ক্রিকেটীয় সাহিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর৷ জমজমাট ক্রিকেটের আবহ চারপাশে৷ দেশ-বিদেশের সাহিত্যের সঙ্গে কীভাবে জড়িয়ে আছে ক্রিকেটের রং-গন্ধ?

অলংকরণ: কাইয়ুম চৌধুরী
অলংকরণ: কাইয়ুম চৌধুরী

১৮৬১ সাল৷ ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের খ্যাতি তখন মধ্যগগনে৷ ইংল্যান্ড ও আমেরিকার বিভিন্ন শহরে সাহিত্য ও সমাজবিষয়ক বক্তব্য দিয়ে বেড়ান৷ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি সেবা সংস্থা তাঁকে অস্ট্রেলিয়াতে নিমন্ত্রণ করলেন৷ তাঁর শরীর ভালো যাচ্ছিল না বলে তিনি অপারগতা দেখালেন৷ তখন সংস্থাটি সাহিত্য থেকে ক্রিকেটে চলে গেল এবং ১৫০ পাউন্ড দরে কিছু ইংরেজ ক্রিকেটারকে দাওয়াত দিল ক্রিকেট খেলতে৷ এর পর থেকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হয় এবং ১৮৮২ সালে যখন ওভাল টেস্টে নিজেদের মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে প্রথমবারের মতো হারল, তখন লন্ডনের স্পোর্টিং টাইমস পত্রিকা লিখল, ইংল্যান্ডের ক্রিকেটের মৃত্যু হয়েছে এবং শিগগির এর দেহভস্মীভূত ছাই অস্ট্রেলিয়ার দলের সঙ্গে পাঠানো হবে৷ ঠিক ফিরতি সিরিজে ১৮৮২-৮৩ সালে ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়াতে গিয়ে সিরিজ জিতল, তখন ইংল্যান্ডের ক্যাপ্টেন আইভো ব্লাইকে মেলবোর্ন শহরের এক দল নারী একটি ছাইদানি উপহার দেন, যার মধ্যে ক্রিকেটের একটি কাঠের বেল পোড়া ছাই ছিল৷ সেই থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের লড়াই অ্যাশেজ বা ছাই নামে বিখ্যাত এবং এটির রোম্যান্টিক দিকটি হলো ছাইদানিটি উপহার দেওয়ার দলনেত্রী ফ্লোরেন্স মরফিকে ক্যাপ্টেন ব্লাই বছর খানেকের মধ্যে বিয়ে করেন৷ কাজেই অ্যাশেজ সিরিজের উদ্বোধনের পেছনে ডিকেন্সের যোগসূত্র আছে বলতে হবে৷

বোদ্ধাদের মতে ক্রিকেটের সঙ্গে সাহিত্যের সম্পর্ক সহজ৷ অষ্টাদশ শতাব্দীর শেষ দিককার কবি উইলিয়াম ব্লেইক থেকে শুরু করে ওয়াডর্সওয়ার্থ, বায়রন, বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল, এইচ জি ওয়েলসসহ আরও অনেক উল্লেখযোগ্য ইংরেজ কবি ও সাহিত্যিকের রচনায় ক্রিকেট খেলার উল্লেখ আছে৷ শেষের দুজন ভালো ক্রিকেটারও ছিলেন৷ নাট্যকার স্যামুয়েল বেকেট হলেন একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক, যাঁর ক্রিকেটার হিসেবে পরিচিতির জন্য ক্রিকেটের বাইবেল উইজডেন অ্যালমানাক-এ নাম উঠেছিল৷ আর নাট্যকার টম স্টপার্ড অ্যাশেজ সিরিজ নিয়ে এত মুগ্ধ ছিলেন যে তিনি বলতেন, যে খেলা তিন দিনের বেশি গড়ায় না, সেটা তাঁর কাছে খেলা মনে হয় না৷

 পুরো রবীন্দ্রসাহিত্যে ক্রিকেটের উল্লেখ আছে কি না, আমার জানা নেই৷ না থাকলে খুব বিস্ময়কর৷ কারণ, পুরো রবীন্দ্রজীবনকাল এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্থান ও অবস্থান সমান্তরাল৷ ব্রিটিশ সাম্রাজ্যবাদ উপনিবেশগুলোয় নিজেদের জনপ্রিয় করার জন্য দুটি জিনিসের আমদানি করেছিল: শেক্‌সপিয়ার ও ক্রিকেট৷ দুটির প্রভাবই এখনো উপনিবেশিত জীবনযাপনে রয়ে গেছে৷ ১৮৫১ সালে রেভারেন্ড জেমস পাইক্রফট দ্য ক্রিকেট ফিল্ড অর দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য সায়েন্স অব ক্রিকেট গ্রন্থে সাম্রাজ্যবাদী প্রচার চালান যে ক্রিকেট শেখায় মাসকুলার খ্রিশ্চিয়ানিটি বা শৌর্যপ্রধান খ্রিশ্চিয়ান ধর্ম, যার অর্থ হলো ক্রিকেট খেলার মধ্যে যে সাহস, শৃঙ্খলা, শুচিবোধ (যেমন সাদা বস্ত্র) ও সহবৎ নিহিত আছে, তা অবক্ষয়ী মূল্যবোধের বিরুদ্ধে শক্তিশালী বর্ম হিসেবে দাঁড়াতে পারে৷ অর্থাৎ, ইংল্যান্ডের সংস্কৃতি অধিকৃত উপনিবেশগুলোর সংস্কৃতির চেয়ে ভালো৷ এ সাম্রাজ্যবাদী তাগিদের জন্য ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে ক্রিকেট পরিচিতি পেল জেন্টলম্যানস গেম বা ভদ্রলোকের খেলা হিসেবে৷ যেকোনো অভদ্র আচরণকে তাই ‘নট ক্রিকেট’ শব্দযুগল দিয়ে চিহ্নিত করার রেওয়াজ ইংরেজ সমাজে চালু আছে৷

তা হলে ভদ্রলোক কারা? কাদের জন্য ক্রিকেট? এ কথার উত্তর আমরা পাই বিখ্যাত ক্রিকেট-সাহিত্যিক স্যার নেভিল কার্ডাসের রচনায়৷ কার্ডাস সম্পর্কে দ্য ক্রিকেটার নামক ম্যাগাজিনের সাংবাদিক জন আর্লট বলেছেন যে কার্ডাসের আগে ক্রিকেট নিয়ে সংবাদ লেখা হতো, কিন্তু কার্ডাস এসে ক্রিকেটারদেরকে মহৎ বীর হিসেবে চিত্রিত করলেন৷

কার্ডাস ক্রিকেটের আভিজাত্যকরণ সম্পর্কে সচেতন ছিলেন৷ তাই ইংলিশ ক্রিকেট পূর্ণাঙ্গ আভিজাত্য লাভ করার সময় ঊনবিংশ শতাব্দীর রানি ভিক্টোরিয়ার যুগে যখন ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না বলা হতো, যখন ইংল্যান্ডের সবুজ বনানী ছায়াময় গ্রামখণ্ডের মাঠগুলোর সঙ্গে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের সুবিস্তীর্ণ শ্যামলিমাময় মাঠগুলোর যোগ হলো, তখন ইংল্যান্ডের অভিজাত শাসককুল ক্রিকেটকে বেছে নিলেন তাঁদের আয়েশি জীবনের ক্রীড়া-বিনোদন হিসেবে—আর সে আয়েশি ক্রিকেটের প্রবক্তা হলেন কার্ডাস৷ তাই তাঁর রচনায় ক্রিকেটের গৌরবোজ্জ্বল দিন হারিয়ে গেছে—এ রকম একটি বেদনাবোধ তাঁর বীরকীর্তনের সঙ্গে একত্র হয়ে তৈরি করেছে এক মধুর সাহিত্য৷

তাহলে ক্রিকেটের ভদ্রলোক হিসেবে চিহ্নিত হলেন অ্যামেচার বা শৌখিন খেলোয়াড় আর যাঁরা পেশাদার ক্রিকেট খেলছিলেন, তাঁরা হয়ে গেলেন প্রফেশনালস৷ অ্যামেচাররা ক্রিকেট খেলছিলেন শখের বশে, তাঁরা হলেন অভিজাত শ্রেণী আর প্রফেশনালসরা খেলছিলেন জীবিকার জন্য, যাঁরা ছিলেন নিম্ন চাকরিজীবী বা শ্রমিক৷ কার্ডাসের শৈশবের হিরো ছিলেন এ সি ‘আর্চি’ ম্যাকলারেন এবং আর এইচ ‘রেগি’ স্পুনার৷ দুজনই ছিলেন শৌখিন স্টাইলিশ ব্যাটসম্যান, অর্থাৎ ভদ্রলোক৷ তাঁর গুড ডেইজ (১৯৩৪) গ্রন্থে ম্যাকলারেনের ব্যাটিং-শৈলী নিয়ে চমৎকার একটি বর্ণনায় কাডার্স লিখলেন, লকউডের ছোড়া বাউন্সারটা তাঁর মাথা বরাবর ছোবল দিল, কিন্তু অবিচল সাহসিকতার সঙ্গে ম্যাকলারেন সেটা হিট করে মাঠের বাইরে পাঠালেন৷ তারপর লিখলেন, ‘আমি কী হিট বললাম, না তা নয়, ম্যাকলারেন যেন বলটিকে তাঁর উপস্থিতি থেকে বহিষ্কার করে দিলেন৷’-এ উক্তি নিয়ে অ্যান্টনি বেইটম্যান তাঁর ক্রিকেট, লিটেরেচার অ্যান্ড কালচার (২০০৯) গ্রন্থের সূচনায় মন্তব্য করছেন যে কার্ডাসের শ্রেণীবিভাজিত মানসিকতা এখানে প্রতিফলিত৷ কেননা, ম্যাকলারেনের বিপরীতে লকউড ছিলেন একটি জরির কারখানার শ্রমিক৷ কাজেই তাঁকে ‘ডিসমিস’ করলেন অভিজাত শ্রেণীর প্রতিনিধি ম্যাকলারেন৷

