খেলাঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত প্রায় দশটা। ওরা দুজন ধীর পদক্ষেপে হাঁটছে রাস্তায়। মৃদুস্বরে কথা বলছে। দুজনেরই বয়স পঁয়ত্রিশের কাছাকাছি, উভয়েই বেশ ধীরস্থির এবং শান্ত।‘এত তাড়া কিসের?’ জিজ্ঞেস করল হাসান।‘কারণটা তো তুমি জানোই।’ জবাব দিল শাহেদ।‘এত বছর পরে ঘর থেকে বেরুলে আর দশটা বাজতে-না বাজতেই বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছ।’‘টেনশনে আছি, সে জন্যই হয়তো।’‘ভাবছি ব্যাপারটা কীভাবে ম্যানেজ করলে তুমি। দশ বছর ধরে তোমাকে নিয়ে একসঙ্গে ড্রিংক করার সুযোগ খুঁজছিলাম আমি। আর এখন, এক রাত বাইরে বেরিয়েই জলদি বাড়ি ফিরতে তাড়া দিচ্ছ।’‘এই সৌভাগ্যটাকে নষ্ট করতে চাইছি না,’ বলল শাহেদ।‘কী করেছিলে তুমি, তোমার স্ত্রীর চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে?’‘না, সেটা অনৈতিক কাজ। তুমি শিগগির জানতে পারবে।’একটা মোড় ঘুরল তারা। ‘মাইরি বলছি, শাহেদ, তোমার বাপু সত্যিই ধৈর্য আছে। এত দিন ধরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে আছ। স্বীকার করো বা না-ই, বিবাহিত জীবনে সুখে নেই তুমি, কী?’‘আমি ও রকম কোনো কথা কিন্তু বলিনি।’‘ও রকম কথা ছড়িয়ে যায়, এখানে-সেখানে কীভাবে সে তোমাকে বিয়ে করেছিল। সেই ২০৫০ সালে যখন তুমি রিও যাচ্ছিলে—‘আহা রে, রিও। বিয়ের পরে আর যাওয়া হলো না ওখানে।’‘সে কীভাবে নিজের জামাকাপড় ছিঁড়ে, চুল আলুথালু করে হুমকি দিয়েছিল, তুমি যদি তাকে বিয়ে না করো তা হলে সে পুলিশে ফোন করবে।’‘ও সব সময়ই এ রকম নার্ভাস প্রকৃতির ছিল, হাসান, বিশ্বাস করো।’‘তুমি ওকে কোনো দিন ভালোবাসতে পারোনি। কথাটা তুমি তাকে বহুবার বলেছ, বলোনি?’‘তা অবশ্য বলেছি।’‘কিন্তু তার পরও তুমি ওকেই বিয়ে করেছ।’‘আমার ব্যবসা-বাণিজ্য ছিল, বাবা-মাকে ভরণ-পোষণ করতে হতো। বিয়েটা তো করেছিলাম এক রকম বাধ্য হয়েই।’‘তারপর দেখতে দেখতে দশ বছর চলে গেল।’‘হুঁ,’ বলল শাহেদ। তার কালো চোখ জোড়া শান্ত। ‘তবে আমার ধারণা, অবস্থা এখন কিছুটা বদলে গেছে। এত দিন ধরে যে জিনিসের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে তা আমি পেয়ে গেছি। এই যে দেখো।’একটি লম্বা নীল টিকিট দেখাল সে।‘এ তো দেখছি রিও যাওয়ার জন্য বৃহস্পতিবারের রকেটের টিকিট!’‘হ্যাঁ, অবশেষে যাচ্ছি ওখানে।’‘বাহ্, চমৎকার! নিশ্চয় যাবে! কিন্তু তোমার বউ আপত্তি করবে না তো? ঝামেলা পাকাবে না?’হাসল শাহেদ। শুকনো হাসি। ‘ও জানতেই পারবে না যে আমি ওখানে গেছি। মাস খানেক পরই আবার ফিরে আসব। তুমি ছাড়া পৃথিবীর আর কেউ ব্যাপারটা জানবে না।’