ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের একত্রে থাকার ইতিহাস ১৯৪৭ সালের আগের কথা। এই ইতিহাসের সবটাই রাজনীতির হিসাব-নিকাশের ফলাফল। মাঝে ১৯৭১। নতুন বাংলাদেশ। এখনো খুব নিকটে একটি প্রজন্মকে পাওয়া যায়, যাদের জন্ম, ইতিহাস-কর্ম শ্রদ্ধাভরে স্মরণে আনতেই একই ভাষাভাষী (বাংলা) দুই অঞ্চলের মানুষের একীভূত যাপিত জীবনের চিত্র উঠে আসে আমাদের দৃশ্যকল্পে। ভারতের অন্যতম শক্তিমান ও বহুমাত্রিক শিল্পী সোমনাথ হোর (১৯২১-২০০৬) তেমনি একজন প্রাণ। সারাজীবন বাম রাজনীতির আদর্শে আদর্শায়িত। সমাজের প্রান্তিক শোষিত মানুষের প্রতি গভীর মমত্ব নিয়ে চিত্রকলা, ছাপচিত্র ও ভাস্কর্য মাধ্যমে সফলতম উপায়ে কাজ করে শিল্পী হিসেবে সচেতনভাবে দায়িত্ব পালন করে গেছেন মানুষের প্রতি। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ‘ক্ষত’ (Wounds) শিরোনামে শিল্পী সোমনাথ হোরের একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৭৬টি। প্রদর্শিত বেশির ভাগ কাজ যৌবন ও মধ্য যৌবনে করা। উড লিনো কাটগুলো কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হওয়ার সময়ে অন্তরালে (আন্ডারগ্রাউন্ড) করা। মাত্র ২২ বছর বয়সে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং কর্মী হিসেবে দলের জন্য নিরলস পরিশ্রম করেন। এ সময়ে ছবি আঁকাও থেমে থাকেনি। কলকাতা আর্ট কলেজে ভর্তি সেই উ ৎ সাহের জায়গা থেকেই। শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী সফিউদ্দীন আহমেদকে শিক্ষক হিসেবে পেয়েছেন। বাম রাজনীতিতে সক্রিয়তার ফলে তিনি সমাজসচেতন একজন শিল্পী হিসেবে তৈরি হন কর্ম অভিজ্ঞতার মধ্য দিয়ে। বিষয় হিসেবে তাই পুরো প্রদর্শনীতে রয়েছে মানুষ। মানুষের বিভিন্ন ভঙ্গি, জীবন, রস ও স্বপ্নসংগ্রামের গল্প। সাদা-কালো এবং রঙিন এচিংগুলোতে (ছাপচিত্রের একটি মাধ্যম, যেখানে বিশেষ ধরনের মেটাল প্লেট, মোম ও এসিড ব্যবহারে ছবি আঁকা হয়) বহু বিবিধ মাত্রা চোখে পড়ে। নান্দনিক রস সবাইকে আলোড়িত করে। বিভিন্ন গ্রেডের সাবলীল-বৈচিত্র্যময় শক্তিশালী রেখা ও টোনের ব্যবহারে করা সাদা-কালো এচিংগুলোতে বিভিন্ন নিরীক্ষাধর্মী গল্পে সাধারণ মানুষের জীবন এসেছে। রেখার গতি ও অভিব্যক্তির বলিষ্ঠতা লক্ষণীয়। রঙিন এচিংগুলো আরও বেশি নিরীক্ষাপ্রবণ ও চম ৎ কারিত্বে পরিপূর্ণ। বিভিন্ন তলের ও টেক্সচারের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার, রঙের পরিশীলিত