এখানে যেটি ধর্তব্য, ক্রিকেটের ‘জেন্টলম্যানস গেম’-এর সংজ্ঞায় ব্যাটসম্যানরা বোলারের চেয়ে সামাজিকভাবে উঁচু কদরের ছিলেন৷ চিন্তাটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজে ব্যাপক প্রভাব ফেলে৷ কারণ, ইংলিশ অভিজাত শাসক মহল যখন ব্যাট প্র্যাকটিস করবে, তখন তাদের বল করবে নেটিভরা—এটাই হয়ে গেল দস্তুর৷ সাদা মানুষ ব্যাট করছে আর কালো-বাদামি মানুষ বল করছে বা বল কুড়াচ্ছে—ক্রিকেটের এ ঔপনিবেশিক চিত্রকল্প তত দিন পর্যন্ত স্থায়ী ছিল, যত দিন ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে অক্সফোর্ড, কেমব্রিজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়নি৷ দুই বিশ্বযুদ্ধের মাঝখানে ক্রিকেটের গণতন্ত্রায়ণ দ্রুতবেগে পরিসূচিত হতে থাকে এবং জন আর্লট তাঁর গ্রন্থ ক্রিকেট হিরোজ-এ (১৯৬০) কার্ডাসের বিপরীতে গিয়ে একজন ব্যাটসম্যানের গুণগান গাইলেন না, গাইলেন ইংল্যান্ড ও সাসেক্সের ফাস্ট বোলার মরিস টেটের, যাঁর সম্পর্কে তিনি বললেন যে তাঁর বোলিং-শৈলীতে ‘হুইলিং ইউনিটি’ বা চক্রাবর্তের ঐক্য পাওয়া যায়৷

এ সময়ের পর থেকে মধ্যবিত্তরা ক্রিকেট খেলতে শুরু করে এবং বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে উপনিবেশগুলো স্বাধীন হতে থাকলে এসব দেশে ক্রিকেট উঁচু ঘরানা থেকে ক্রমেই মধ্যবিত্তের গণ্ডিতে নেমে আসে৷ অর্থাৎ, প্রিন্স কুমার শ্রী রঞ্জিত সিংজি থেকে ক্রিকেট চলে এল সুনীল গাভাস্কারের কাছে৷

আজকে যে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, এটি ক্রিকেটকে গণতন্ত্রায়ণ করার ফল৷ এ গণতন্ত্রায়ণ-প্রক্রিয়ায় ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদীয় মার্ক্সবাদী রাজনীতিবিদ ও জনপ্রিয় ক্রিকেট-সাহিত্যিক সি এল আর জেমসের অবদান অনস্বীকার্য৷ বিশ্ব ক্রিকেটের রাজনৈতিক মাত্রা সম্পর্কে তাঁর গ্রন্থ বিয়ন্ড অ্যা বাউন্ডারিতে (১৯৬৩) তিনি বললেন, ক্রিকেট খেলায় মাঠে যা হয়, তার চেয়েও গুরত্বপূর্ণ মাঠের বাইরে যা হয়৷ তিনি ১৯৬৯ সালে সম্ভবত সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার গার্ফিল্ড সোবার্সের ওপর একটি রচনায় লিখলেন যে ক্রিকেটে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং একই গুরুত্বসম্পন্ন দিক, কোনোটাকে খাটো করে দেখার উপায় নেই৷

দুই.

বাংলা সাহিত্যে এযাবৎ আমার পড়ার মধ্যে সবচেয়ে সুখপাঠ্য বই হচ্ছে শংকরীপ্রসাদ বসুর রমণীয় ক্রিকেট, আর বাংলাদেশের লেখক বদরুল হুদা চৌধুরীর তবু ক্রিকেট ভালোবাসি৷ বসু ও চৌধুরী দুজনই কার্ডাস ঘরানার লেখক, অর্থাৎ, তাঁরা বিশ্বাস করেন, ক্রিকেটে রেকর্ডে নয় মাহাত্ম্য হচ্ছে শৌর্যে৷ যাঁরা লড়াই করেন, বিপদের সময় দাঁড়িয়ে যান, তাঁদের বীরত্ব ক্রিকেটকে গৌরবান্বিত করে৷

