ক্রিকেটারদের ভূতের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটারদের কত্ত সাহস; তারা কিনা ভয় পাবে ভূতের! তা আর বলছি কী, জঙ্গলের ধারে হিজল বা শেওড়াগাছে নয়; তাঁরা ভূতের ভয় পেয়েছেন আধুনিক পাঁচ তারকা হোটেলে। ক্রিকেট তারকাদের কিছু ভৌতিক অভিজ্ঞতার গল্প শোনাচ্ছেন রানা আব্বাস

হোটেল ল্যাংহ্যাম
হোটেল ল্যাংহ্যাম

ভূতের নাম মাশরাফি!
রেডওয়ার্থ হলের কথা শুনে থাকবে হয়তো। ডারহামের বিখ্যাত হোটেল। এ হোটেলটা বিখ্যাত কিন্তু ভৌতিক কারণেই! ইংল্যান্ড সফরের সময় বাংলাদেশ দল কখনো সেখানে ভৌতিক ঘটনার মুখোমুখি হয়নি। তবে কল্পিত ভূতের মুখোমুখি হয়েছে বেশ কবার। একবার হলো কি, তখনকার অধিনায়ক হাবিবুল বাশার সুমন গভীর রাতে শুনতে পেলেন বাচ্চার কান্নার শব্দ। বাচ্চাটা ফুঁপিয়ে ফুঁপিয়ে একটানা কেঁদেই চলেছে।
এমনিতে ভূতের ভয়ে রেডওয়ার্থ হলে কেউ এক ঘরে একা থাকত না। দুজন, পারলে তিন-চারজন থাকত একসঙ্গে। অবশ্য হাবিবুলকে সতীর্থদের সঙ্গে রুম ভাগাভাগি করতে হয়নি। কেননা, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শাওন। তো কান্নার শব্দে হাবিবুল আর তাঁর স্ত্রীর একটু একটু ভয় লাগতে শুরু করল। অগত্যা সাহস করে রুম থেকে বেরিয়ে এলেন বাংলাদেশ অধিনায়ক।
দরজা খুলেই হাবিবুলের ‘ও মাগো মা’ বলে এক চিৎকার! করিডরে সাদা চাদরে ঢাকা একটা লাশ পড়ে আছে! আর কোথা থেকে যেন ভেসে আসছে কান্নার শব্দটা। যে হাবিবুল দুনিয়ার ডাকাবুকো বোলারকে পিটিয়ে সীমানাছাড়া করেন, তিনিই কিনা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার মতো উপক্রম! ঠিক তখন চাদরের ভেতর থেকে একটা মানুষ ফট করে লাফ দিয়ে উঠে বলল, ‘ভয় পাইয়েন না। আমি, আমি।’ চিৎকার-চেঁচামেচি শুনে ততক্ষণে সতীর্থ তাপস-রাজিনও বেরিয়ে এসেছেন পাশের রুম থেকে। ওই ‘আমি’টা কে ছিল, জানো? মাশরাফি বিন মুর্তজা! ওই যে বলা হলো ‘কল্পিত ভূত’! আর সেই কল্পিত ভূতটা ছিলেন আমাদের মাশরাফি।

ঝাঁকুনি দিল কে?
এই তো কদিন আগের কথা। বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সিরিজ শুরুর আগে এক রাতে ক্রাইস্টচার্চে টিম হোটেলে নিজের ঘরে শুয়েছিলেন হারিস সোহেল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। টের পেলেন, কে যেন তাঁর খাট ধরে সজোরে ঝাঁকুনি দিচ্ছে। ভাবলেন, ভূমিকম্পটম্প হচ্ছে বোধ হয়! পরে বুঝতে পারলেন, সে রকম কিছু নয়। সঙ্গে সঙ্গে অজানা এক ভয় গ্রাস করল তাঁকে।
সোহেলের দাবি, এক ভয়ংকর ভূত নাকি তাঁর খাট ধরে ঝাঁকুনি দিয়েছে। সেই ঝাঁকুনিতেই কেঁপে উঠেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় তুমুল চেঁচামেচি জুড়ে দেন পাকিস্তানি ক্রিকেটার। দলের সঙ্গে থাকা ম্যানেজার, কোচিং স্টাফ দৌড়ে আসেন অন্য ঘর থেকে। ততক্ষণে ভয়ে থরথরিয়ে কাঁপতে শুরু করেছেন সোহেল, গা কাঁপিয়ে এসে গিয়েছে জ্বর! পরের দুদিন তো দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি তিনি।

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

রুম নম্বর ৩৩৩
লন্ডনের বিখ্যাত ল্যাংহ্যাম হোটেলের একটা রুম আছে, যেটা ভূতের উপদ্রবের জন্য কুখ্যাত! রুম নম্বর ৩৩৩। গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলার সময় এ রুমেই ভীষণ ভূতের ভয় পেয়েছিলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড।
গভীর রাত। চারদিকে নিকষ আঁধার। টপ টপ টপ...হঠাৎ বাথরুম থেকে পানি পড়ার শব্দে গা ছমছম করে উঠল ব্রডের। মনে হলো নলটা খোলা আছে। চমকে উঠে আলোটা জ্বালাতেই বন্ধ আওয়াজ। ফের নিস্তব্ধতা। মনের ভুল ভেবে আলো নিভিয়ে শুয়ে পড়তেই আবার সেই আওয়াজ—টপ টপ টপ...ইংলিশ পেসার ব্রডের সে ভয়ংকর অভিজ্ঞতার কথা না হয় শোনো তাঁর মুখেই, ‘হঠাৎ মনে হলো আমার ঘরটায় প্রচণ্ড গরম। এতই গরম, আমার ঘুমুতে অসুবিধা হচ্ছিল। আলো নেভালেই বাথরুমের নল থেকে পানি পড়ার শব্দ আসছিল। আলো জ্বালাতেই আওয়াজ বন্ধ। সেদিন সারারাত ভয়ে ঘুমাতে পারিনি। শেষমেশ আমার ঘর বদলের অনুরোধ জানিয়েছিলাম।’
হোটেলটি বহু বছর ধরেই ‘ভৌতিক’ কাণ্ডকীর্তির জন্য কুখ্যাত। অনেকেই বলেন, এই হোটেলে নাকি কমপক্ষে সাতটি ‘অতৃপ্ত আত্মা’ ঘোরে!
ভূতের তাড়া
২০০৫-এ অ্যাশেজে সিরিজ অস্ট্রেলিয়া গিয়েছিল ইংল্যান্ডে খেলতে। ব্যাট হাতে বোলারদের ছাতু আর বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়াতে বেশ পারঙ্গম শেন ওয়াটসন ওই সফরের সময় একবার ভূতের তাড়া খেয়ে ভুল করে ব্রেট লির ঘরেই ঢুকে পড়েছিলেন! হয়েছে কী, অস্ট্রেলীয় অলরাউন্ডারকে নাকি টিম বাসের ড্রাইভার ভূতের গল্প শুনিয়েছিলেন। বাস থেকে নেমে ওয়াটসনের মনে হয়েছিল কে যেন তাঁর পেছন পেছন হাঁটছে...!

সূত্র: ডেইলি মেইল, ডন ও হাবিবুল বাশারের কলাম