দীর্ঘশ্বাস ফেলল হাসান। ‘ইশ্! তোমার সঙ্গে যদি আমিও যেতে পারতাম!’‘বেচারি হাসান। তোমার দাম্পত্য জীবনও নিশ্চয় ফুলের বিছানা ছিল না?’‘তা ছিল না। আমিও ভুল মানুষকে বিয়ে করেছি। দশ বছর ঘর-সংসার করার পরে তোমার নিশ্চয় ভালো লাগবে না তোমার বউ যদি প্রতিদিন দুই ঘণ্টা তোমার কোলের ওপর বসে থাকে, তোমার নিশ্চয় মেজাজ গরম হবে যদি কর্মক্ষেত্রে ঘণ্টায় ঘণ্টায় সে তোমাকে ফোন করে বাচ্চাদের মতো আধো বুলিতে কথা বলে। আর গত মাস থেকে আমার অবস্থা আরও খারাপ হয়েছে। জানি না সে কেন এসব ছেলেমানুষি ছাড়তে পারছে না!’‘হাসান, চিরটা কাল তুমি কনজারভেটিভই রয়ে গেলে, যাকগে এই তো বাড়ি পৌঁছে গেছি। এখন তোমাকে আমার গোপন কথাটা বলি? কীভাবে আজ সন্ধ্যায় তোমার সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে পড়েছি?’‘কীভাবে?’‘ওদিকে তাকাও!’ বলল শাহেদ।দুজনেই বাড়িটির দিকে মুখ তুলে চাইল।দোতলায়, জানালার ধারে একটি লোককে দেখা যাচ্ছে। তার বয়স পঁয়ত্রিশ, মাথায় ধূসর চুলের ছোপ, বিষণ্ন কালো চোখ, ঠোঁটের ওপর পাতলা গোঁফ, তাকিয়ে আছে ওদের দিকে।‘কী, ওটা তো তুমি!’ চেঁচিয়ে উঠল হাসান। ‘শ্শ্শ্, চেঁচিয়ো না!’ শাহেদ হাত তুলে জানালার লোকটিকে ইশারা করল। সে-ও জবাবে হাত নেড়ে ওখান থেকে সরে গেল।‘আমার নিশ্চয়ই মাথা-টাথা খারাপ হয়ে গেছে, নয়তো চোখে ভুল দেখছি,’ বলল হাসান।‘একটু দাঁড়াও,’ বলল শাহেদ।দুজনেই অপেক্ষা করতে লাগল। অ্যাপার্টমেন্টের দরজা খুলে গোঁফওয়ালা লম্বা লোকটি বেরিয়ে এল। এসে দাঁড়াল ওদের সামনে।‘কী খবর, শাহেদ!’ বলল সে।‘কী খবর তোমার, শাহেদ!’ পাল্টা বলল শাহেদ শরিফ।ওরা দুজন দেখতে হুবহু একই রকম।বস্ফািরিত চোখে তাকিয়ে আছে হাসান। ‘এ তোমার যমজ ভাই নাকি? জানতাম না যে-’‘না, না,’ মৃদু স্বরে বলল শাহেদ। ‘সামনে এগোও। দুই নম্বর শাহেদের বুকে কান পাতো।’একটু ইতস্তত করল হাসান, তারপর কদম বাড়াল। শাহেদ নাম্বার দুই-এর বুকের খাঁচায় কান পাতল।টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক‘ওহ, না! এ হতে পারে না।’ ‘হ্যাঁ, তা-ই হয়েছে।’‘দেখি, আবার শুনি তো!’টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিকটলতে টলতে পিছিয়ে এল হাসান। রীতিমতো হতভম্ব। চোখের তারা বড় বড় হয়ে গেছে। সে সামনে দাঁড়ানো জিনিসটার উষ্ণ হাত এবং গাল স্পর্শ করল।‘তুমি একে পেলে কোথায়?’‘দারুণ না?’‘অসাধারণ। কোথায় পেলে এ জিনিস?’‘তোমার কার্ডটা ওকে দাও, শাহেদ দুই।’শাহেদ দুই যেন শূন্য থেকে একটা সাদা কার্ড নিয়ে এল। ওতে লেখা:খেলাঘর।