খেজুর-রসে পাখির টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন কেবল পাঠশালার দরজা পেরিয়েছি। সেটা ১৯৫০-এর দশকের শেষ দিকের কথা। মানিকগঞ্জ উচ্চবিদ্যালয়ে পড়ার ফাঁকে ফাঁকে প্রায় সব সপ্তাহান্তেই পালিয়ে চলে যেতাম তরাঘাটের পাশের গুলটিয়া গ্রামে, বড় বোনের বাড়িতে। তাদের বিশাল বাড়ির আঙিনায় অনেক খেজুরগাছ ছিল। বাড়ির ছোট কুটুম হিসেবে আমার আবদারের শেষ থাকত না। তার মধ্যে প্রধান ছিল এশার নামাজের আগে সবচেয়ে ভালো খেজুরগাছটির রস নামিয়ে কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে তা খাওয়া। আমাদের সময় গাছির সংখ্যা ছিল অনেক। সবার ভাগে ডজনখানেকের বেশি গাছ পড়ত না। ফলে তারা সংসারের নানা কাজের ভেতর বিকেলে খেজুরগাছ কাটাও তালিকায় রাখত। এখন গাছির সংখ্যা কমে গেছে। কাজেই একেকজনকে এলাকার প্রায় সব গাছ কাটতে হয়। তাই তারা গাছ কাটতে শুরু করে দুপুরে খাওয়া-দাওয়ার পরপরই। আগের দিনের গাছিরা দিনের বেলা কখনো গাছে হাঁড়ি লাগাত না। কারণ দিনের বেলার রস কিছুুটা জারিত হয়, ফলে টক লাগে। তখন দিনের রস জোগাড় করা হলে তা দিয়ে বানানো হতো সিরকা। কাঁচা কখনোই খাওয়া হতো না।এ পরিস্থিতিতে পোয়াবারো হয়েছে বহু প্রাণীর। এখন দুপুর থেকে গাছ কাটা শুরু হয় বলে দিনের অনেকটা সময় ধরে পাখপাখালি, পোকামাকড়, পিঁপড়ে, মৌমাছি ও কাঠবিড়ালি খেজুরের রস খেতে পারে। যে এলাকায় বানর-হনুমান আছে, তারাও সেখানে কম যায় না। রাতের বেলা মহা উত্সব করে রস খায় বাদুড়। তাদের সঙ্গে যোগ দেয় নিশাচর ইঁদুর, গন্ধগোকুল, দেয়ালিপোকা বা মথ। গত জানুয়ারির মাঝামাঝি সান্তাহার থানার এক প্রত্যন্ত গ্রামে দিনচুক্তি ভাড়া নেওয়া রিকশায় চড়ে পাখি দেখে বেড়াচ্ছি। হঠাত্ রিকশার শব্দ ছাপিয়ে পাখিদের কাকলি কানে এল। চোখ তুলে তাকাতেই দেখি, একঝাঁক সাতভায়লা পাখি পাড়াপাড়ি করে খেজুরের রস খাওয়ায় মেতে উঠেছে। ওদের চেয়ে আকারে ছোট বাকি পাখিরা এখানে-সেখানে দাঁড়িয়ে, কখন তাদের খাওয়ার পালা আসবে সে অপেক্ষায়। সবাই দারুণভাবে ‘পেক অর্ডার’ মেনে চলছে।পাখিগুলোর মধ্যে ছিল বুলবুলি, কাঠশালিক, ফটিকজল, টুনটুনি, ছোট কাঠঠোকরা, হলদে পাখি, মৌটুসি, ফুলঝুরি ইত্যাদি। এরপর একটি পাতিকাক এলে সব পাখি সটকে পড়ল। পাতিকাকটিও কয়েক চুমুকে গাছের কাটা গা বেয়ে ঝরে পড়া রস খেয়ে সরে পড়ল। এরপর এল ভাতশালিক ও ঝুঁটিশালিক। একপর্যায়ে উদয় ঘটল একটি টিয়ার। সেটির পিছু পিছু রস খেতে এল কয়েকটি ফিঙে। লেজ উঁচিয়ে হেলেদুলে এল ডোরা কাঠবিড়ালি। ছবি তোলার ফাঁকে দেখলাম, একটি কালো কোকিল তড়িঘড়ি করে কিছু রস খেয়ে ভেগে গেল আশপাশের বাকি পাখিদের বিপদসংকেতমূলক ডাকাডাকিতে।দেশের অন্যত্র দাঁড়কাক, কুটুম পাখি, কানাকুকা বা কানকুয়া, সিপাহি বুলবুল, বউ কথা কও, চোখ গেলো, চাতক, পাপিয়া, সোনালি পিঠ কাঠঠোকরা, পাতা বুলবুলি, গাংগরা, মুনিয়া, দোয়েল, শ্যামা, ছোট ছোট পাতাফুটকি ও চটক পাখিকে খেজুরের রস খেতে দেখেছি। দিনের বেলা রস খেতে আরও ভিড় করতে দেখেছি মৌমাছির ঝাঁক, মাছি, পুরুষ মশা, ভিমরুল ও বোলতার দলকে।এমনও শুনেছি, কোনো কোনো গ্রামে পাঁচ ফুটের কম দীর্ঘ বা চার-পাঁচ বছরে কাটা হয় এমন খেজুরগাছের রস শিয়াল পর্যন্ত খায়। গাছের নিচে যে রস ঝরে পড়ে, তা খাওয়ার জন্য ব্যস্ত থাকে রংবেরঙের পিঁপড়ে, প্রজাপতি ও কিছু কিছুু পাখি।পশুপাখি ও কীটপতঙ্গ যথেষ্ট মজা করে কাঁচা খেজুরের রস খেলেও আমাদের কারও কারও পেটের অবস্থা তাতে সঙ্গিন হয়ে উঠতে পারে। এখানে বলে রাখা ভালো, কেবল আমাদের দেশে ও ভারতে পাওয়া সিলভার/ওয়াইল্ড ডেট পাম বা Phoenix sylvestris থেকে এ রস পাওয়া যায়। এই খেজুরের ফলে নরম মাংসের চেয়ে বিচির আকার বড়। সে কারণে ফল হিসেবে এই খেজুরের কদর কম। ভারতবর্ষের মরু এলাকা থেকে আরব মুলুক হয়ে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত যে আরবি খেজুরগাছ (Phoenix dactylifera), তাতে কোনো রস হয় না। কিন্তু এসব গাছে যে খেজুর ফলে, তা খুব রসালো ও সুস্বাদু। ড. রেজা খান: দুবাই চিড়িয়াখানার প্রধান।