ক্রিকেটপ্রেমী মহারাজা
বঙ্গেশ্বরী, নাটোরের রানি ভবানীর বংশধর ছিলেন মহারাজা জগদিন্দ্রনাথ রায়। ১৮৬৮ সালে জন্মগ্রহণকারী এই রাজা রাজনীতি, সাহিত্য, সংগীতচর্চার পাশাপাশি ছিলেন অসাধারণ ক্রীড়া সংগঠক। উনিশ শতকের গোড়ার দিকে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত মাসিক পত্রিকা মানসী (পরবর্তী সময়ে মানসী ও মর্ম্মবাণী)। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ছিল ‘নূরজাহান’, ‘সন্ধ্যাতারা’, ‘দারার দৃষ্টি’ প্রভৃতি কাব্য। বঙ্গীয় স্বায়ত্তশাসন আইন প্রবর্তন বিষয়ে তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহারাজা লক্ষ্মীশ্বর সিংহ, আনন্দমোহন বসু, রবীন্দ্রনাথ প্রমুখের সঙ্গে রাজনীতির সঙ্গেও সংশ্লিষ্ট হয়েছিলেন।মহারাজা জগদিন্দ্রনাথ ছিলেন একজন বড় মাপের খেলোয়াড়। তবে তাঁর সর্বাধিক আকর্ষণ ছিল ক্রিকেট খেলার প্রতি। সারা ভারতবর্ষে একসময় ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে খ্যাতিমান হয়ে উঠেছিলেন। ‘নাটোর ইলেভেন’ (Natore XI) নামে তিনি ক্রিকেট টিম গঠন করেছিলেন এবং নিজে সেই টিমের অধিনায়ক ছিলেন। ১৩৩৩ বঙ্গাব্দে মানসী ও মর্ম্মবাণী পত্রিকার এক লেখায় আছে শতরান অর্থাৎ century করতে তাঁকে বিন্দুমাত্র বেগ পেতে হতো না। মহারাজের ‘নাটোর ইলেভেন’ দলে বাংলার বাইরের, বিশেষ করে পাঞ্জাব, বোম্বের নামিদামি খেলোয়াড়েরাও খেলতেন। এই দল গঠনে তাঁকে অমানুষিক পরিশ্রম ও বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। হাজার হাজার টাকা তিনি ক্রিকেট দলের জন্য নিঃসংকোচে খরচ করতেন। তিনি নিজ অর্থ ব্যয়ে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ক্রিকেট মাঠ তৈরি করেছিলেন। তৎকালীন অনেক ইউরোপীয় ক্রীড়ামোদীই ওই ক্রিকেট মাঠের প্রশংসা করেছেন।মহারাজার রাজশাহীর ঘনিষ্ঠ বন্ধু ও লেখক শশধর রায় ক্রিকেট দলের পেছনে অত্যধিক অর্থ ব্যয় হচ্ছে উক্তি করলে মহারাজা মন্তব্য করেন:‘আমরা দেখাতে চাই যে আমরা কিছুতেই পিছপাও নহি। উহারা (ইংরেজগণ), মিথ্যা নিন্দা রটায় যে আমরা অলস ও দুর্বল। তাই আমি দেখাইব যে নিজের খেলাতেই আমরা উহাদিগকে পরাজিত করিতে সমর্থ।’ক্রিকেট খেলায় মহারাজার যেন একটি ব্রতই ছিল—যাতে বাঙালি খেলোয়াড়েরা খেলায় উৎকর্ষ লাভ করে—ইংরেজদের শুধু সমকক্ষই নয়, তাদের হারাতেও পারে। ক্রিকেট খেলায় নৈপুণ্য থাকার দরুন তিনি সহজেই খেলোয়াড়দের দোষ-ত্রুটিগুলো বলে ত্রুটি সংশোধন করে দিতেন। তবে কখনো তিনি খেলোয়াড়দের সঙ্গে অশোভন আচরণ করেছেন, এমন নজির পাওয়া যায়নি।মহারাজা আদতে দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ক্রিকেট খেলার মধ্য দিয়ে। মানসী ও মর্ম্মবাণী পত্রিকার ১৩৩৩ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় দ্বিজেন্দ্রনাথ বসু এ নিয়ে চমৎকার কিছু তথ্য উপস্থাপন করেছেন:‘ক্রিকেটের দলে যদিও তিনি ভারতবর্ষের বাছা বাছা খেলোয়াড় জোগাড় করিয়াছিলেন; তাহাদের মধ্যে একজনও ইংরেজ কিংবা বিদেশী খেলোয়াড় ছিল না। তাঁহার এক মহৎগুণ ছিল যে, তিনি খেলোয়াড়দের সাহস ও জয়ের আশাকে অনুপ্রাণিত করিতে পারিতেন। আগে দেখা গিয়াছে বাঙ্গালী খেলোয়াড়দের দল সাহেবদের সঙ্গে খেলিতে গিয়া ভগ্ন মনোরথে পরাজয় অনিবার্য্য স্থির করিয়া খেলায় নামিত। তিনি তাহাদিগকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে শিখাইয়াছিলেন। বর্ত্তমান সময়ে বাঙ্গালী ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে যাহা কিছু উন্নতি লক্ষিত হয় তাহা প্রধানত মহারাজেরই আন্তরিক চেষ্টার ফল।’আজ বাঙালিরা ক্রিকেট খেলায় অনেক দূরে পৌঁছে গেছে। ক্রিকেটের এই সাফল্যের পেছনে যে কীর্তিমান মহারাজা জগদিন্দ্রনাথ রায়ের নাম রয়েছে, তা আমরা অনেকেই জানি না। এ তথ্য কি আদৌ বিস্মৃত হওয়া যাবে?