নিজের কিংবা বন্ধুদের নকল, নতুন হিউম্যানেড প্লাস্টিক ২০৬০ মডেল, সব রকম শারীরিক চেহারা গ্যারান্টি সহকারে তৈরি করা হয়। মূল্য: পাঁচ লাখ টাকা থেকে ডিলাক্স মডেল ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়।‘না,’ বলল হাসান।‘হ্যাঁ,’ বলল শাহেদ।‘এটাই স্বাভাবিক।’ বলল শাহেদ দুই।‘কত দিন হলো একে জোগাড় করেছ তুমি?’‘মাস খানেক। আমি ওকে চিলেকোঠার ঘরে একটা টুলবক্সে রেখে দিই। আমার বউ ভুলেও ওখানে যায় না। আর ওই ঘরের তালা এবং বাক্সের চাবি শুধু আমার কাছেই থাকে। আজ সন্ধ্যায় ওকে বলেছিলাম সিগারেট কিনতে রাস্তায় যাব। আমি চিলেকোঠার ঘরে শাহেদ দুইকে বাক্স থেকে বের করে নিয়ে ওকে আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। সেই ফাঁকে তোমার সঙ্গে আমি দেখা করেছি, হাসান।’‘বাহ, চমৎকার! ওর গা থেকে তো তোমার মতোই সেন্টের গন্ধ আসছে।’‘আমার স্ত্রী চায় সব সময় আমি তাকে সঙ্গ দিই। আমার বদলে এই পুতুলটা তাকে সঙ্গ দিচ্ছে। আমার স্ত্রী জানে সারা সন্ধ্যা আমি তার সঙ্গেই ছিলাম। আগামী এক মাসও আমি এক মুহূর্তের জন্যও ঘরের বাইরে যাব না। আসলে শাহেদ দুই তখন তার সঙ্গে থাকবে। আমি মাস খানেক রিও থেকে ঘুরে আসার পর শাহেদ দুই তার বাক্সে ফিরে যাবে। বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করল হাসান। ‘তোমার নকল এক মাস না খেয়ে থাকবে?’ অবশেষে জিজ্ঞেস করল সে।‘প্রয়োজনে ছয় মাস সে না খেয়ে থাকতে পারবে। তবে তাকে স্বাভাবিক মানুষের মতো গড়ে তোলা হয়েছে। সে খায়-দায় ঘুমায়, তার শরীর থেকে ঘাম ফুটে বেরোয়—সবকিছুই খুবই ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে। তুমি আমার স্ত্রীর ঠিকঠাক যত্ন নিতে পারবে তাই না, শাহেদ দুই?’‘আপনার স্ত্রী খুব ভালো,’ জবাব দিল শাহেদ দুই। ‘তাকে আমার খুব পছন্দ।’শরীর কাঁপছে হাসানের। ‘খেলাঘর কত দিন ধরে এ ব্যবসা শুরু করেছে?’‘গোপনে চলছে তাদের ব্যবসা। বছর দু্ই হলো।’‘আমি কি, মানে, কোনো সম্ভাবনা আছে কি-’ বন্ধুর হাত আঁকড়ে ধরল সে ব্যগ্রভাবে। ‘বলো না, কোথায় এ রকম একটা রোবট, একটা পুতুল পাব আমার জন্য? আমাকে ঠিকানাটা দাও?’‘এই নাও।’কার্ডখানা নিল হাসান। উল্টেপাল্টে দেখল। ‘ধন্যবাদ,’ বলল সে। ‘এটার যে এ মুহূর্তে কত মূল্য আমার কাছে তা তোমাকে বলে বোঝাতে পারব না। শুধু সামান্য একটা অবসর চাই আমি। একটি রাত কিংবা একটি দিন, মাসে অন্তত একবার হলেই হলো। আমার স্ত্রী আমাকে এতই ভালোবাসে যে এক ঘণ্টার জন্যও চোখের আড়াল হতে দিতে চায় না। আমিও ওকে ভালোবাসি তা তো তুমি জানোই। কিন্তু সেই পুরোনো কবিতাটি কি তোমার মনে আছে?’