ক্রিস্টোফার হিচেনস মারা যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টোফার হিচেনসের নাম বাঙালিদের কাছে একেবারে অপরিচিত নয়। দ্য ট্রায়াল অব হেনরি কিসিঞ্জার নামে একটি বইয়ে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সাবেক মার্কিন জাতীয় উপদেষ্টা পরে পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ দিয়েছিলেন তিনি। তাঁর সেই ভূমিকা ‘ক্রিমিনাল’ এই অভিযোগে হিচেনস কিসিঞ্জারের বিচার দাবি করেছিলেন।সেই হিচেনস মারা যাচ্ছেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত তিনি। খাদ্যনালি থেকে শুরু হয়ে সারা শরীরে দ্রুত ক্যানসারের বিষ ছড়িয়ে পড়ছে। পত্রিকায় কলাম লিখে, টিভিতে সাক্ষাত্কার দিয়ে নিজেই সে কথা জানিয়েছেন। না, কারও দোয়া চাননি তিনি। ওসব দোয়ায় তাঁর বিশ্বাস নেই। মরতে হয় মরবেন, কিন্তু তাই বলে এখন শেষ সময়ে এসে ঈশ্বরের নামে মোমবাতি জ্বালাবেন, তেমন লোক নন হিচেনস।বিভিন্ন অনুষ্ঠানে বার কয়েক দেখেছি হিচেনসকে। মহা বেয়াড়া মানুষ। মুখে কোনো কথাই আটকায় না তাঁর। রাজনীতি থেকে ধর্মশাস্ত্র, হেন বিষয় নেই, যা নিয়ে তিনি প্রকাশ্য বাহাসে নামেননি। পাঁড় নাস্তিক, গড ইজ নট গ্রেট এই নামে ধুন্ধুমার একটা বই লিখে গেল বছর বইপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। একসময় গোঁড়া বাম—অর্থাৎ ট্রটস্কিপন্থী রাজনীতি করতেন। পরে একেবারে ১৮০ ডিগ্রি উল্টে নিউ কনজারভেটিভদের দলে ভিড়ে জর্জ বুশের ইরাক আক্রমণের মস্ত সমর্থক বনে গিয়েছিলেন। গোটা দশেক বই লিখেছেন, এর মধ্যে একটি মাদার তেরেসাকে নিয়ে। সে বইয়ে তিনি মাদার তেরেসাকে আস্ত একটা জালিয়াত বলে বর্ণনা করেছেন। আত্মজীবনী হিচ-২২ বেরিয়েছে বছরখানেক হলো। সে বইয়ের প্রমোশনাল ট্যুরে থাকতে থাকতেই ধরা পড়ল তাঁর ক্যানসার।হিচেনসের ক্যানসার হয়েছে শুনে ধর্মপ্রাণ মানুষের মনে করুণা জেগে উঠেছে। তাঁরা নিজেরাই আগ বাড়িয়ে হিচেনসের আত্মার মঙ্গলের প্রার্থনা করে দিয়েছেন। অনেকে আবার হিচেনসকে এই বলে অনুরোধ করেছেন, মৃত্যুর আগে যেন তিনি ঈশ্বরের পথে ফিরে আসেন। মহান যিশু পতিতকে আশ্রয় দেন, হিচেনসকেও দেবেন। সে কথা শুনে হিচেনস তো হেসেই কুটিকুটি। ‘আমার দ্বারা ওটি হবে না। সারা জীবন ঈশ্বর নেই বলে বিশ্বাস করেছি। বিষয়টি শুধু বিশ্বাসের নয়, যুক্তির, যা আমার কাছে অযৌক্তিক, এখন বিপদ দেখে সেই যুক্তিহীনতার কাছে মাথা ঠুকব, তা হবে না।’চারদিক থেকে সবাই যে এই তাঁর আত্মার মুক্তির জন্য প্রার্থনা জুড়ে দিয়েছেন, তাতে কি তিনি অপমানিত বোধ করছেন? এমন এক প্রশ্নের জবাবে হিচেনস বলেছেন, ‘না, ঠিক অপমান নয়। তবে তা শুধু এই আশা থেকে যে লোকজন আমার রোগমুক্তির জন্য প্রার্থনা করছে, আত্মার মুক্তির জন্য নয়।’ হিচেনস অবশ্য কবুল করেছেন, রোগের প্রকোপ বাড়লে তাঁর মুখ দিয়ে যে ঈশ্বরের নামে প্রার্থনা বেরোবে না, তা নয়। ‘কিন্তু সেই হিচেনস আর আজকের সুস্থ মাথার আমি এই হিচেনস এক হবে না। তখন হয়তো আমার মতিভ্রম হবে, আমার বোধবুদ্ধি লোপ পাবে, রোগের কারণে আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ হয়তো থাকবে না। এ অবস্থায় রাম নাম করলে করতেও পারি।’