কোয়ারেন্টিনে হেমিংওয়ে

আর্নেস্ট হেমিংওয়েকেও একবার কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। তাঁর প্রথম উপন্যাস দ্য সান অলসো রাইজেস তখনো বের হয়নি, তবে তাঁর গল্পগুলো প্রকাশিত হতে থাকলে প্যারিসপ্রবাসী ইঙ্গ-মার্কিন লেখককুলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। সে সময় তাঁর পরিচিতি ও ঘনিষ্ঠতা ঘটে ভোগ ফ্যাশন ম্যাগাজিনের সাংবাদিক, আকর্ষণীয়া পলিন ফেইফারের সঙ্গে। সেই পরিচিতি প্রণয়ে পরিণত হতে দেরি হয়নি।
প্রকাশিতব্য উপন্যাসটি চূড়ান্ত করার সময় সম্পাদনার অভিজ্ঞতালব্ধ পলিনের বিভিন্ন মন্তব্য ও পরামর্শ গ্রহণ করেছিলেন হেমিংওয়ে। প্রতিশ্রুতিশীল এই লেখকের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে তাঁর স্ত্রী হ্যাডলির সঙ্গে সখ্য পাতানোর পর তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের ভূমিকা গোপন রাখারও কোনো চেষ্টা করেননি পলিন। হ্যাডলি পরে বলেছিলেন, পলিনের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার বিষয়টি জানার পরই বুঝতে পেরেছিলেন যে হেরে বসে আছেন তিনি। সেবারের গ্রীষ্মে বুল ফাইটিং দেখার জন্য স্পেনে গিয়েছিলেন হেমিংওয়ে। স্ত্রী হ্যাডলি আর শিশুপুত্র জ্যাক ওরফে বামবিরও যাওয়ার কথা ছিল। তবে বাচ্চাটার কাশি হয়েছে বলে স্পেনের আর্দ্র আবহাওয়ায় ওকে না নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় তাঁদের পারিবারিক বন্ধু ধনাঢ্য জেরাল্ড আর সারাহ মারফি সপুত্রক হ্যাডলিকে এই সময়টা ওদের বাড়িতে কাটানোর জন্য নিমন্ত্রণ করেন। কিন্তু সেখানে গিয়ে ডাক্তারি পরীক্ষায় বামবির চরম ছোঁয়াচে হুপিং কফ ধরা পড়লে সে বাড়ি ছাড়তে হয় তাঁদের। কারণ, এ রকম অবস্থায় বামবির জন্য দরকার কোয়ারেন্টিন। ভাগ্যক্রমে সে সময় স্কট ফিটজেরাল্ড সস্ত্রীক কাছের এক সৈকতে ছুটি কাটাচ্ছিলেন। তাঁরা মা-ছেলেকে তাঁদের ভাড়া করা একটা দুই কামরার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। খবর পেয়ে বামবির আয়াটিও প্যারিস থেকে ছুটে আসেন সেখানে। ফলে তাঁরা আড়াইজন মিলে সেই বাড়ির হোম কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন।

মারফি আর ফিটজেরাল্ড তাঁদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও খাবারদাবারসহ দরকারি সবকিছু পাঠাচ্ছিলেন। তাঁদের অবস্থা পুরো লকডাউনের মতো ছিল না, তাই অনিশ্চয়তা, অসহায়ত্ব আর একাকিত্বের যন্ত্রণায় হাঁপিয়ে উঠলে সেটা প্রশমনের জন্য কখনো বাইরে গিয়ে একপ্রস্থ হুইস্কি খেয়ে আসতেন হ্যাডলি। এর মধ্যে পলিন এসে যোগ দেন তাঁদের সঙ্গে। পলিনের এই আসার ব্যাপারে একটি সূত্র থেকে জানা যায়, হ্যাডলি হেমিংওয়েকে চিঠিতে জানিয়েছিলেন যে তিনি পলিনকে আসতে আমন্ত্রণ জানিয়েছেন। কারণ, তাঁরা তিনজন যদি সেই রিভিয়েরাতে গ্রীষ্মাবকাশ কাটান, সেটা হবে এক কৌতুককর ঘটনা। আবার ভিন্নমতে, হেমিংওয়েই পলিনকে স্ত্রী-পুত্রকে সঙ্গ দিতে বলেছিলেন। কারণ, পলিনের ছোটবেলায় একবার হুপিং কফ হয়ে গেছে বলে তাঁর মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা আছে।
কিছুদিনের মধ্যে হেমিংওয়েও স্পেন থেকে ফিরে এসে যোগ দেন তাঁদের সঙ্গে। ফলে দুই ঘরের বাড়িটিতে গোপন প্রেমিকা, বৈধ স্ত্রী, সংক্রামক রোগাক্রান্ত শিশুপুত্র আর তার আয়াকে নিয়ে স্বেচ্ছা অন্তরীণ থাকেন হেমিংওয়ে। সেই দুঃসময়ে মারফি আর ফিটজেরাল্ড শারীরিক দূরত্ব বজায় রেখে তাঁদের নিয়মিত সঙ্গ দিয়েছেন। সন্ধ্যার আগে তাঁরা চলে আসতেন সাময়িক সঙ্গনিরোধক বাড়িটিতে, তারপর বাড়ির সামনে গাড়ি পার্ক করে পানপাত্র হাতে ছোট উঠানটির বেড়ার বাইরে থেকে ডাক দিতেন হেমিংওয়েকে। তিনি পলিন আর হ্যাডলিকে সঙ্গে নিয়ে গ্লাস হাতে বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে যোগ দিতেন সেই অভিনব সান্ধ্য আসরে।
স্বেচ্ছা অন্তরীণের বাসিন্দারা যেভাবেই থাকুন না কেন, ব্যবস্থাটা কাজে এসেছিল। বামবি সুস্থ হয়ে ওঠে, বাকিদের কেউ আক্রান্ত হননি। কয়েক সপ্তাহ পর তাঁরা সে বাড়ি ছেড়ে দিয়ে তিনজন একটা হোটেলে এসে ওঠেন, আর পুরোপুরি সেরে ওঠার জন্য বামবিকে ওর আয়াসহ আরও কিছুদিনের জন্য অন্তরীণ রাখা হয় একটা আলাদা বাড়িতে। পরবর্তী সময়ে হেমিংওয়ে তাঁদের অন্তরীণ থাকা বাড়িটি সম্পর্কে বলেছিলেন, ‘লেখার জন্য চমৎকার এক জায়গা।’
দম বন্ধ করা স্বেচ্ছানির্বাসনের সেই বাড়িটিকে তাঁর ‘চমৎকার’ লাগার কারণ সম্ভবত গোপন প্রেমিকা পলিন ফেইফারের লোভনীয় উপস্থিতি।