‘খুব হালকাভাবে ধরলে উড়ে যাবে প্রেম, খুব জোরে চেপে ধরলে মরে যাবে প্রেম।’ ‘আমি ওর প্রচণ্ড ভালোবাসার ফাঁস থেকে দু-এক দিনের জন্য হলেও মুক্তি চাই, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই।’ ‘তুমি ভাগ্যবান এ জন্য যে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, কিন্তু আমাদের সম্পর্কটা তো শুধুই ঘৃণার।’‘ওহ, শিউলি আমাকে উন্মাদের মতো ভালোবাসে। আমার কাজ হবে তার উন্মাদনাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা।’‘গুড লাক, হাসান। আমি যখন রিও থাকব তখন আমাদের বাসায় বেড়াতে এসো। হঠাৎ করে আসা বন্ধ করে দিলে আমার স্ত্রী কিছু সন্দেহ করতে পারে। শাহেদ দুই-এর সঙ্গে তুমি আমার মতোই আচরণ কোরো।’‘আচ্ছা! বিদায় এবং ধন্যবাদ।’হাসতে হাসতে রাস্তা ধরে হেঁটে চলল হাসান। শাহেদ এবং শাহেদ দুই ঘুরে দাঁড়াল, চলল অ্যাপার্টমেন্ট হলের দিকে।মিরপুরগামী বাসে উঠে হাসান মৃদু স্বরে শিস বাজাতে বাজাতে হাতের সাদা কার্ডটিতে চোখ বুলাচ্ছিল:ক্লায়েন্টদের পুরো বিষয়টি গোপন রাখতে সনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে। কারণ সংসদীয় আইনে খেলাঘর এখনো বৈধতা পায়নি। এ কোম্পানির তৈরি কোনো রোবট ব্যবহার করার সময় ধরা পড়লে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ, এটি একটি গুরুতর অপরাধ।‘হুম্’, বলল হাসান। ক্লায়েন্টদের শরীরের মাংস কেটে একটি মোল্ড বা ছাঁচ তৈরি করা হবে তাতে থাকবে তাদের চোখ, ঠোঁট, চুল, গায়ের চামড়া ইত্যাদি। সম্পূর্ণ তৈরি মডেল পেতে ক্লায়েন্টদের দুই মাস অপেক্ষা করতে হবে।খুব বেশি সময় নয়, ভাবছে হাসান। দুই মাসের জন্য আমার কাটা পাঁজর জোড়া লেগে যাবে, হাতের ক্ষত শুকিয়ে যাবে, কাটা ঠোঁটে মাংস গজিয়ে যাবে, দাগটাগগুলো মুছে যাবে। সে কার্ডের অপর পিঠটা উল্টে দেখল।খেলাঘরের বয়স দুই বছর এবং তারা ইতিমধ্যে তাদের খদ্দেরদের সম্পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের আদর্শ হলো ‘বন্ধনহীন জীবন’। ঠিকানা: ২৪/৪, সেগুনবাগিচা, ঢাকা।গন্তব্যে এসে থামল বাস। বাস থেকে নামল হাসান। বাড়িতে ঢুকে গুনগুনিয়ে গাইতে গাইতে সিঁড়ি ভাঙছে ও আর ভাবছে আমাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কুড়ি লাখ টাকা আছে। আমি ওখান থেকে ব্যবসায়িক কাজের কথা বলে দশ লাখ টাকা সরিয়ে ফেলব। খেলাঘর আমার অনেক কাজে লাগবে। হয়তো সুদসমেত ফিরিয়ে দেবে অর্থ। শিউলির জানার কোনো প্রয়োজন নেই। দরজা খুলে বেডরুমে ঢুকল হাসান। মেদবহুল শরীর নিয়ে বিছানায় অঘোরে ঘুমাচ্ছে শিউলি।