রূপ শিল্পী সোমনাথ হোরের শক্তিশালী শিল্পসত্তার প্রমাণ বহন করে। ড্রয়িংয়ের মধ্যে দ্বন্দ্ব ও স্বাধীনতা। খুব রিয়েলিস্টিক নয়, একধরনের অভিব্যক্তিবাদের সঙ্গে সামাজিক বাস্তবতার এবং নান্দনিক অভিজ্ঞতার সুষম উপস্থাপনা তাঁর সৃষ্টি শিল্প-ভাষা। ‘স্যাভেজ সিরিজ’ করেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও সমকালীন কলকাতার উত্তাল রাজনৈতিক হিংসা-প্রতিহিংসার প্রতিক্রিয়ায়। অনেক ছাপচিত্রকর্মে প্রিন্টের এডিশন সংখ্যা নেই, যেগুলো আর্টিস্ট প্রুফ। ইন্টাগ্লিও মাধ্যমে সফট গ্রাউন্ড ও অ্যাকুয়াটিন্টের ব্যবহার দেখা যায়। ‘উনড্’ সিরিজের জন্ম তীব্র বেদনা ও হিংসার শিকার আর্ত মানুষের অত্যাচারিত ভাঙাচোরা অবয়ব। এ যেন অবক্ষয়ের চূড়ান্তে পৌঁছানো এক সময়-সভ্যতার দলিল উপস্থাপন। প্রদর্শনীতে লিথোগ্রাফগুলো রেখাপ্রধান বলিষ্ঠ অবয়ব চিত্র, বিভিন্ন ভঙ্গিমায় মানুষ। ১৯৫৬ সালে শিল্পী রাজনীতি থেকে সরে আসেন। কিন্তু সমগ্র জীবনই সহজ-সাধারণ নির্লোভ জীবনের চর্চা করেছেন। ১৯৭০ থেকে ১৯৭৮-এর মধ্যে ‘হোয়াইটস অন হোয়াইট’ সম্পূর্ণ অন্য উপায়ে করা কাজ। কাদা-সিমেন্টের মোল্ডের ওপরে কাগজের মণ্ড বিশেষ উপায়ে দিয়ে করা ছাপচিত্রগুলো দারুণ। সাদার ওপরে সাদা। ভেতরের উপরিতলে বিভিন্ন বস্তুর ছাপ, কোথাও গভীর ক্ষতের সৃষ্টি করা হয়েছে। প্রদর্শনীর অধিকাংশ ছবি ১৯৬২ থেকে ১৯৭৮ সালের মধ্যে করা। কিছু ছবি আরও পরের সময়ের। কিছু ড্রয়িং আছে যেগুলো ১৯৯৪ সালে করা। উডব্লক ও স্টেনসিল মাধ্যমের ছাপাই শিল্পকর্মগুলো আবার আরেকটু ভিন্নরকম স্বাদের। প্রদর্শনীটি বাংলাদেশের শিল্পরসিক দর্শকের জন্য খুবই আকর্ষণীয়। যাঁরা ছাপচিত্র চর্চা করেন, কৌশলগত অনেক কিছুই শেখার আছে তাঁদের জন্য। শিল্পী সোমনাথ হোর: ১৯২১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে চারুকলায় ডিপ্লোমা করেন। কলকাতা ও দিল্লিতে শিক্ষকতা করেছেন। ১৯৬৯ সালে শান্তিনিকেতনে ছাপচিত্র বিভাগের দায়িত্ব নেন। ভারতজুড়ে ছাপচিত্র ও ভাস্কর্যে সুনাম অর্জন করেন। এ পর্যন্ত তাঁর অনেক একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৮৪ সালে ‘গগন-অবনী পুরস্কার’, ২০০৪ সালে ‘ললিতকলা রত্ন পুরস্কার’ ও ২০০৮ সালে ভারত সরকারের ‘পদ্মশ্রী পুরস্কার’ লাভ করেন। দেশে-বিদেশে বহু স্থানে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে তাঁর শিল্পকর্ম সংগৃহীত। শিল্পী সোমনাথ হোর ২০০৬ সালে মৃত্যুবরণ করেন।