এম আর খান। দেশে তাঁর পরিচয় শিশুবন্ধু হিসেবে। পেশায় চিকিৎসক, জাতীয় অধ্যাপক এই মানুষটি শিশুর স্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। শিশুদের উন্নত সেবার প্রয়োজনে গঠন করেছেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন।অ্যানথ্রাক্স নিয়েআমার পড়ার বইয়ের অধিকাংশই আমার পেশার সঙ্গে সংশ্লিষ্ট। কাজের ক্ষেত্রে যে মেডিকেল জার্নালগুলো পড়তে হয়, সেগুলোই পড়ছি। বর্তমানে আমার আগ্রহ অ্যানথ্রাক্স নিয়ে। তাই এ বিষয়ের জার্নালগুলোতেই চোখ বুলাচ্ছি। আর পড়ছি এম আর চৌধুরীর মাইক্রোবায়োলজি। বইটিতে অ্যানথ্রাক্সের কার্যকারণ এবং এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। কদিন আগে আমাদের দেশে যে ধরনের অ্যানথ্রাক্সের প্রকোপ দেখা দিয়েছিল, তার নাম কিউটোনিয়াস অ্যানথ্রাক্স। এর বাইরে আরও বেশ কয়েক রকম অ্যানথ্রাক্স রয়েছে। এ ছাড়া চমকপ্রদ আরেকটি বই পড়ছি—কাজী আবদুল মজিদের লেখা স্বয়ম্ভর বাংলাদেশের প্রত্যাশায় আমার এনবিআরের দিনগুলি। এ বইয়ে দেশের কর ব্যবস্থাপনার কলাকৌশল ও ত্রুটি-বিচ্যুতি চমৎকার করে বর্ণনা করেছেন লেখক।সারাক্ষণ ঘিরে রাখেরবীন্দ্রনাথ-নজরুলের গান আমাকে সারাক্ষণ ঘিরে রাখে। রবীন্দ্রনাথের তো সবটুকুই ভালো লাগে আর নজরুলের ভালো লাগে বিদ্রোহী পর্বের গান। ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...’ হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় যখন এই গান শুনি, চারপাশে এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয় যেন। আবার ফিরোজা বেগমের গলায় নজরুলের গানগুলো কী যে অসাধারণ! আব্বাসউদ্দীন, আবদুুল আলীম—এঁদের গানও তো মুগ্ধ করে। তবে ব্যস্ততার কারণে অনেক প্রিয় গান তেমনভাবে কি আর শুনতে পারি এখন।দারুণ ভক্তসব সময় আমি খেলার দারুণ ভক্ত। স্কুলজীবনে নিজে একসময় ফুটবল খেলতাম, দলের ক্যাপ্টেন ছিলাম। সেই রেশ এখনো রয়ে গেছে। একটু সময় পেলেই আমি মাঠে বসে খেলা দেখতে ভালোবাসি। মজার কথা হলো, ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের পর থেকে ফুটবলের চেয়ে ক্রিকেটই আমাকে বেশি টানে। খেলাধুলার প্রতি বিশেষ টানের কারণেই বোধ হয় টিভি সেটের সামনে বসে ক্রিকেট বা ফুটবল যাই হোক, দেখতে ভালো লাগে।স্বপ্নের কথাআমার স্বপ্ন, আমার ইচ্ছা শিশুদের জন্য কিছু করা। এ কারণে গঠন করেছি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন। সারা জীবন শিশুদের নিয়েই তো নানা রকম কাজ করে গেলাম। জীবনের শেষ পর্যায়ে এসেও সুস্থ শিশুর হাসিমুখ দেখতে চাই। শিশুদের মাঝে নিজেকে উজাড় করে দিতে পারলেই যেন শান্তি পাই।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