জাপানের নেতৃস্থানীয় ফটোসাংবাদিক রিকিও ইমাজো দীর্ঘ ৪৫ বছরের পেশাদার জীবনের শেষে অবসরকালীন এখন শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। ১৯৬১ সালে অধুনালুপ্ত বার্তা সংস্থা ইউপিআইয়ের টোকিও ব্যুরোতে ফটোসাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে রিকিও ইমাজোর পেশাগত জীবনের সূচনা। ইউপিআই সেই সময়ে ছিল বিশ্বের অন্যতম প্রধান একটি সংবাদ সংস্থা। ইউপিআইয়ের সঙ্গে দীর্ঘ ২৩ বছরের সংশ্লিষ্টতায় বার্তা সংস্থার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফটো বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োজিত ছিলেন। ১৯৮৪ সালে ফরাসি বার্তা সংস্থা এএফপিতে তিনি যোগ দেন এবং ফটো বিভাগের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে এএফপির চাকরি ছেড়ে দিয়ে বেশ কয়েক বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। ১৯৯৬ সালে বার্তা সংস্থা এপির ফটো বিভাগের পরিচালক পদে যোগ দেন। ২০০৭ সালের নভেম্বর মাসে এপি থেকে তিনি অবসর নেন। বর্তমানে তিনি টোকিওর মেইজি বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।রিকিও ইমাজোর জন্ম তাইওয়ানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সামান্য আগে। তাইওয়ান তখন জাপানের দখলে এবং তাঁর বাবা আঞ্চলিক প্রশাসনে জাপান সরকারের প্রতিনিধিত্ব করছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর তাঁর পরিবার ফিরে আসে জাপানের মূল ভূখণ্ডে। রিকিও ইমাজো চিবা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফির ওপর উচ্চশিক্ষা লাভ করে পেশাদার জীবনে প্রবেশ করেন। ফটোসাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ যেসব ঘটনার সচিত্র দলিল তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের মর্মান্তিকতা। যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় এক বার্তা সংস্থার ফটোগ্রাফার হিসেবে ভিয়েতনাম যুদ্ধের ছবি তোলেন। তাঁর ছবিতে যুদ্ধ সাধারণ মানুষের জীবনে যে মর্মান্তিক পরিণতি এনে দেয়, তারই বাস্তবতা ফুটে উঠেছে। বিশ্বজুড়ে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের যে ঝড় ষাট ও সত্তরের দশকে, তার পেছনে কিছুটা হলেও রিকিও ইমাজোর ক্যামেরায় ধারণ করা ছবির ভূমিকা আছে। ফটোগ্রাফার হিসেবে রিকিও ইমাজোর পেশাদার জীবনের প্রায় সবটাই কেটেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ১৯৮০-এর দশকে দুবার তিনি বাংলাদেশে এসেছিলেন। একবার আসেন এএফপির ঢাকা ব্যুরো চালু করার উদ্দেশ্যে। এরও আগে ষাটের দশকে ঝড়ের ক্ষয়ক্ষতির ছবি তুলতে সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ঘুরে গেছেন। এ ছাড়া ভিয়েতনাম যুদ্ধের বাইরে গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিত্বের ছবি তুলেছেন তাঁদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট জনসন, নিক্সন, ফোর্ড, কার্টার, রিগ্যান, ক্লিনটন (এশিয়ার বিভিন্ন দেশ সফরের সময় তোলা), ব্রিটেনের রানি এলিজাবেথ ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেঝনভ (ভারত সফর)। বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে রয়েছে: আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন, কম্বোডিয়ার গৃহযুদ্ধ, ১৯৭৬ সালে কলম্বো এবং ১৯৮৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন এবং ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ইসলামি রাষ্ট্রগুলোর সম্মেলন। এর বাইরে তিনি চারটি অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার ছবিও তুলেছেন।খ্যাতিমান এই আলোকচিত্রী জীবনে একবারই দায়িত্ব পালনের সূত্রে দূর থেকে দেখা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তবে একবারের সেই সাক্ষাৎ রিকিও ইমাজোর মনে গভীর ছাপ রাখতে সক্ষম হয়। ১৯৭৪ সালে ইউপিআইয়ের ফটোগ্রাফার হিসেবে লাহোরে তিনি গিয়েছিলেন ইসলামি সম্মেলনের ছবি তোলার দায়িত্ব পালন করতে। গতানুগতিক এক শীর্ষ বৈঠক হঠাৎ করেই সেদিন নতুন এক আমেজ, নতুন এক চেহারা পেয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে। ইসলামি ঐক্যজোটের সেই সম্মেলনে পাকিস্তান আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব মেনে নেয়। রিকিও ইমাজো যখন ফটোসাংবাদিকের দায়িত্ব পালনের উদ্দেশে লাহোরে উপস্থিত হয়েছিলেন, তখনো বঙ্গবন্ধুর উপস্থিতি অনেকটা অনিশ্চিত ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত হবেন, সেই ঘোষণা প্রচারিত হওয়ার পরপরই অভিজ্ঞ সেই ফটোসাংবাদিক বুঝে নিয়েছিলেন এর সংবাদমূল্য। ফলে গভীর আগ্রহ নিয়ে তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন বঙ্গবন্ধুর স্মরণীয় কিছু ছবি তোলার। সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা শেষ হওয়ার সামান্য পর সুযোগ এসে যায় রিকিও ইমাজোর সামনে।