ক্রসওভার: শৈল্পিক আবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজ্ঞা, অভিজ্ঞতা ও ভাববিনিময়ের মাধ্যমে তৈরি হতে পারে নতুনত্বের আস্বাদ। সৃষ্টিশীল মানসে আপাত ছোট কোনো উদ্দীপনাই মোড় ঘুড়িয়ে দিতে পারে একটি জাতির মননশীলতায়। বিভিন্ন মত-পথ-স্থান ও ভাবের বৈচিত্র্যপূর্ণ শিল্পীদের সমন্বয়ে কর্মশালা এমনই এক শিল্পিত পরিধি। ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে সম্প্রতি শেষ হলো ভিন্নধর্মী একটি কর্মশালা ‘ক্রসওভার’ শিরোনামে। ভারত-বাংলাদেশ দুই দেশের কিউরেটর মোস্তফা জামান, সুষমা কে বাহ্ল এবং অর্চনা বি সাপ্রার এই আর্ট ওয়ার্কশপ কিউরেট করেন। এই বছরের শুরুতে ইন্ডিয়া আর্ট সামিটে প্রথম এই কর্মশালাবিষয়ক আলাপ হয় কিউরেটর সুষমার সঙ্গে। শিল্পপ্রেমী কাজী আনিস মুকিতের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হয়েছে এই উদ্যোগ। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পবিষয়ক ইংরেজি ম্যাগাজিন ডেপার্ট-এর সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন সফল করা সম্ভব হয়েছে। ভারত-বাংলাদেশের ১৫ জন শিল্পী অংশ নেন এই কর্মশালায়। এই কর্মশালাকে ‘এক্সপেরিমেন্টাল স্পেস’ হিসেবে অভিহিত করে শিল্পী ও কিউরেটর মোস্তফা জামান বলেন ‘একজন শিল্পী তার পরিবেশ-সমাজ দ্বারা আবদ্ধ থাকে; এই অভিজ্ঞতায় রয়েছে বহুস্তরিক ভাবনা, বহুস্থানিক আনাগোনা। দুই দেশের ভিন্ন সংস্কৃতির কখনো মিল-অমিল দিয়েই শুরু করা যায়; শিল্প সৃষ্টির আনন্দ নিয়েই নতুন কোনো আইডিয়া বা নতুন দৃষ্টিভঙ্গি-সম্ভাবনা তৈরি হতে পারে। আর আমার আকাঙ্ক্ষা ছিল, যেকোনো একটি স্পেস মাল্টিপল হয় নানা ইন্টারেকশন দিয়ে, বহুস্তরিক স্থানিকতা আর বহু সময়ের আসা-যাওয়া থেকে; তাই এই কর্মশালায় একটা নতুন কিছু সৃষ্টি হতে পারে।’ শিল্পে প্রতিনিয়ত নতুন সৃষ্টি হয়তো হচ্ছে অথবা নতুন সৃষ্টির ভঙ্গির সঙ্গে আমরা সম্পৃক্ত হই; তবে কার্যকারণ ছাড়া যেমন কোনো কিছু ঘটেনা, তেমনি কোনো জোরালো কার্যকারণের উপস্থিতি কর্মশালায় অনুভব করা যায়নি।ডেপার্ট মূলত প্রচলিত ধারণার বাইরে থেকে কিছু বলার চেষ্টা করে। ডেপার্ট আয়োজিত কর্মশালার অভিমুখও তাই প্রচলিত ও পরিচিত কেন্দ্রের বাইরের দিকেই। তবে আশঙ্কার বিষয় হলো, কেন্দ্রিকতার বাইরে গিয়ে আরেকটি জোরালো কেন্দ্র তৈরির সম্ভাবনা এই উদ্যোগকে কতখানি সফল করবে! কর্মশালার কিউরেটর মোস্তফা জামান বলেন, ‘স্থবিরতার বাইরে গিয়ে আমরা চ্যালেঞ্জিং একটা অবস্থা তৈরি করতে চাই। কনসেপচুয়াল রিডিং খুব জরুরি এই সময়ে। আর্টকে আলাদাভাবে রিড না করে সমাজের দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দিতে হবে।’ শিল্পের পুরোনো ধারাকে চ্যালেঞ্জ করতে করতেই নতুন ধারার জন্ম হয়; সে ক্ষেত্রে কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। অতীত ও বর্তমানের মধ্যেই নিহিত রয়েছে শিল্প। শিল্পীর সমাজ-সময়-অবস্থান—সবকিছুর সমন্বয়ে শিল্পকে বিচার করতে হবে।ক্রসওভারের শিল্পী নির্বাচনে যাঁরা পেইন্টিং থেকে বেরিয়ে আরও কিছু মাধ্যমে কাজ করেন—স্কাল্পচার, ইনস্টলেশন, পারফর্মিং আর্ট—এ ধরনের মাল্টি ডাইভারসিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে দক্ষতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিচার করা হয়নি।কর্মশালায় শিল্পীদের কাজের পাশাপাশি প্রতিদিন ছিল প্রেজেন্টেশন, যেখানে চিন্তা-চেতনা এবং ভাব ও ভাষার সঙ্গে পারস্পরিক পরিচিতির সুযোগ। কর্মশালায় র‌্যাডিক্যাল লাঙ্গুয়েজটাই প্রধান হয়েছে, তবে ট্র্যাডিশনাল পেইন্টিংকেও উপস্থাপনের চেষ্টা দেখা যায়। এ দেশের রেখা, রং, ভঙ্গি কোন অবস্থায় রয়েছে, তা উপস্থাপনের চেষ্টা ছিল কর্মশালায়। শিল্পী রনি আহমেদ বলেন, তিনি এই কর্মশালায় নতুন এক্সপেরিমেন্ট করতে পেরেছেন। যেসব মেটেরিয়াল এর আগে কখনো তিনি ব্যবহার করেননি, তা এখানে কাজে লাগিয়েছেন; তিনি তাঁর শিল্পে মূলত ভিজুয়াল রিয়েলিটির সঙ্গে টেক্সেচুয়াল রিয়েলিটি যোগ করে নতুন মাত্রা তৈরি করেন। তাঁর মতে, ‘সাইকোডেলিক কাউ মিটস হিজ নন-সাইকোডেলিক ওনার’ শিরোনামের শিল্পকর্মটি দর্শকদের ভাবিয়ে তুলতে সক্ষম।দুই দেশের মধ্যে শিল্প-সংস্কৃতি-মনোভঙ্গির আদান-প্রদানের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তবে এই কর্মশালার শিল্পকর্ম প্রদর্শনের পর এর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তৈরি হতে পারে, এর গতি-প্রকৃতি-অভিমুখ নিয়েও সৃষ্টি হতে পারে ধোঁয়াশা। প্রচল ভাঙা, ফর্ম ভাঙা, সমাজলগ্নতা কিংবা ব্যতিক্রমের কথা বলে আসলেই কি তা হচ্ছে? আমাদের বিশ্ল্নেষণ করতে হবে, এই সবকিছুই ক্ষয়ে যাওয়া পাশ্চাত্যের পুরোনো ধারণা কি না।‘ক্রসওভার’ শীর্ষক কর্মশালার পরবর্তী কার্যক্রম হিসেবে ভারতের দিলিস্নতে আগামী বছরের জানুয়ারী মাসের মাঝামাঝি একই ধরণের আরেকটি কর্মশালা একই শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে এবং কর্মশালার শিল্পকর্ম নিয়ে পুনরায় একটি প্রদর্শনীর আয়োজন রয়েছে।অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: আবদুল হালিম চঞ্চল, রনি আহম্মেদ, আবদুস সালাম, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম শুভ, স্বর্ণালী রিনি, অনুকূল মজুমদার, মনজুর আহমেদ, রিপন সাহা (বাংলাদেশ); জগদিশ চিন্তালা, দিলীপ শর্মা, ভগত সিং, গুরুদীপ সিং, ফরহাদ হোসেন, প্রজ্ঞা জেন, পূজা বাহরি প্রমুখ (ভারত)।২৩ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনী চলে ২৯ ডিসেম্বর পর্যন্ত।