খুদে রাজার সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালে জ্যাকসনের বয়স ছিল মাত্র ১৪। তখন শিশু তারকা হিসেবে জ্যাকসনের প্রথম সাক্ষাৎকারটি নেন লিসা রবিনসন। দিনটি ছিল ৮ অক্টোবর। জ্যাকসন লিসাকে তাদের বাড়ির সুইমিংপুল, জ্যাকসনের থাকার ঘর এবং টিভি-টেলিফোনের মতো খুঁটিনাটি জিনিসও গর্বভরে ঘুরে ঘুরে দেখিয়েছিল। এরই ফাঁকে ফাঁকে আবার জ্যাকসন কখনো গাছে চড়ছিল, কখনো নাচছিল কিংবা স্রেফ লাফাচ্ছিল। লিসার সঙ্গে জ্যাকসনের আলাপের শুরুটা এভাবে: লিসা: তাহলে তোমাদের দলটি শিগগিরই লন্ডনে পারফর্ম করতে যাচ্ছে?জ্যাকসন: হ্যাঁ। আমি ওখানে গিয়ে প্রচুর কেনাকাটা করব ঠিক করেছি। নানা রকম সু্যুভেনির, অ্যান্টিকস কিনব...। আচ্ছা, তুমি কখনো নেপোলিয়নের নাম শুনেছ?লিসা: হ্যাঁ...।জ্যাকসন: লন্ডন গিয়ে আমি তাঁকেও দেখব। লিসা: তুমি কি নেপোলিয়নের ভাস্কর্যের কথা বলছো? তাঁর স্মৃতিস্তম্ভ? ওটা তো প্যারিসে?জ্যাকসন: তুমি ওটা দেখেছ? কোন বিমানে চড়ে গিয়েছিলে?লিসা: আমি বেশ কয়েকবার সেখানে গিয়েছি, আর একেকবার একেক বিমানে চড়ে গেছি...।(জ্যাকসন আবার অন্য প্রসঙ্গে চলে গেল)। লিসাকে প্রশ্ন করল: তুমি কী রেকর্ডার ব্যবহার করো? লিসা: সনি। (তারপর বেশ কিছু সময় পার হয়ে যায় এই রেকর্ডারটা নিয়ে কথা বলতে বলতেই।) এক ফাঁকে জ্যাকসন বলে...এবার আমরা লন্ডনে যাচ্ছি রানির জন্যই। লিসা: তার মানে তোমরা রানির জন্য শো করতে যাচ্ছ? তাঁর প্রাসাদটা কিন্তু বিশাল...।জ্যাকসন: তুমি সেটাও দেখেছ? লিসা: দেখেছি, তবে বাইরে থেকে। আচ্ছা, তুমি অবসরে কী করো? জ্যাকসন: সাঁতার কাটি, খেলি। আমাদের এ বাড়ির ভেতরেই খেলার জন্য সবকিছু আছে। তাই আর বাইরে যাই না। তবে আমাদের আগের বাড়িটায় এসব ছিল না। তখন আমরা পার্কে যেতাম খেলতে। (সেদিন লিসা জ্যাকসনকে যত প্রশ্ন করেছিল তার চেয়ে বেশি প্রশ্ন জ্যাকসনই তাঁকে করেছিল। আর এসব প্রশ্নের মধ্যে ছিল লিসার নেইলপলিশ, অ্যান্টিক কেনা, থিয়েটার, মেডিসন স্কয়ার ইত্যাকার নানা কিছু।)১৯৭৪ সালে লিসার নেওয়া আরেকটি সাক্ষাৎকারে ছেলেমানুষ জ্যাকসনের পাশাপাশি নিজের শিল্পীসত্তা সম্পর্কেও ক্রমশ সচেতন হয়ে ওঠা এক কিশোরকে পাওয়া যায়। এবার তাঁদের কথোপকথন ছিল এ রকম:লিসা: তোমার কী করা উচিত তা কি কেউ বলে দেয়?জ্যাকসন: দ্যাখো, আমি সব সময়ই শিখতে পছন্দ করি। স্টিভিও (উন্ডার) তা-ই করত। আর তুমি যখনই শেখা থামাবে, তখন বুঝবে তুমি মৃত। লোকজন আমাদের উপদেশ দিতে পছন্দ করে। আমরা শুনে যাই। পরে আমরা আমাদের মতো করে করি...এখন আমাদের সঙ্গে প্রচুর লোক কাজ করে। তবে এখন আর আমরা তাদের হাতের পুতুল নই (হাসতে থাকে জ্যাকসন)।লিসা: সিনেমায় অভিনয়ের কোনো ইচ্ছা আছে? জ্যাকসন: আরে...আমি তো রুটস সিনেমাটা করেই ফেলেছিলাম প্রায়। কিন্তু ওটা এমন এক সময়ে নির্মাণ করা হয়, যখন আমাদের দলের নিজস্ব একটা টিভি শো চলছিল। তাই সিনেমাটা আর করা হয়নি। আমাকে ওটা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।  ইসরাত জাহান সূত্র: ভ্যানিটি ফেয়ার