 ১৯৬০-৬১ সালের বিখ্যাত অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের ক্রিকেট-ইতিহাস নিয়ে সড়ো​গড়ো পাঠক মাত্রই জানেন৷ ব্রিসবেনের প্রথম টেস্ট হয়েছিল টাই৷ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের খুব খারাপ অবস্থা৷ কিন্তু দাঁড়িয়ে গেলেন গার্ফিল্ড সোবার্স নামক একজন ছোকরা খেলোয়াড়৷ এক অনন্যসাধারণ ইনিংস খেললেন তিনি৷ ১৩২ রান৷ তখন অস্ট্রেলিয়ার নামকরা ক্রিকেট-সাংবাদিক ছিলেন জ্যাক ফিংগলটন৷ তাঁকে লিন্ডসে হ্যাসেট নামক একজন অন্ধ লোক লিখলেন, ‘জ্যাক, জীবনে আমার অন্ধত্বের জন্য আমি কখনো বিধাতার কাছে অনুশোচনা করিনি৷ শুধু এই একবারই করলাম৷ কারণ, আমি সোবার্সের এই মহাকাব্যিক ইনিংস দেখা থেকে বঞ্চিত ছিলাম৷’

 ক্রিকেট খেলার চরিত্রটা এমন যে দেশের মর্যাদা রক্ষার জন্য লড়ে যাওয়ার কথাটা তাই সামনে চলে আসে৷ টিভিতে ১৯৯৯ সালে দেখা বার্বাডোসে ব্রায়ান লারার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ইনিংস রাত জেগে দেখেছিলাম৷ ওয়েস্ট ইন্ডিজের আট উইকেট পড়ে গেছে৷ ব্রায়ান লারা আছেন ক্রিজে৷ লারা প্রতি ওভারের শেষ বলে একটি খুচরা রান সংগ্রহ করে অ্যামব্রোসকে প্রায় দুই ঘণ্টা আড়াল দিলেন৷ অ্যামব্রোসকে খেলতে হলো মাত্র ১৮টি বল৷ অ্যামব্রোস আউট হলে ১১ নম্বর খেলোয়াড় কোর্টনি ওয়ালশ এলেন, যাঁর টেস্টে শূন্য রানে আউট হওয়ার ঘটনাই সবচেয়ে বেশি৷ সেই ওয়ালশকে নিয়ে লারা ১৫৩ রানে অপরাজিত থেকে ঠিকই পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে আনলেন৷ লারার এ ইনিংস দেখে আমার জীবনের দর্শনও প্রায় বদলে যায়৷ লড়াই করে বেঁচে থাকার দর্শনটা শিখলাম৷

 ২০০৫৷ ত্রিদলীয় ন্যাটওয়েস্ট ট্রফি৷ প্রতিযোগিতা করছে পরাশক্তি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড, আর সঙ্গে ঝেড়ে ফেলা যাবে এমন বামুন বাংলাদেশ৷ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা৷ তারা করল ২৪৯৷ প্রত্যুত্তরে আশরাফুল তাঁর জীবনের সেরা ইনিংসটি খেললেন৷ ১০১ বলে ১০০ রান৷ তারপর আউট৷ ইনিংসের শেষ ওভার শুরু হবে৷ বোলার জ্যাসন গিলেস্পি৷ বাংলাদেশের জয়ের জন্য দরকার সাত রান৷ গিলেস্পি রানআপের জন্য গেলেন৷ আফতাব আহমেদ আম্পায়ারের কাছ থেকে গার্ড নিলেন৷ এদিকে মাইকেল হোল্ডিং ধারাভাষ্যে বারবার উত্তেজিত হয়ে উঠছেন বাংলাদেশের একটি স্মরণীয় জয় দেখার সম্ভাবনায়৷ বারবার বলছেন, ‘ডাজ বাংলাদেশ নো হাউ টু উইন?’

 গিলেস্পি বলটা ছুড়লেন৷ ইয়র্কার দিতে চেয়েছিলেন৷ কিন্তু বলটা সামান্য খাটো লেংথের হওয়াতে হাফ ভলি হয়ে আফতাবের ব্যাটের সামনে পড়ল৷ আফতাব ব্যাট চালালেন সপাটে৷ যেভাবে বেস বলের খেলোয়াড় হাঁকান৷ বল ঠিকই উড়ে গিয়ে পড়ল সীমানার বাইরে৷ স্কোর টাই৷ তার পরের বলে আফতাব একটা খুচরা রান নিয়ে জয় সম্পন্ন করলেন৷ অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের নখ খাওয়া আর শেষ হয় না৷ পুরোপুরি স্থাণুবৎ৷

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা চাইব বাংলাদেশের বিরুদ্ধে পন্টিংয়ের মতো ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কেরাও যেন নখ কামড়ান৷