ক্যামেলিয়াকে মনে করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেলিয়া পারভিনের চিত্রকর্ম
ক্যামেলিয়া পারভিনের চিত্রকর্ম

বয়স আটকে আছে তেতাল্লিশে। ২০০৮ সালের ১৯ অক্টোবর ওই বয়সেই চলে গেছেন সবার চোখের আড়ালে। শিল্পী ক্যামেলিয়া পারভিনের কথা বলছি। আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রিয়মুখ। ব্যক্তিগত জীবনে ছিলেন শিল্পী শিশির ভট্টাচার্য্যের স্ত্রী। মৃত্যুকালে রেখে গেছেন একমাত্র কন্যা শ্রাবন্তী সুচন্দ্রিমাসহ স্বজন ও বন্ধুদের। প্রয়াণের সাত বছর পর তাঁকে ঘিরে জয়নুল গ্যালারিতে তাঁর সহপাঠী-বন্ধুরা আয়োজন করেছেন ‘স্মৃতির অনুরণন’ শিরোনামে প্রদর্শনী। ক্যামেলিয়ার আঁকা ছয়টি ছবির সঙ্গে এখানে প্রদর্শিত হচ্ছে তাঁর সতীর্থদের ছবিও। প্রয়াত শিল্পী ক্যামেলিয়া ও তাঁর স্বজন–বন্ধুদের সৃজন—নিজেদের আঁকা-গড়াকে একসঙ্গে করে এই যে আয়োজন, এ যেন চারুকলার লিচুতলা-বকুলতলায় একত্র হয়ে আড্ডা দেওয়ার মতো ফিরে আসা!
ক্যামেলিয়া আঁকতেন ঐতিহ্যবাহী জলরঙের ধোয়া পদ্ধতিতে। পটোলচেরা চোখের নারী-পুরুষ-শিশু আর পটভূমিতে সবুজ নিসর্গ ও ফুল-পাখি-লতাপাতা—সব মিলিয়ে দৃষ্টিনন্দন তাঁর ছবি। চিত্রপটের আবহ থেকে আলাদা করতে চিত্রে উপস্থাপিত বিষয়কে ছবির মাঝখানে প্রায়ই তুলে ধরেছেন গোলাকার ভঙ্গিমায়। ওর ছবির চরিত্রগুলো সমকালীন, তবে আঁকার ধরন পটুয়াদের মতো। ব্যক্তিজীবনে প্রথা মানেননি, তবে আঁকার ক্ষেত্রে প্রচলিত পথে চলতে চলতে তাকিয়েছেন অতীত ও ঐতিহ্যের দিকে।
ক্যামেলিয়ার সহপাঠী শিল্পী দলের বেশ কয়েকজন দেশে-বিদেশে এখন সুপরিচিত। মোহাম্মদ ইকবাল, রফি হক, মাকসুদুল আহসান, সরকার হেলালউদ্দিন, শামীম আহমেদ, মীর আহসান, সালমা কানিজ, কমর মুস্তারি, হোসনা ছোটনা, জেমরিনা হক, হোমায়রা টুটু, মৃণাল সাহা, সুনীতি চাকমা, লায়লা আঞ্জুমান আরা প্রমুখসহ আঁকাআঁকির জগতে অনেকেই যেমন সক্রিয়, একইভাবে অগ্রসর পেশাজীবনেও। এবার বলি ক্যামেলিয়ার শিল্পীবন্ধুদের কয়েকজনের ছবি প্রসঙ্গে।