‘প্রিয় শিউলি,’ প্রায় অন্ধকারে নিষ্পাপ মুখখানা দেখে আবেগের স্রোতে ভাসতে লাগল হাসান। ‘তুমি যদি এখন জেগে থাকতে, চুমোয় চুমোয় ভরিয়ে দিতে আমাকে, কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিসিয়ে বলতে ভালোবাসার কথা। সত্যি, তোমার ভালোবাসার প্রতিদান দিতে পারিনি বলে নিজেকে আমার মনে হচ্ছে একটা জানোয়ার। তুমি কত্ত ভালো, প্রেমময়ী একটি স্ত্রী। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে গোলাম মাহবুবকে ছেড়ে কেন তুমি আমাকে বিয়ে করতে গেলে! মাহবুবকে তো তুমি খুবই পছন্দ করতে। মনে পড়ছে গত মাসে তুমি আমার সঙ্গে উন্মাদের মতো প্রেম করেছিলে। এর আগে কখনো তোমার মধ্যে অমন রাক্ষুসে খিদে জেগে উঠতে দেখিনি।’চোখে জল এসে গেল তার। শিউলিকে খুব চুমু খেতে ইচ্ছে করল, মন চাইল স্ত্রীকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়, ছিঁড়ে ফেলে কার্ড, সবকিছু ভুলে যায়। কিন্তু কাজটা করার জন্য সামনে কদম বাড়াতেই ওর হাতটা কেমন ব্যথা করে উঠল, মট করে ফুটল বুকের পাঁজর, গুঙিয়ে উঠল হাসান। দাঁড়িয়ে পড়ল সে, ব্যথাতুর দৃষ্টি চোখে, ঘুরে দাঁড়াল। হলঘরে চলে এল ও। অন্ধকারে ঢুকল লাইব্রেরিতে। কিডনি আকৃতির ডেস্ক খুলে খুঁজেপেতে ব্যাংকের চেক বইটা বের করল। ‘শুধু দশ লাখ টাকা নেব আমি,’ নিজেকে শুনিয়ে বলল হাসান। ‘এর একটি পয়সাও বেশি নয়,’ চেক বইয়ের পাতা ওল্টাতে গিয়ে থমকে গেল। কুঁচকে গেল ভুরু। পাগলের মতো আবার পরীক্ষা করল চেকবুক। ‘একি! পনেরো লাখ টাকাই নেই!’ লাফিয়ে উঠল হাসান। মাত্র পাঁচ লাখ টাকা আছে। এতগুলো টাকা দিয়ে কী করেছে শিউলি? আরও গহনা, আরও শাড়ি এবং পারফিউম কিনেছে? না, না, দাঁড়াও-টাকাটা দিয়ে সে কী করেছে বুঝতে পারছি আমি। সাভারের ওই ছোট্ট বাড়িটি নিশ্চয় কিনেছে সে। ওই বাড়িটি কেনার কথা গত কয়েক মাস ধরেই বলছিল শিউলি। অথচ আমাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করেনি!’ঝড়ের বেগে বেডরুমে ফিরে এল হাসান। রাগে জ্বলছে শরীর। এভাবে না বলে-কয়ে টাকা খরচ করার কোনো অধিকার নেই শিউলির। স্ত্রীর ওপর ঝুঁকল সে। ‘শিউলি!’ গলা ফাটাল হাসান। ‘শিউলি, উঠে পড়ো!’সাড়া নেই শিউলি হাসানের। ‘আমার টাকা দিয়ে কী করেছ তুমি?’ হুংকার ছাড়ল হাসান মাহমুদ।এবার নড়ে উঠল শিউলি। রাস্তা থেকে ভেসে আসা আলো পড়েছে ওর ফরসা তুলতুলে গালে।