ক্যামেরা কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে সাগরে পড়ে গিয়েছিল দমকলকর্মীর এক ক্যামেরা। বছর খানেক পর সেই ক্যামেরা খুঁজে পান প্রকৃতিবিদ মার্কাস টমসন। মেমোরি কার্ডে জমা ৫০টি ছবি মুছে যায়নি, শুরু হলো মালিককে খুঁজে বের করার কাজ... ২৮ নভেম্বর ২০১১ মিডিয়ায় খবরটা প্রথম প্রকাশ পায়। মার্কাস টমসন একজন প্রকৃতিবিদ এবং ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে, সেখানেই সাগরতলে নেমে চারপাশে নজর বোলাচ্ছিলেন মার্কাস। নিচে দোয়াতকালির মতো গাঢ় নীল জলের বিচিত্র জগৎ, কোরাল আর সঙ্গে নাম না জানা মাছের আনাগোনা। চকিতে দু-একটা জেলি ফিশও সাঁতরে চলে যাচ্ছে। হঠাৎ কালোমতো একটা জিনিসে চোখ আটকে যায় তাঁর। সাবধানে জিনিসটা হাতে নিয়ে দেখেন, আস্ত একটা ক্যামেরা!ডাঙায় উঠেই ক্যামেরা নিয়ে লাগলেন মার্কাস। দেখা গেল, ক্যামেরাটি ক্যাননের ইওএস ১০০০ডি মডেলের। ভেতরে একটা এসডি মেমোরি কার্ডও আছে বহাল তবিয়তে। ভালো করে শুকিয়ে নিয়ে মেমোরি কার্ডে লুকিয়ে থাকা স্মৃতি উদ্ধারে নামলেন মার্কাস। কম্পিউটারের পর্দায় ভেসে উঠল একটা পরিবারের ছবি, কোনো ছুটির দিনে হাস্যোজ্জ্বল সবার মুখ। আরেকটা ছবি দেখে বোঝা গেল, ক্যামেরার মালিক দমকলকর্মী। এবং তাঁর দল এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। ছবি মোটমাট ৫০টি। কী করা যায়? ভাবলেন মার্কাস।‘ছুটির দিনে তোলা এক পরিবারের মোট ৫০টি ছবি আছে মেমোরি কার্ডে। আপনি যদি ব্রিটিশ কলম্বিয়ার কোনো দমকলকর্মীকে চেনেন, যার দল “প্যাসিফিক রিজিওনাল ফায়ারফিট” প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল, অনুগ্রহ করে খোঁজ দিন। সুন্দরী স্ত্রী এবং (এখন) দুই বছর বয়সী একটা মেয়েও আছে সেই ভদ্রলোকের। তাদের ছবিগুলো ফেরত দিতে পারলে খুব ভালো লাগবে আমার।’ কথাগুলো লিখে ছবিসহ গুগল প্লাসে পোস্ট করে দিলেন মার্কাস। হাজারের মতো কমেন্ট পড়ল তাতে। পোস্টটি শেয়ার হলো সমানসংখ্যক। তবে ক্যামেরার মালিককে চিনল না কেউই। হঠাৎ একদিন একটা ই-মেইল পেলেন মার্কাস। প্রেরকের নাম হিলারি। সেখানে লেখা, ‘হ্যালো, মার্ক। হ্যাঁ, আমি জানি এই ক্যামেরা আসলে কার! দমকলকর্মী তিনি। আমি তাঁর সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দিতে পারি।’ব্যস, হিলারির সূত্র ধরে ক্যামেরার মালিকের সঙ্গে যোগাযোগ করলেন মার্কাস। ফেরত দিলেন ছবিগুলো, সঙ্গে ক্যামেরাটিও। তবে মালিকের সঙ্গে মার্কাসের আর দেখা হয়নি। এর আগে মার্কাস ক্যামেরার সিরিয়াল নম্বরটি ঘেঁটে দেখেছিলেন, সেটি কেনা হয়েছিল কানাডা থেকে। তবে কানাডার ক্যানন বিক্রয়কেন্দ্র কোনো তথ্যই রাখেনি ক্যামেরার মালিকের। এই সূত্র থেকে মার্কাস ধরে নিয়েছিলেন, ক্যামেরার মালিক দমকলকর্মীর বাড়ি সম্ভবত কানাডায়। ক্যামেরা থেকে ছবি উদ্ধার করা গেলেও সেটি দিয়ে কিন্তু আর ছবি তোলা যাবে না। হিলারি জানিয়েছিলেন, ২০১০ সালের আগস্টে সেটি হারিয়ে ফেলেছিলেন সেই দমকলকর্মী। ৫০০ ডলার দিয়ে কিনেছিলেন সেটি। এ ঘটনায় এটা স্পষ্ট হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যে কতটা প্রভাব রাখছে আমাদের দৈনন্দিন জীবনে, তার উদাহরণ এই ক্যামেরা কাণ্ড!  ইয়াহু নিউজ ও ডেইলি মেইল অবলম্বনে মাহফুজ রহমান