সংসারবিবাগি মানুষ ও তাঁদের রহস্যময়তা নিয়ে ছবি আঁকেন মোহাম্মদ ইকবাল। হারিয়ে যাওয়া শিশু ও যুদ্ধে হতাহত মা-বাবার বেঁচে থাকা শিশুদের অনিশ্চিত জীবন নিয়েও তিনি আঁকেন। আবার রফি হক ছাপচিত্রী হলেও অ্যাক্রিলিক রঙে প্রকাশবাদী বিমূর্ত চিত্র নির্মাণে সুনাম অর্জন করেছেন। চিত্রপটে ছাপ নিয়ে তাতে হাত লাগিয়ে রং ও রেখায় তৈরি করেন নানা ইফেক্ট। অন্যদিকে, মাকসুদুল আহসান আলো-আঁধারের আবহে প্রতিকৃতিকেন্দ্রিক ছবি আঁকায় খুঁজে নিয়েছেন স্বকীয়তা। এ প্রদর্শনীর জন্য তিনি এঁকেছেন গোধূলিবেলার পড়ন্ত আলোর আবহ। জলরঙে আকাশ-মাটি ও জলের আবহ স্বচ্ছ ওয়াশে তুলে ধরেছেন আবু সেলিম। পক্ষান্তরে কলসি কাঁখে গ্রামীণ নারীর সৌন্দর্য ফুটে উঠেছে জাহাঙ্গীর হোসেনের চিত্রপটে।
এ দলের কয়েকজন শিল্পী থিতু হয়েছেন প্রবাসে। দূর থেকেই চিত্রকর্ম পাঠিয়ে বন্ধুকে নিবেদিত এ প্রদর্শনীতে শরিক হয়েছেন তাঁরা। এঁদের অন্যতম সরকার হেলালউদ্দিন নিজের সৃষ্টিকে তাঁর দেখার সঙ্গে মিলিয়ে মেলে ধরেছেন জলরঙে। হোমায়রা টুটু তুলে ধরেছেন খাঁচার আবহে হলুদাভ বর্ণে পাখির শিকল পায়ে জড়ানো প্রতীকী ছবি। সমুদ্রের আবহে দৃষ্টিনন্দনভাবে মাছ ধরার ট্রলার এঁকেছেন মৃণাল সাহা। সুনীতি চাকমা জলরঙের ওয়াশে মানব অবয়বের আকৃতি আর চোখের ফর্ম নিয়ে খেলা করেছেন নিজের ছবিতে।
মীর আহসান কাচ কেটে ভেঙে নানা ফর্ম তৈরি করে গড়ে তুলেছেন চিত্রপট। জেমরিনা হক মানব অবয়বের আলো-আঁধারির মধ্যে খুঁজে ফিরেছেন ফেলে আসা জীবনের সূত্র। প্রহ্লাদ কর্মকারের ছবিতেও পাওয়া যায় তথৈবচ অব্যক্ত অবয়বের। রূপশিখা বানু ক্যানভাসে এঁকেছেন তেলরঙে মাথা হেলানো বিমর্ষ এক নারীকে। কমর মুস্তারির চিত্রপটের অবয়ব ও পরিবেশের মধ্যে দেখা যায় বর্ণের ঐকতান। আবার কখনো-বা ক্যানভাস কাগজে এঁকে তা ছিঁড়ে-কেটে কোলাজের মতো আরেকটি ক্যানভাসে যুক্ত করে আধুনিক নির্মাণের দিকে এগিয়েছেন প্রদ্যোৎ দাস।
অপর দিকে বিমূর্ততার আশ্রয় নিয়ে জি এম জোয়ার্দার খুঁজেছেন নিসর্গের নানা উপাদান। লায়লা আঞ্জুমান আরা তুলে ধরেছেন জলাশয়ে শাপলা ফুলের সৌন্দর্য। সুজন দে নকশিকাঁথার লোকজ মোটিফ প্রয়োগ করে এঁকেছেন দৃষ্টিনন্দন চিত্র।
এখানে বন্ধুদের কাজের মধ্যেও ক্যামেলিয়া উপস্থিত—ফুলের আবহে ক্যামেলিয়ার নানা ছবি নিয়ে ডিজিটাল প্রিন্টে একটি কম্পোজিশন করেছেন শামিমা রহমান। হোসনা ছোটনা পুরোনো দিনের সাদাকালো ছবির মতো করে সহপাঠীদের ভিড়ে রঙের আলোয় খুঁজেছেন ক্যামেলিয়াকে। বলা চলে, প্রদর্শনীটির চারপাশেই ক্যামেলিয়া। এটি শেষ হবে আগামীকাল ২৪ অক্টোবর। এদিন ক্যামেলিয়ার জন্মদিন। বেঁচে থাকলে এদিনে তিনি পা দিতেন ৫০ বছরে।