খরগোশটাকে বাঁচাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

জলহস্তীরা একে একে উঠে আসছে জল থেকে। আমরা দেয়ালের বাইরে থেকে শিকের ফাঁক দিয়ে ওদের কাণ্ডকারখানা দেখছি। জলাশয়ের ধারে বড়সড় উঠানে এসে ভিড় করছে ওই জলদানোরা। একটা লোক উঠানটার এক কোণে ভুসিজাতীয় খাবার রাখছিল। চিড়িয়াখানার কোনো কর্মচারী হবে। জলহস্তীগুলোকে আসতে দেখে তড়িঘড়ি বেষ্টনী থেকে বের হলো সে।
এর মধ্যে একটা জলহস্তী খোলা দিলে বিশাল হাই দিল। আমার কাঁধে বসা সাড়ে পাঁচ বছরের মেয়ে রিশা আঁতকে উঠে বলল, ‘বাবা, দেখো কত্ত বড় হাঁ!’
পাশে দাঁড়ানো এক বয়স্ক দর্শনার্থী বলে উঠলেন, ‘ইয়া মাবুদ, হুরা দুনিয়া ইয়ের মদ্দি দি যাইব গুই!’
ইয়া সাইজের জলহস্তী ছয়টা উঠানে এসে আয়েশি ভঙ্গিতে ঘোরে-ফিরে, ভুসি খায়, হাই ছাড়ে। কুছ নেহি পরোয়া ভাব। দুটো আবার এক পাক ঘুরে জলে গিয়ে নামে। আগের মতো মাথাটা একটু ভাসিয়ে পুরো শরীর ডুবিয়ে রাখে।
আমরা চলে আসি। এগোই আরেকটা খাঁচার দিকে। আমাদের চারজনের পারিবারিক দলটার সবচেয়ে ছোট সদস্য রিশা। এভাবে এমন ছড়ানো জমিনে হাঁটার অভিজ্ঞতা ওর এটাই প্রথম। একটু পরই বলে ওঠে, ‘বাবা, তুমি কি আমাকে একটু কোলে নিতে পারবে?’
এমন কথা কি আর এড়ানো যায়? নিলাম কোলে। ধীর পায়ে যেতে যেতে দেখতে লাগলাম নানা ধরনের পশুপাখি। সুরক্ষিত এক ঘেরে মড়ার মতো পড়ে আছে এক কুমির। জ্যান্ত না মরা, বোঝার জো নেই। রিশা শুধায়, ‘ওটা কি আসল, বাবা?’
‘হ্যাঁ।’
হালকা দীর্ঘশ্বাস ছাড়ি। ভেজালের দুনিয়ায় আসল-নকলের ধন্দ এখনই ওকে ভাবাতে শুরু করেছে। রিশা জানতে চায়, ‘ওটা নড়ে না কেন?’
‘রোদ পোহায়।’
রিশা বলে, ‘শিয়াল মশাই কখন আসবে?’
ভাবি, হঠাৎ শেয়ালের কথা কেন? জবাব খুঁজে পেতে সময় লাগে না। বোকা কুমির আর শেয়াল পণ্ডিতের গল্প তো রিশা জানে। কাজেই কুমির যেখানে আছে, তাকে ঠকাতে শেয়ালকে আসতেই হবে।
আমাকে চুপ থাকতে দেখে তাড়া দেয় রিশা, ‘বলো না, বাবা, শেয়াল মশাই কখন আসবে?’
আমি বলি, ‘শেয়াল মশাই আসবে না।’
‘কেন?’
‘ওটাকে খাঁচার পোরা হয়েছে। আটকা।’
‘কেন, বাবা? শেয়াল মশাই আটকা কেন?’
মেয়ের মনের মতো জবাব খুঁজে নিই। বলি, ‘শেয়াল ওই যে কুমিরটাকে ঠকাল, এ জন্য ওকে ধরে আটকে রাখা হয়েছে। দুষ্টুমির শাস্তি।’
রিশা গালভরে হেসে বলে, ‘চলো তো, দেখি!’
শেয়ালের খাঁচার কাছে এর আগে যখন গিয়েছিলাম, ভয়ানক দুর্গন্ধের জন্য টিকতে পারিনি। সে কথা মনে করে দমে যাই। চার দেয়ালের ঘেরে বন্দী একটা গাধা একলা দাঁড়িয়ে আছে এক কোণে। নট-নড়নচড়ন। রিশাকে উঁচু করে ধরে দেখাই গাধাটা। সে বলে, ‘ওটা মাথা নিচু করে আছে কেন, বাবা?’
জুতসই জবাব খুঁজি। শেষে বলি, ‘গাধার মাথা সব সময় নিচুই থাকে, মা। গাধা কখনো মাথা উঁচু করতে পারে না।’
এ সময় বেকুব গাধা মাথাটা উঁচু করল। মেয়ে হি-হি করে হেসে বলল, ‘বাবা, তুমি কিছু জানো না। ওই যে দেখো, মাথা উঁচু করেছে।’
গাধাকে গাধা কি আর এমনি বলে? ওরা কেবল নিজেরাই গাধা সেজে থাকে না, অন্যদেরও গাধা বানায়। একে একে অনেক পশুপাখিই দেখা হয়, যদিও বেশ কিছু খাঁচা খালি। মজবুত শিকের ভেতর থেকে পশুরাজ সিংহ আচমকা এমন গর্জন ছাড়ল, ছোটরা তো বটেই, বড় দু-চারজনও লাফ দিয়ে পিছিয়ে গেল। এখানেই শেষ নয়। ত্যক্ত-বিরক্ত পশুরাজ পিচিক করে হিসুও ছিটাল দর্শকদের ওপর।
এখনো মায়ের কোল ছাড়েনি এক বানর শিশু। কিন্তু স্বভাবে বড়ই ত্যাঁদড়। খালি ছোটাছুটি করার তাল। কিন্তু মা তার পিচ্চি লেজটা হরদম রেখে দিয়েছে মুঠোর ভেতর।
এ খাঁচা-সে খাঁচা ঘুরে শেষে সাপের খাঁচার কাছে গেলাম। মোটে দু-তিনটা অজগরের দেখা পেলাম। এখনো ওদের শীতঘুম কাটেনি। মড়ার মতো পড়ে আছে। একটা বিশাল অজগরের খাঁচায় এক কোণে ঝিমোচ্ছে একটা ধবধরে সাদা খরগোশ।
অজগরের খাঁচায় খরগোশ দেখে চিন্তায় পড়ে রিশা। ও জানে, সাপের সঙ্গে খরগোশের দোস্তি হতে পারে না। কোনো গল্পে তা নেই। বরং দুশমনির কথা লেখা আছে। তাই শুরু হয় ওর উসখুস।
‘সাপের খাঁচায় খরগোশ কেন, বাবা?’
উত্তরটা ওর ভাই দেয়। রাতুল বলে, ‘আরে ওটা অজগরের খাবার। ঘুম থেকে উঠে খরগোশটা খাবে ওই সাপ।’
‘না-আ!’
আর্তনাদ করে ওঠে রিশা। কাঁদো কাঁদো হয়ে ওঠে চেহারা। বলে, ‘খরগোশটাকে বাঁচাও না, ভাইয়া। খরগোশ তো খুব ভালো মানুষ!’
অল্প দু-চারজন দর্শক আশপাশে যারা ছিল, রিশার কথায় হেসে ওঠে। রিশা তা আমল দেয় না। রাতুল লজ্জা পেয়ে বলে, ‘দূর পাগলি, খরগোশ কি মানুষ নাকি? ওটা তো খরগোশ!’
রিশা আবার বলে, ‘খরগোশটাকে বাঁচাও, ভাইয়া। ওরা কাউকে কামড় দেয় না। ওদের অনেক বুদ্ধি। ওরা তো সবার ভালো করে।’
ছোট বোনের এ ব্যাকুলতা ভাইকেও স্পর্শ করে। কিন্তু কী করবে ও? খরগোশটার দিকে তাকাই। দোষ না করেও মৃত্যুদণ্ড পেয়েছে নিরীহ জীবটা। নির্জীবের মতো পড়ে থাকা অজগরটা যেকোনো সময় সবল হয়ে উঠবে। তখন ক্ষুধার জ্বালা সইতে না পেরে আস্ত খরগোশটাকে পেটে চালান দেবে। মন থেকে মানতে না চাইলে কী হবে, পৃথিবীর আদি যুগ থেকে সবলেরা সব সময় এভাবে দুর্বলদের সাবাড় করে আসছে।