হিচেনস ধর্মের ওপর শিল্প-সাহিত্যকে স্থান দিয়েছেন। ধর্মের প্রয়োজন নির্বোধের, দুর্বলচিত্তের মানুষের। ধর্মচর্চায় বুদ্ধি খরচের কোনো ব্যাপার নেই, সেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। শিশুকালে মনের ভেতর পাপবোধের যে ভীতি ঢুকে যায়, তা-ই আমাদের মনে ঈশ্বরভীতি জাগিয়ে রাখে। চিত্তকে যা বিকশিত করে তা ধর্ম নয়, সাহিত্য। আজীবন সেই সাহিত্যের দেবীকেই পুষ্পাঞ্জলি দিয়েছেন তিনি। অসম্ভব ক্ষুরধার তাঁর লেখনী। ক্ষুরধার আক্ষরিক অর্থেই বলছি, তিনি যেন খোলা তরবারিকে কলম বানিয়ে লিখতে বসেন। তাঁর একমাত্র দুঃখ, দুম করে মরে গেলে যাঁদের মৃত্যুর পর ‘অবিচুয়ারি’ লিখতে বসে একহাত দেখে নেবেন বলে বসে আছেন, তাঁরা হয়তো তখনো বেঁচে থাকবেন। যে দুজনের অবিচুয়ারি না লিখতে পারলে মরেও তিনি শান্তি পাবেন না, তাঁরা হলেন হেনরি কিসিঞ্জার ও পোপ দ্বিতীয় জন পল। তাঁর চোখে এই দুজনই আস্ত ঠক।সারা জীবন নিজের শরীরকে নিয়ে বিস্তর অনাচার করেছেন হিচেনস। মদ্যপ হিসেবে তাঁর দুর্নাম আটলান্টিকের দুই পারেই। একের পর এক সিগারেট খেয়ে গেছেন সারা জীবন। ক্লাবে-পাবে বেহেড মাতাল হয়ে হল্লা জুড়েছেন, দু-চারবার ঘুষোঘুষিও করেছেন। এ জন্য বিন্দুমাত্র দুঃখিত নন হিচেনস। সুযোগ পেলে আবারও সে এ কাজই করবেন। তবে অন্যদের জন্য তাঁর পরামর্শ—ভাই, যদি পারো, তো মদ ও সিগারেট যতটা পারো, কমাও।তাঁর এ কথায় ভণ্ডামি আছে, তা তিনি মানেন।টেলিভিশনে হিচেনসের সাক্ষাত্কার দেখে কিঞ্চিৎ বিস্মিত হয়েছি। বড়সড় মানুষ, মাথাটা প্রকাণ্ড। ইংরেজ সাহেব, দীর্ঘদিন আমেরিকায় থাকার পরও ব্রিটিশ কায়দায় ইংরেজি বলেন; মনে হয় কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। এ সবই ঠিক আছে, শুধু মাথার চুলগুলো পড়ে গিয়ে ন্যাড়া হয়ে পড়েছেন। একধরনের অকথিত বিষাদও যেন তাঁর ওপর ভর করেছে। সবকিছুকে তুড়ি মেড়ে উড়িয়ে দিতে চান, কিন্তু পায়ে-পায়ে মৃত্যু যে এগিয়ে আসছে, নির্ঘাত তা তিনি জানেন। ‘বড় খারাপ ধরনের ক্যানসারে ধরেছে আমাকে। খুব বেশি লোক বাঁচে না এই অসুখ থেকে। বড়জোর পাঁচ বছর, তাও আমার ভাগ্য বলতে হবে।’এ দেশে হিচেনস খুব একটা সম্মানিত মানুষ নন। তাঁর কথাবার্তা অনেকটা ‘ভাড়াটিয়া গুন্ডার’ মতো; তফাত এই যে, হাতে ছুরি না ধরে জিহ্বার ডগায় সে ছুরি শাণ দিয়ে রাখেন। মূলত পত্রপত্রিকায়ই লিখেছেন, রাজনীতি থেকে সাহিত্য—সব বিষয়েই তাঁর নিজস্ব মতামত রয়েছে। সে মতের সঙ্গে আমরা একমত না হতে পারি, কিন্তু ফালতু বলে তাঁর কথা উড়িয়ে দেব, তাও অসম্ভব। আমেরিকায় এখন পর্যন্ত যে দু-চারজন মানুষ শক্ত কথা কোনো রাখঢাক ছাড়া বলতে জানেন, হিচেনস তাঁদের একজন। ইরাক যুদ্ধে বুশের সমর্থন করায় এ দেশের বাম বুদ্ধিজীবীরা তাঁকে ত্যাগ করেছিলেন কিন্তু অন্য অধিকাংশ প্রশ্নে হিচেনস এখনো রাস্তার বাঁ-দিক দিয়েই হাঁটেন। ওবামাকে সোল্লাসে সমর্থন করেছিলেন, সারাহ পেলিনকে গবেট বলে গাল দিয়েছেন। এসব কারণে এ দেশের দক্ষিণপন্থীরাও তাঁকে নিজের লোক ভাবে না।এমন একজন লোক চলে গেলে তাঁর জায়গা পূরণ করা কঠিন হবে। আমি নিজেও নিরীশ্বরবাদী, তবু হিচেনসের নিরাময় প্রার্থনা করে একটি মোমবাতি আমিও জ্বালালাম।২৮ আগস্ট, ২০১০নিউইয়র্ক