শীর্ষ বৈঠক শেষে নেতারা সিঁড়ি ভেঙে নিচে নেমে আসবেন, তখন তাঁদের ছবি তোলার সুযোগ পাবেন অপেক্ষমাণ ফটোসাংবাদিকেরা। অন্য সাংবাদিকের ভিড়ে রিকিও ইমাজোও অপেক্ষায় ছিলেন সেখানে। তক্ষুনি রাষ্ট্রনায়ক ও সরকারপ্রধানেরা বের হয়ে এসে সোজা সিঁড়ি দিয়ে নিচে না নেমে কয়েক ধাপ উঁচু ব্যালকনিতে উঠে আসেন ছবি তোলা ও অন্যদের হাত নেড়ে অভিনন্দন জানানোর জন্য। এ সময় ছবি তোলার ধুম পড়ে গেল। কে কার আগে তুলবেন ছবি। অভিজ্ঞ ফটোসাংবাদিক রিকিও ইমাজো আগেও এ ধরনের পরিস্থিতি সামলেছেন, ভিড়ের মধ্যে জুতসই জায়গা খুঁজে নিয়ে সমানে তিনি শাটার টিপে গেছেন। এসব ছবির একটিতে দেখা যায়, পাঁচজন নেতার মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন বঙ্গবন্ধু। তাঁর ডানদিকে ডান হাত উঁচিয়ে বিজয়ের ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন সেদিনের অপেক্ষাকৃত তরুণ ইয়াসির আরাফাত, আর বঙ্গবন্ধুর ঠিক বাঁ দিকে চুরুট হাতে রেলিং ধরে দাঁড়িয়ে জুলফিকার আলী ভুট্টো। ভুট্টোর পাশে হাস্যরত গাদ্দাফি তাকিয়ে আরাফাতের দিকে এবং ছবির একেবারে বাঁ দিকে সিঁড়ির কয়েক ধাপ নিচে দাঁড়িয়ে আলজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট উয়ারি বুমেদিন।বার্তা সংস্থা ইউপিআইয়ের প্রচারিত সেই ছবি সে সময় বিশ্বের অনেক পত্রপত্রিকায় ছাপা হয়েছিল, যা কিনা একই সঙ্গে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে স্বাধীনতা-উত্তরকালে কঠিন সময়ে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধুর সফল কূটনৈতিক তৎপরতার সবচেয়ে বলিষ্ঠ এক প্রমাণ। ছবির মালিকানা এখন অবশ্য অনেক পথ ঘুরে ভিন্ন এক ফটো এজেন্সির দখলে। ইউপিআই বিলুপ্ত হয়ে যাওয়ার পর বার্তা সংস্থার ছবির সংগ্রহ শুরুতে কিনে নিয়েছিল গামা প্রেস এবং সেখান থেকে আরও কয়েক দফা হাতবদল হওয়ার পর সেসব ছবির মালিকানাস্বত্ব বিল গেটসের ছবি এজেন্সি কর্বিস কিনে নেয়।প্রায় বছর খানেক আগে টোকিওর বিদেশি সাংবাদিকদের প্রেসক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব আমি পালন করার সময় রিকিও ইমাজো একসময় আমাকে বলেছিলেন লাহোরে তাঁর বঙ্গবন্ধুর ছবি তুলতে পারার সেই ঘটনা। ছবিগুলো জোগাড় করে দেওয়ার অনুরোধ জানাই আমি তাঁকে, এবং তাঁর সৌজন্যেই এই ছবিগুলো আমার হাতে আসে। যেমন দেখেছিসেই একবারের দেখায় বঙ্গবন্ধুকে কেমন তিনি দেখেছিলেন, সেই প্রশ্ন আমি করেছিলাম রিকিও ইমাজোকে। উত্তরে তিনি বলেন:‘তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতি একধরনের সহমর্মিতা আমি সব সময় অনুভব করেছি। জোট নিরপেক্ষ সম্মেলন ও ইসলামি ঐক্য সংস্থার শীর্ষ বৈঠক কভার করতে গিয়ে আগের সেই সহানুভূতি আরও কিছুটা গভীর হয়েছিল। তবে এসব সম্মেলনে অধিকাংশ সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নে মতপার্থক্য দেখা দেওয়ার কারণে আলোচনা-পরবর্তী সময়ের ফটোসেশন গুরুগম্ভীর আকার নিয়ে থাকে, নেতাদের যেখানে খুব কম সময়ই দেখা যায় প্রাণখোলা হাসিতে একে অন্যকে জড়িয়ে ধরতে। সেদিক থেকে লাহোরের সম্মেলন ছিল আসলেই ব্যতিক্রম। ব্যালকনিতে যখন নেতারা উঠে আসেন, সবাই তাঁরা তখন ছিলেন খুবই প্রাণোচ্ছল, যার মধ্যমণি হয়ে উঠেছিলেন সদ্য সংস্থার সদস্যপদ লাভকারী রাষ্ট্র বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান।‘ছবি তোলার সময় অনেকবার সরাসরি আমি তাঁর দিকে চোখ মেলে তাকিয়েছিলাম। আমার মনে হয়েছে, আমি যেন খুবই আন্তরিক আর হূদ্যতাপূর্ণ এমন এক পুরুষকে দেখছি, জাপানে যাঁদের বলা হয়, ‘ঈই অজিসান’ (খুবই সজ্জন এক কাকাবাবু)। ফলে এর প্রায় বছর দেড়েক পর আমি যখন খবরে দেখেছিলাম চরম নৃশংসতার শিকার তাঁকে হতে হয়েছে, গভীর দুঃখ আমার মনকে তখন আচ্ছন্ন করে রেখেছিল।’