ওর কিছু একটা হয়েছে। হাসানের হূৎপিণ্ড ধড়াশ ধড়াশ করতে লাগল। শুকিয়ে গেছে মুখ। কেঁপে উঠল সে। হাঁটুতে হঠাৎ করেই কোনো জোর পাচ্ছে না। পা ভেঙে বসে পড়ল হাসান। ‘শিউলি! শিউলি!’ চিৎকার দিল। ‘আমার টাকা দিয়ে কী করেছ তুমি?’আর তখন ভয়ংকর চিন্তাটা মাথায় খেলে গেল হাসানের। আতঙ্ক আর একাকিত্ব গ্রাস করল তাকে। জ্বর এসে গেল যেন গায়ে, অনিচ্ছা সত্ত্বেও সামনে ঝুঁকল সে। শিউলির বর্তুলাকার গোলাপি বক্ষে ঠেসে ধরল কান। ‘শিউলি!’ আর্তনাদ করল হাসান।টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিক-টিকহাসান নিজের বাড়ির পথ ধরেছে, শাহেদ শরিফ এবং নকল শাহেদ তাদের অ্যাপার্টমেন্টের দরজার সামনে এসে দাঁড়াল। ‘ও-ও খুব খুশি হবে,’ বলল শাহেদ।‘হুঁ,’ অন্যমনষ্ক গলায় বলল শাহেদ দুই।‘চলো, তোমাকে চিলেকোঠায় নিয়ে যাই শাহেদ দুই,’ নকল শাহেদের কনুই ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল আসল শাহেদ। ল্যান্ডিংয়ে পা ফেলে শাহেদ দুই হাঁটতে হাঁটতে বলল, ‘আপনাকে একটা কথা বলব ভাবছিলাম। চিলেকোঠা-ওই জায়গাটা আমার একদম পছন্দ নয়। টুলবক্স আমার আরও অপছন্দ।’‘তোমাকে আরও আরামে রাখার ব্যবস্থা করা যায় কি না দেখব।’‘রোবটদের তৈরি করা হয় হাঁটাচলা করে বেড়ানোর জন্য, পাথরের মতো শুয়ে থাকতে নয়। একটা বাক্সের মধ্যে বেশির ভাগ সময় শুয়ে থাকতে আপনার কেমন লাগবে?’‘আ-’‘ভালো লাগবে না। আমি হেঁটেচলে বেড়াতে ভালোবাসি। আমাকে বন্দী করে রাখার কোনো প্রয়োজন নেই। আমি ভীষণ রকম জীবন্ত এবং আমারও আবেগ-অনুভূতি রয়েছে।’ ‘আরে অল্প কয়েক দিনের ব্যাপার তো। আমি রিও থেকে ফিরে আসি। তারপর আর তোমাকে এখানে বাক্সের মধ্যে থাকতে হবে না। তুমি দোতলায় থাকবে।’বিরক্তি এবং অস্থিরতা প্রকাশ পেল শাহেদ দুই-এর আচরণে। ‘আর আপনি ওখানে যখন সুন্দর সময় কাটিয়ে বাড়ি ফিরবেন, আমাকে আবার ফিরে যেতে হবে বাক্সে।’ শাহেদ বলল, ‘খেলাঘরের সেলস সেন্টারের লোকজন তো আমাকে বলেনি যে তারা একটি গোঁয়ার-গোবিন্দ রোবট পাঠিয়েছে আমার কাছে।’‘দোকানদারেরা আমাদের অনেক কথাই জানে না,’ বলল শাহেদ দুই। ‘আমরা একদম নতুন। আমরা আবেগপ্রবণ এবং সংবেদনশীল। আপনি রিওতে গিয়ে মজা করে ঘুরবেন, ফিরবেন, আনন্দ করবেন, ওদিকে আমরা এখানে গরমে সেদ্ধ হব, ভাবতেই রাগ লাগছে আমার।’‘কিন্তু রিওতে যাওয়ার স্বপ্ন আমার চিরকালের,’ মৃদু গলায় বলল শাহেদ শরিফ। চোখ বুজতেই সে সাগর, পাহাড় আর হলুদ বালু দেখতে পেল। কানে যেন ভেসে এল সাগরের ঢেউয়ের শব্দ। তার নগ্ন কাঁধে লুটাচ্ছে সূর্যের সোনালি আলো। অসাধারণ স্বাদের মদ পান করছে।‘আমি কোনো দিন রিওতে যেতে পারব না,’ বলল রোবট শাহেদ। ‘এ কথাটা কখনো মনে হয়েছে আপনার?’