহিত্য ও ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মনে কিছু মৌল ধারণার সৃষ্টি হয়, যে ধারণা তাদের একসময় বাধ্য করে বাঙালি লেখকের মনোজগত আবিষ্কারে কিংবা অন্য অন্যান্য এশীয় সাহিত্যের ভেতরে ঢুকতে। অনেক বছর আগে আমি যাদের ঠাকুর পড়িয়েছি, তারা আমাকে ফোন করে এশীয় সাহিত্যের অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চায়। এদের সবাই যে সাহিত্যকর্মে লিপ্ত, এমন নয়। তাদের কর্মজীবন অর্থনীতি, আইন, প্রকৌশল, চিকিত্সাবিজ্ঞান ইত্যাদিতে ব্যাপৃত—যারা এখনো ঠাকুর কোর্সের উষ্ণ স্মৃতি লালন করে চলেছে। ঠাকুরের মাধ্যমেই তারা বই ও সাহিত্য ভালোবাসতে শিখেছে।একদিন আমি দিল্লি থেকে আসা একটি খবরের কাগজ পেলাম। এতে অনেক সুপরিচিত শিল্পী ও বুদ্ধিজীবী উল্লেখ করেছেন, জীবনের কোন পর্যায়ে লেখক ঠাকুর কীভাবে তাঁদের অনুপ্রাণিত করেছেন। আমি কাগজটা আমার ছাত্রদের জন্য রেখে দিলাম, উদাহরণ হিসেবে তাদের দেখাব, এখনো ভারতীয় শিল্প ও চিন্তার জগতে ঠাকুর কীভাবে প্রভাব বিস্তার করে চলেছেন। তাঁর অন্যান্য শিল্পভুবন সম্পর্কে আমি আমার ছাত্রদের কেবল একটি ধারণাই দিতে পারি, এর বেশি নয়। কারণ আমার কাছে তাঁর গানের রেকর্ডও নেই, তাঁর কোনো চিত্রকর্মও নেই। শেষে কোনোভাবে আমি রবিশঙ্করের সুরে সত্যজিত্ রায়ের চলচ্চিত্র অপুর সংসার আমার শিক্ষার্থীদের দেখাই, যাতে তারা ঠাকুরের একটি শিল্পসত্ত্বার ভিন্ন ধরনের পরোক্ষ অভিজ্ঞতা লাভ করে। এ ছবির যাঁরা নির্মাতা, তাঁরা ঠাকুরের কাছ থেকেই নিয়েছেন অঢেল অনুপ্রেরণা।কোর্স সমাপনীতে লেখকের রচনাবলির ওপর শিক্ষার্থীদের কাছ থেকে একটি করে রচনা আহ্বান করি। আর এই রচনাবলির সশাসন তরুণদের ওপর ঠাকুরের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আমার যে ধারণা, তা পুনরায় প্রতিষ্ঠিত হয়। তাঁর শব্দের বিশেষ গুণ রয়েছে, তরুণ হূদয়ের সংস্পর্শে এসে তা সেই হূদয়কে পুনরায় প্রজ্বলিত করে দিতে পারে। এই কোর্সে আমি যতই পড়াই, রবীন্দ্রনাথের লেখার সৌন্দর্যের ভেতর দিয়ে আমি নতুন নতুন পথ খুঁজে পাই। যে লেখক সাহিত্যের সব শাখায় শীর্ষে পৌঁছেছেন, তাঁকে আমার ছাত্রছাত্রীদের কাছে পরিচয় করিয়ে দিতে তত বেশি তৃপ্তি পাই। সময় ও পরিসরে আমাদের কাছ থেকে অনেক দূরে যাঁর অবস্থান, সেই লেখক এখনো সরাসরি আমাদের স্বপ্ন দেখাতে, স্বপ্নের প্রত্যুত্তর দিতে সক্ষম।আমার প্রিয় লেখককে তাঁর দেশবাসীর সামনে উপস্থাপনের এই প্রথম সুযোগে আমার প্রত্যাশা, আমি কেবল এটাই প্রকাশ করতে চেয়েছি, ঠাকুর আমার ও আমার শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ; আর আমি আশা করি, বিশেষ করে বোলপুর ও শান্তিনিকেতনে, যে মাটিতে লেখক বসবাস করতেন, আমিও তাতে পা রাখতে পারব। আর এর মধ্যে আমি ঠাকুরের মেধা ছড়িয়ে দেওয়ার একটি হাতিয়ার হিসেবে আমার দায়িত্ব পালন করে যাব এবং এভাবে আরও অধিকসংখ্যক কোস্টারিকার শিক্ষার্থীর জন্য ভারত ও ভারতের বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডলের দরজা খুলে যাবে। সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর।