খুকুর প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুকুর প্রশ্ন বাবার কাছে

হরতাল কি কালও আছে?

প্রশ্নটা খুব কষ্ট থেকে

সকাল বেলা কাগজ দেখে।

বাবা তাকায় খুকুর চোখে

কেমনে বাবা বোঝায় ওকে—

পায় না ভেবে কূল-কিনারা

ক্ষোভ-আগুনের ফুলকি নাড়া

দিচ্ছে কে আজ? প্রশ্ন জাগে

খুকুর জন্য কষ্ট লাগে।

ক্লাস-পরীক্ষা পিছিয়ে গেল

শিক্ষাপঞ্জি এলোমেলো

সিলেবাসও হবে না শেষ

খুকুর মনে থাকবে এ রেশ।

হরতালে শেষ লেখাপড়া

কী আর করা কী আর করা!

রাজপথে আজ গাড়ি পোড়ে

খুকুর চোখে স্বপ্ন ওড়ে—

কাল বাদে ঠিক পরশু আবার

স্কুলে যাবে সঙ্গে বাবার।

খুকুর স্বপ্ন স্বপ্নে থাকে

হরতালটা আবার ডাকে।

কার কী তাতে যায়-আসে-যায়

খুকুর স্বপ্ন যায় ভেসে যায়।

চাওয়া-পাওয়ার হিসাব একি!

হয় সমাধান হরতালে কি?

দিচ্ছে যারা হরতাল ডাক

তাদের কাছেই প্রশ্নটা থাক।