‘না। আমি-’‘আরেকটা ব্যাপার, আপনার স্ত্রী।’‘সে আবার কী করল?’ চিলেকোঠার দরজার দিকে পা বাড়াল শাহেদ। ‘আমি তাকে খুব পছন্দ করতে শুরু করেছি।’‘তুমি তোমার কাজটা উপভোগ করছ জেনে খুশি হলাম।’ নার্ভাস ভঙ্গিতে ঠোঁট চাটল শাহেদ।‘আপনি আসলে আমার কথা বুঝতে পারেননি। আমার ধারণা, আমি ওর প্রেমে পড়ে গেছি।’শাহেদ এক কদম সামনে বাড়িয়েছিল। জমে গেল বরফের মতো। ‘কী বললে?’‘এবং আমি ভাবছিলাম,’ বলল শাহেদ দুই, ‘রিও কত সুন্দর দেশ, অথচ ওখানে আমি যেতে পারব না, ভেবেছি আপনার স্ত্রীকে নিয়ে—আমার ধারণা আমরা খুব সুখী হতে পারব।’‘বে-বেশ তো,’ স্বাভাবিক ভঙ্গিতে ঘুরল শাহেদ। ‘তুমি একটু দাঁড়াবে? আমি একটা ফোন করে আসি।’ সিঁড়ির দিকে আবার পা বাড়িয়েছে।‘কাকে ফোন করবেন?’‘তেমন গুরুত্বপূর্ণ কাউকে না।’ ‘খেলাঘরকে ফোন করবেন, না? বলবেন ওরা যেন আমাকে এসে নিয়ে যায়?’‘না, না- সে রকম কিছু নয়।’ শাহেদ ছুটে যাওয়ার চেষ্টা করল। ধাতব কঠিন একটা হাত চেপে ধরল তার কবজি। ‘পালানোর চেষ্টা করবেন না।’‘তোমার হাত সরাও!’‘না।’‘আমার স্ত্রীর বুদ্ধিতে এসব করছ, না?’‘না।’‘সে কি কিছু সন্দেহ করেছে? তোমার সঙ্গে কথা বলেছে? সে কি এসব জানে?’ চিৎকার দিল শাহেদ। একটা হাত চেপে ধরল তার মুখ।‘আপনি কোনো দিন তা জানতে পারবেন না।’ হাসল নকল শাহেদ। নিজেকে ছাড়িয়ে নিতে ধস্তাধস্তি করছে শাহেদ শরিফ। ‘ও নিশ্চয় কিছু সন্দেহ করেছে এবং তুমি তার কথামতো কাজ করছ।’রোবট বলল, ‘আমি আপনাকে বাক্সে পুরে রাখব, তালা মারব, তারপর হারিয়ে ফেলব চাবি। এরপর আপনার স্ত্রীর জন্য রিওর আরেকটি টিকিট কিনব।’‘দাঁড়াও, দাঁড়াও। এত তাড়াহুড়ো কোরো না। এসো, বিষয়টি নিয়ে কথা বলি!’‘বিদায়, মি. শাহেদ শরিফ,’শক্ত হয়ে গেল শাহেদ। ‘বিদায়’ কথাটার মানে কী?দশ মিনিট পরে ঘুম থেকে জেগে গেল মিসেস শাহেদ। গালে হাত রাখল। কেউ তার গালে চুমু খেয়েছে। শিউরে উঠল সে, তাকাল মুখ তুলে। ‘তুমি, তুমি এ কাজটা কত দিন পরে করলে!’ বিড় বিড় করল সে।‘এখন থেকে নিয়মিত এ কাজটা করব আমি,’ বলল সেই কেউ একজন।রে ব্র্যাডবেরি, মার্কিন সায়েন্স ফিকশন ও রহস্য-ঔপন্যাসিক। তাঁর বিখ্যাত গ্রন্থ ফারেনহাইট ৪৫১ পরে বিখ্যত ফরাসি চলাচ্চত্রকার ফ্রাঁসোয়া তুফো একে চলচ্চিত্রে রূপ দেন। অসংখ্য ছোটগল্প লিখেছেন তিনি। বাংলাদেশের সদ্য প্রয়াত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের প্রিয় লেখকদের একজন। জনপ্রিয় এই লেখক ৪ জুন ২০১২ মৃত্যুবরণ করেন। রে ব্র্যাডবেরির একটি গল্প অবলম্বনে বাংলাদেশের পটভূমিকায় লেখা খেলাঘর।