ক্ষণিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে যাও ক্ষণিকা,
ইতিহাস ব্যর্থতা দেখে দেখে বখে গেছে।

অবাধ্য শৃঙ্খল কুরে কুরে খাচ্ছে আমার বুক।
যে উদাসীন এতকাল বুকে বেঁধেছিল
ক’গাছি সজীব বুনোঘাস, ঘামের শিশিরকণা
আর...আর এক নিজস্ব স্বর্গ।
হ্যাঁ, সেই আমি বলছি। ফিরে যাও ক্ষণিকা।
দুই ঈশ্বরের এক পৃথিবীতে আমরা
ডুবসাঁতার কেটেছি।
সিঁদুর আর সাদা সিঁথির মধ্যকার পার্থক্য গড়তে পারিনি
পারেনি তোমার করতলের রেখার ভাঁজে ফেঁসে যাওয়া অস্থির আঙুলগুলোও।

ক্ষণিকা,
আমরা পোকায় খাওয়া সবুজ পাতার দল
দেমাগি চাঁদ আমাদের স্পর্শের বাইরে ক্রূর হাসি হাসে।
এই পাড়ে শুধুমাত্র শূন্যতা। এক খাবলা বাতাসও কেউ রেখে গেল না!!

প্লিজ! ক্ষণিকা ফিরে যাও...
শুধু ঘাড়ের ওপাশে আঁকা চুম্বন রেখে যেয়ো।
ভুল গন্ধম ভেবে তুলে রেখে দেব।
 সিলেট